মানুষ মরবে, অর্থ বিনষ্ট হবে, নির্বাচন সংকটে পড়বে
দেশ হবে অশান্তি...
শান্তিপূর্ণ নির্বাচন কী হবে? হ্যাঁ, চাইলেই হবে। তবে সাধারণ জনগণ না। শান্তিপূর্ণ নির্বাচন জনগণ আশা করতে পারে। কিন্তু, এমন নির্বাচন উপহার দিতে পারে সরকারি দল। আর বিরোধী দলগুলো সমঝোতা আর সহযোগিতার মাধ্যমে। দেশে যে হত্যা, গুম, হরতাল, অবরোধ সমাবেশ, ধর্মীয় দাঙ্গা, আন্দোলন ও ভাংচুরের মতো অশান্তিপূর্ণ কার্যকলাপ শুরু হয়েছে, তাতে কী করে আশা করা যায় শান্তিপূর্ণ নির্বাচনের। অশান্তি, অস্থির, ভয়াল পরিবেশে যেখানে মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই, সেখানে নির্বাচনকে মুখ্য করে দেখার কোন মানেই হয় না। সরকার দল আর বিরোধী দলগুলো নানা ইস্যু দেখিয়ে দেশের যে সীমাহীন ক্ষতি করছে এর দায়ভার পোহাতে হবে আমাদের মতো নিপীড়িত, নির্যাতিত অসহায় সাধারণ জনগণের। তাই সরকারি দল আর বিরোধী দলগুলোর কাছে আমাদের মনের দাবি, প্রাণের দাবি, স্বাধীনতার দাবি, দেশের এমন ক্লান্তিকালে হিংসা, নিন্দা আর রেষারেষি না করে, দয়া করে উভয় দলই সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান, সুস্থ্য রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। একটি শান্তিময় রাষ্ট্র সোনার বাংলা উহার দিন। দলীয় স্বার্থকে বড় না করে দেশ রক্ষায় ব্রতী হোন। যদি দেশই না বাঁচে, তবে রাজনীতি করবেন কোথায়। দেশ বাঁচলেই শান্তিপূর্ণভাবে শেষ হবে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন। আর আমরাই হবো তখন বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় জাতি।
মো. নুরুল ইসলাম
স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ
ফুড ইঞ্জিনিয়ারিং,বি,এসসি-প্রথম বর্ষ,
ধানমন্ডি, ঢাকা।
রাজনৈতিক হানাহানিতে
স্বাধীন বাংলার মানুষ
আজ স্বাধীন নেই
বাংলার মানুষ এ দেশকে স্বাধীন করেছে স্বাধীনভাবে বাঁচার জন্য। কিন্তু রাজনৈতিক হানাহানির কারণে বাংলার মানুষ আজ স্বাধীন নেই। দেশের রাজনৈতিক দলগুলো দেশকে যেভাবে গ্রাস করেছে এর থেকে বেরিয়ে আসতে না পারলে আমাদের ধ্বংস অনিবার্য। মানুষ খুন করবে মানুষকে এটা কেমন রাজনীতি। যে দেশে মানুষের কোন নিরাপত্তা নেই সেটা কেমন দেশ। যে দেশে নেই মানুষের মতামতের কোন মূল্য সেটা কেমন দেশ। দেশে যেভাবে রাজনৈতিক অস্থিরতা চলছে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলছে। আমরা সাধারণ মানুষ এ থেকে মুক্তি চাই। মুক্তভাবে বাঁচতে চাই। রাজনৈতিক দলগুলো যদি সাধারণ মানুষের দিকে একটু মুখ ফিরিয়ে তাকাতো তাহলে তাদের দ্বারা এমন বর্বর কাজ কখনও সম্ভব হত না। দেশের প্রধান দু’টি দলের মধ্যে অনেক দূরত্ব। এক দল চাচ্ছে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন। অন্য দল চাচ্ছে তাদের দলীয় সরকারের অধীনে। এই দুয়ের অমিলে ধ্বংস হচ্ছে দেশ। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের গণমানুষ।
এখন সাধারণ মানুষের শুধু একটাই প্রশ্ন—এর শেষ হবে কবে। যেদিন এই প্রধান দুইদল তাদের স্ব স্ব স্থান থেকে সরে এসে সংলাপে বসতে পারবে সেদিনই শান্তি আসবে গণমাধ্যমে। আর এভাবেই যদি তাদের রাজনীতি চলতে থাকে তাহলে কখনো শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব না।
