৬ এপ্রিলের সমাবেশের পর আবারও ৫ মে হেফাজত ইসলামের ঢাকা অবরোধ এবং ৬ মে ঢাকার শাপলা চত্বরে লক্ষাধিক লোকের সমাবেশ বাংলাদেশের চলমান রাজনীতিতে এখন আলোচিত গুরুত্বপূর্ণ ঘটনা। ৬ এপ্রিল ঢাকার সমাবেশ থেকে হেফাজতে ইসলাম নিজেদেরকে একটি অরাজনৈতিক সংগঠন দাবি করলেও তাদের ১৩ দফা দাবি ছিল প্রকারান্তরে সংবিধান ও রাষ্ট্রের ইসলামীকীকরণ। স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতিতে ধর্মনিরপেক্ষ শক্তির প্রতিনিধিত্বকারী ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের এ সকল দাবি মানা সম্ভব না হলেও, আওয়ামী লীগ এ বিষয়ে সতর্কভাবে সাড়া দেয়। প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে হেফাজতের কিছু দাবির বিষয়ে ইতিবাচক বক্তব্য রাখেন, আবার অন্যান্য দাবির বিষয়ে তার অবস্থান ছিলো নেতিবাচক। একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী যেভাবে হেফাজতের দাবির বিষয়ে সাড়া দিয়েছেন হেফাজতের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর এই প্রকার সাড়া দেয়ার বিষয়টিকে তাদের দাবির প্রতি অবজ্ঞা হিসেবেই বিবেচনা করে। হেফাজতের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান হচ্ছে- এটি বিএনপি-জামায়াতেরই প্রতিরূপ ছাড়া আর কিছু নয়। রাজনৈতিকভাবে সরকার হেফাজতকে আলোচনার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট রাখলে এবং তাদের দাবিগুলোর বিষয়ে যুক্তিসংগত আলোচনা করলে এতে সরকার এবং দেশের গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হতো। আলোচনার মানে এটা প্রমাণ করে না যে, সরকার হেফাজতের প্রতি দুর্বলতা প্রকাশ করছে বা হেফাজতের দাবি মেনে নেয়া হচ্ছে। বরং যুক্তি এবং প্রতিযুক্তির মাধ্যমে হেফাজতে ইসলাম তাদের অবস্থানের শক্তি বুঝতে সক্ষম হতো। সংকট সমাধানে যুক্তির ব্যবহার গণতান্ত্রিক রাজনৈতিক আচরণ তৈরিতে সহায়তা করে। যুক্তির অনুপস্থিতি অসহিষ্ণুতার জন্ম দেয়, আর অসহিষ্ণুতা জন্ম দেয় সহিংসতার। আওয়ামী লীগ হেফাজতে ইসলামকে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দিয়ে গণতান্ত্রিক আচরণেরই পরিচয় দিয়েছে, কিন্তু হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির প্রতি আওয়ামী লীগের সাড়া প্রদানে যথার্থ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করলে এতে আখেরে আওয়ামী লীগ লাভবান হতো।
৬ মে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ করার মানে এই নয় যে, তারা গাড়িতে, ব্যাংকে এবং রাস্তায় ফুটপাতের দোকানে আগুন দিবে। ধরে নিচ্ছি হেফাজত হয়তো দাবি করবে, এগুলো তাদের কাজ নয়। অন্য কেউ তাদের ভেতরে অনুপ্রবেশ করেছে। যদি তাদের একথা মেনেও নেই, তাদের সমাবেশের সময়ই এগুলো হয়েছে, সুতরাং এগুলোর দায় তাদের উপর বর্তায়। এই ধ্বংসযজ্ঞ আবারও ধর্মভিত্তিক রাজনীতি সম্পর্কে জনমনে বিভ্রান্তি তৈরি করলো।
