সামপ্রতিককালে রেলপথের নাকশতার হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাইয়াছে। সর্বশেষ গত মঙ্গলবার ভোরে চট্টগ্রামে আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি বগিতে পেট্রোল ঢালিয়া আগুন লাগাইয়াছে কতিপয় দুর্বৃত্ত। ঢাকায় যাত্রার উদ্দেশ্যে চট্টগ্রাম প্লাটফর্মে অপেক্ষমাণ ট্রেনটির বগিতে আগুন লাগাইবার ঘটনা দেশের চলমান নাশকতা ও সহিংসতারই ধারাবাহিকতা বলা যায়। কিছুদিন পূর্বে রাজশাহীতেও ট্রেনের বগিতে আগুন ধরাইয়া দেওয়া হইয়াছিল। তাহাছাড়া রেললাইন উপড়াইয়া ফিস প্লেট খুলিয়া ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টির ঘটনাও উত্তরোত্তর বাড়িতেছে।
বাংলাদেশে রেলপথ যতই পিছাইয়া থাকুক, তাহা নানাবিধ সীমাবদ্ধতার ভিতরেও তুলনামূলক সাশ্রয়ী, নিরাপদ ও আরামদায়ক সেবা প্রদান করিয়া থাকে। তাই রেলপথের নাশকতা বৃদ্ধির ঘটনা আমাদের শঙ্কিত করে গভীরভাবে। গত কয়েক মাসে রেলে কয়েক শত নাশকতামূলক ঘটনা ঘটিয়াছে। এইসকল নাশকতার বাহিরেও রেলপথের নানাবিধ দুর্ঘটনা নিত্যঘটনা হইয়া উঠিতেছে। রেললাইনের ত্রুটি, ইঞ্জিন ও বগির যান্ত্রিক ত্রুটি, নিরাপত্তাবিধি অমান্য করা, প্রাকৃতিক দুর্যোগ এবং অরক্ষিত লেভেলক্রসিংয়ের কারণে নানাপ্রকার দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক হইয়া উঠিয়াছে। এমনকি সামপ্রতিক সময়ে রেলে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনাও বৃদ্ধি পাইয়াছে উদ্বেগজনকহারে। অর্থাত্ সব মিলাইয়া আমাদের রেলপথ দিন দিন অধিকতর অনিরাপদ হইতেছে।
ইহা যে কাম্য নহে, তাহা বলিবার অপেক্ষা রাখে না। কেননা, পৃথিবীব্যাপী প্রায় সব দেশেই সড়কপথ এবং আকাশপথের উন্নতির পাশাপাশি রেলপথেরও প্রভূত উন্নতি হইয়াছে। আধুনিক বিশ্বের সবচাইতে আরামদায়ক, সাশ্রয়ী ও নিরাপদ যোগাযোগ মাধ্যমের নাম—রেলব্যবস্থা। সেই জন্য উন্নতবিশ্বে রেলব্যবস্থা সর্বাধিক জনপ্রিয়। এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারতের অসংখ্য নাগরিক এক-দেড় শত কিলোমিটার দূরত্বের রেলপথে নিত্যযাত্রা করিয়া তাহাদের চাকরি-ব্যবসা বাণিজ্য নির্বিঘ্নে চালাইয়া যাইতেছে। রেলপথ সেই দেশে মাকড়শা’র জালের মতো প্রত্যন্ত অঞ্চলেও ছড়াইয়া পড়িয়াছে।
অথচ এই অর্থসাশ্রয়ী ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে নানা কারণে হুমকির সম্মুখীন হইতেছে। দেশের সকল অরাজক পরিস্থিতির ভিতরেও এতকাল যাবত্ আমাদের রেলপথ নিরাপদ ছিল। ঈদ বা দীর্ঘ ছুটির সময় ঘরমুখো মানুষের কাছে ট্রেনের একটি টিকিট মহামূল্যবান হইয়া উঠে ইহার তুলনামূলক নিরাপদ ও সাশ্রয়ী সেবার কারণেই।
সুতরাং রেলপথের নাশকতা এইভাবে বৃদ্ধি পাইলে তাহা পুরো যোগাযোগ ব্যবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলিবে। অথচ রেলপথের জন্য নিরাপত্তাকর্মীর সংখ্যা নেহাত্ নগণ্য নহে। চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ স্টেশনেই যদি বগিতে পেট্রোল ঢালিয়া আগুন দেওয়া সম্ভবপর হয়, তাহা হইলে অন্যত্র রেলের নিরাপত্তা যে আরও নাজুক অবস্থায় থাকিবে, তাহা বলিবার অপেক্ষা রাখে না।
যাত্রীদের নিরবচ্ছিন্ন নিরাপত্তার স্বার্থে রেলপথে বৃহত্ নাশকতা হইতে শুরু করিয়া ছিনতাই, ডাকাতি ও রাহাজানির ঘটনারও সমান গুরুত্ব দিতে হইবে। পুরো রেল ব্যবস্থাপনায় ন্যূনতম অবহেলার আর কোনো অবকাশ নাই, কেননা তাহা রেলপথের জন্যই আত্মঘাতী হইবে। শুধু যাত্রী নিরাপত্তাই নয়, দেশের মূল্যবান সম্পদ রক্ষার জন্যও রেলপথকে আরো সুরক্ষিত করিতে সরকারকে কার্যকর পদক্ষেপ লইতে হইবে।