উকিল মো. মহসীন
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ
ফার্মগেট, ঢাকা।
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য
তত্ত্বাবধায়ক সরকার অপরিহার্য
বাংলাদেশের গণতন্ত্রের সাথে অন্য সব দেশের গণতন্ত্রের বিস্তর পার্থক্য রয়েছে। কারণ এ দেশের রাজনীতিবিদরা সহিংস রাজনীতিতে বিশ্বাসী। রাজনৈতিক দল হিসাবে ক্ষমতা আরোহণ করে ক্ষমতার চরম অপব্যবহার করে বিরোধী দলের উপর সরকারি দল নিপীড়নের স্টিমরোলার চালায়। আবার বিরোধী দল হিসাবে জনগণের কথা বেমালুম ভুলে গিয়ে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন তো থাকেই সেই সঙ্গে তাদের সংসদবিমুখ দেখা যায়। ফলে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েও জনগণের কথা না ভেবে রাজপথে সন্ত্রাসী কার্যকলাপ করতেই ব্যস্ত থাকে। এমতাবস্থায় নির্বাচনের সময় ঘনিয়ে আসলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বার বার সংবিধান পরিবর্তন করে নির্বাচনের এক হযবরল অবস্থা সৃষ্টি করে সরকারি দল। জনগণের মতামত না নিয়ে বিরোধী দলকে গুরুত্ব না দিয়ে একতরফা নির্বাচনের ব্যবস্থা করে সরকারি দল। নির্বাচন নিয়ে সৃষ্টি হয় মহাসংকট। এহেন বিশৃঙ্খল রাজনৈতিক পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। তাই তত্ত্বাবধায়ক সরকারই পারে শান্তিপূর্ণ নির্বাচন করে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে।
এস,এম গোলাম রববানী
মাস্টার্স শেষ বর্ষ
সরকারি এম,এম কলেজ, যশোর।
আগামী নির্বাচনে বিরোধী দলের বিয়োগ ঘটার সম্ভাবনাই বেশি
কারো চোখ দিয়ে পানি ঝরলে সেটা প্রত্যক্ষ করতে পারে সকলেই কিন্তু যখন কারো হূদয় থেকে রক্ত ঝরে তা কেউই দেখতে পায় না। সাভার ট্রাজেডির কারণে আমাদের হূদয় থেকে রক্ত ঝরানো বন্ধ হতে না হতেই গত ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের নেতা-কর্মীরা ঢাকা শহরের মতিঝিলসহ অন্যান্য স্থানে যে সকল ধ্বংসযজ্ঞের দৃশ্য সৃষ্টি করেছেন তা আমরা প্রত্যক্ষ করেছি। এখন আমরা বুঝতে পেরেছি হেফাজতের মূল উদ্দেশ্য কি? ইসলামের মূল শিক্ষার মধ্যে যুদ্ধের যে শিক্ষা আছে তাতেও অনেক নিয়ম-নীতি আছে। এটা যদি যুদ্ধ হয় তাহলে সেখানে ইসলামের নিয়ম-নীতির কোন চিহ্ন পাওয়া যাইনি। এগুলো সাধারণত প্রাক-ইসলামী যুগের কাফের সম্প্রদায় কর্তৃক ঘটানো হতো। যাহোক, বিরোধী দল নিজেদের পায়ের নিচের মাটি সরে যেতে দেখে নানাভাবে চেষ্টা করছেন ক্ষমতাসীন দলকে ক্ষমতা থেকে বিচ্যুতি ঘটিয়ে ক্ষমতা দখল করার এবং জনগণের সামনে কোণঠাসা করা। সাথে যুদ্ধাপরাধীদের জেল থেকে মুক্তি দিয়ে আবার সংসদে নিয়ে এসে শহীদ মুক্তিযোদ্ধা বীরদের ইতিহাসকে অবমাননা করা। এই সকল আচরণই প্রকাশ পাচ্ছে তাদের মূল উদ্দেশ্য যা আমাদের সামনে ধরা পড়েছে হেফাজতকে সমর্থ প্রদানের মাধ্যমে। এখন একটাই পথ আছে বিরোধী দলের। হয় বিরোধী দলকে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সাথে আলোচনায় বসা কোন ধরনের অজুহাত না দেখিয়ে। তা না হলে আগামী নির্বাচনে বিরোধী দলের বিয়োগ ঘটার সম্ভাবনাই বেশি।
মোহাম্মদ এহিয়া
মিরপুর ল’ কলেজ,
মিরপুর, ঢাকা।