সমাবেশ শেষে শাপলা চত্বরে হেফাজত কর্মীদের অবস্থান অব্যাহত রাখার মাধ্যমে তারা কি অর্জন করতে চেয়েছিলো? তারা কি রাষ্ট্রকে তাদের ১৩ দফা দাবি মানতে বাধ্য করতে চেয়েছিলো ? রাষ্ট্রের ক্ষমতা কি এবং রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগের হাত কতদূর বিস্তৃত হতে পারে- এ বিষয়টি না ভেবে হেফাজত কর্মীদের মধ্যরাতের পুলিশ/র্যাব/বিজিবি’র কাছে অসহায় আত্মসমর্পণ, তাদের ঈমানি শক্তির চ্যালেঞ্জকে একটি হাস্যকর বিষয়ে পরিণত করলো। ঝরে গেলো ১৬টি নিরীহ প্রাণ। হেফাজত কর্মীদের শাপলা চত্বরে অবস্থান অব্যাহত রাখার পেছনে বিএনপি-জামায়াতের ইন্ধনের বিষয়টি আগের দিনে একই স্থানে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ৪৮ ঘণ্টা আল্টিমেটাম ঘোষণা থেকে সহজেই অনুমেয়। সম্ভবত এই কারণেই সরকার হার্ডলাইনে গিয়ে মধ্যরাতে অভিযান চালিয়ে এই সমস্যা সমাধান করতে চেয়েছে। কিন্তু, খালেদা জিয়ার বক্তৃতার পরপরই সরকার যদি কৌশল গ্রহণে আরও কুশলতার পরিচয় দিতেন, তাহলে মতিঝিলের এই ধ্বংসযজ্ঞ এড়ানো অনেকটাই সম্ভব হতো বলে আমার ধারণা।
নিরাপত্তা বাহিনীর মধ্যরাতের অভিযানে হেফাজতে ইসলামের কর্মীরা ঘরে ফিরে গেছে। কিন্তু, ১৩ দফার এখানেই শেষ হবে বলে আমার মনে হয় না। ৬ মে’র অপ্রাপ্তি থেকে আগামী দিনে ইসলামপন্থি রাজনীতি আরও সংগঠিত হবে। ধর্মনিরপেক্ষ এবং ধর্মভিত্তিক রাজনীতি সামনের দিনগুলোতে আরও সামনাসামনি অবস্থান নেবে, কারণ এক পক্ষ আর এক পক্ষকে কোন Space দিতে নারাজ।
ধর্ম নিরপেক্ষতাবাদীদের মতে, ইসলামপন্থি রাজনীতি মধ্যযুুগীয় এবং বর্বর। যারা এই রাজনৈতিক বিশ্বাসকে ধারণ করে তারা আধুনিকতার বিরোধী। এরা রাজনীতি থেকে ধর্মকে আলাদা রাখতে চায়। কিন্তু, ধর্ম নিরপেক্ষতাবাদীর সমস্যা হচ্ছে তারা আবার নিজেদের দলীয় স্বার্থে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে। অন্যদিকে ইসলামপন্থিদের একটি অংশ মনে করে, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে তারা নাস্তিক। ধর্ম যেহেতু একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা, তাই ধর্মের অর্ধেক বিশ্বাস করা নাস্তিকতারই নামান্তর। অর্থাত্ ব্যক্তি ও সমষ্টিগত দুই জীবনেই ধর্মের ভিত্তিতে চলতে হবে।
হেফাজতে ইসলাম এমনকি বাংলাদেশের অন্য ইসলামপন্থি দলগুলোর ধারণা হচ্ছে, বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এবং এর শাসক শ্রেণী যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান তাই শাসক শ্রেণী নিজস্ব উদ্যোগেই রাষ্ট্রের ইসলামীকরণ করবে। ধর্মনিরপেক্ষ রাজনীতি সম্পর্কে ইসলামপন্থিদের ধারণায় অস্পষ্টতা রয়েছে। যার ফলে শাসক শ্রেণী মুসলিম হলেও ইসলামপন্থিদের কথামত চলে না, তাদের দাবি মানে না। এই বিভ্রান্তি থেকেই ইসলামপন্থিরা মুসলিম সমাজে অসহিষ্ণু আচরণ করে। ৬ মে’র হেফাজতে ইসলামের সহিংস আচরণের পেছনে এটি একটি উল্লেখযোগ্য কারণ।
বাংলাদেশের ভবিষ্যত্ গণতন্ত্রকে আরও এগিয়ে নিতে হলে, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তির সাথে ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তির একটি পারস্পরিক বোঝাপড়ার জায়গা সৃষ্টি করা দরকার। এক পক্ষ আরেক পক্ষের অস্তিত্ব অস্বীকার করলে দু’পক্ষের মাঝে দ্বন্দ্বের কোন সমাধান হবে না। এর মানে এই নয় আমি যুদ্ধাপরাধীদের বিচার এবং রাজনৈতিক সহিংসতাকে সমর্থন করছি।
লেখক : সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
