রাজনীতিকে সুস্থ ধারায় আনুন

আপডেট : ০৯ মে ২০১৩, ২১:২২
বাংলাদেশের শতকরা ৮০ ভাগের বেশি মানুষ মুসলমান। তাদের অধিকাংশই ধর্মের প্রতি অনুরাগী। সুতরাং ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে, এমন কোন ঘটনা ঘটলে তার প্রতিক্রিয়া যে তীব্র হয়, তা আমরা বহুকাল ধরে দেখে আসছি। কিন্তু দুঃখের বিষয় মাঝে মাঝে কিছু অবিবেচক মানুষ যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো আচরণ করেন, তেমনই কিছু মানুষ সে ধরনের ঘটনা ঘটলে তা থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেন। অনেকে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টিরও অপচেষ্টা করেন। ধর্মের নামে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার মূল কারণ ভোট। এখানে বিপুলসংখ্যক মানুষ ধর্মের প্রতি অনুরাগী। ধর্ম নিয়ে যাদের রাজনীতি এবং উগ্র বিরোধিতা, এই দুই শ্রেণির লোকই দেশ ও জাতির বিরুদ্ধে ভূমিকা নিয়ে থাকে। যেমনটি ঘটল কতিপয় ব্লগারের বিরুদ্ধে আনীত ইসলাম ধর্ম ও এর প্রবর্তক মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর উপর কুত্সা রটনার অভিযোগের পর। কাণ্ডজ্ঞানহীন ব্লগাররা যদি বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ মানুষের আবেগের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তবে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করাই সমাধানের পথ। যাতে ভবিষ্যতে কেউ একই ধরনের অপকর্ম করতে না পারে। সরকার হেফাজতে ইসলামের দাবির প্রেক্ষিতে কতিপয় ব্লগারকে গ্রেফতার করেছে। কিন্তু তারপরও পরিস্থিতি শান্ত হয়নি। বরং হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি এবং মহা সমাবেশের পর এ থেকে প্রধান রাজনৈতিক দলগুলো সুবিধা আদায়ের অপচেষ্টা করে চলেছে। যারা কোনদিন রাজনীতিতে ছিল না, সেই কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদেরকেও রাজনীতির অস্ত্র হিসাবে ব্যবহার করতে শুরু করেছে। যার ভয়াবহ পরিণতি দেখা গেল ৫ই মে মতিঝিল শাপলা চত্বরের মহাসমাবেশকে কেন্দ্র করে। ১৩ দফা দাবী হঠাত্ কেন উঠল তাও ভাববার বিষয়। ৫ মের সমাবেশের পর কেন হেফাজতের কর্মীরা হঠাত্ সেখানে অবস্থানের সিদ্ধান্ত নিলেন, কেন তাদের নেতা আল্লামা শফি সাহেব ঘটনাস্থলে আসলেন না, এমন নানা প্রশ্ন গত কয়েকদিন গণমাধ্যমে শুনেছি, পড়েছি। এমনকি এত যে ধ্বংসযজ্ঞ ও আগুন দিয়ে যানবাহন, অফিসপাড়া থেকে শুরু করে গরিব হকারদের শেষ সম্বল ফুটপাতের দোকান ও পণ্য পুড়িয়ে দেয়া হলো, এই ধ্বংসযজ্ঞ আর নির্মমতা কি শুধু হেফাজতের কাজ? এর পেছনে রাজনীতি নেই? প্রবলভাবেই আছে। এ সব প্রশ্ন গত কয়েকদিন ধরে গণমাধ্যমে উঠেছে। প্রশ্ন উঠেছে সমাবেশ উচ্ছেদ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ঠুর আচরণ নিয়ে। এমনকি বিরোধী দল বিএনপি শাপলা চত্বরে গণহত্যা হয়েছে বলেও অভিযোগ করেছে। ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক নেটওয়ার্কে লাশগুমের গুজবও ছড়িয়ে গেছে। সরকারের তরফে বলা হয়েছে, এ সব অপপ্রচার। আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বক্তব্যও বিরোধী দলের দাবীকে সমর্থন করেনি। বুধবার পত্রিকায় তাদের সবার বক্তব্য ছাপা হয়েছে। সাধারণ নাগরিক হিসাবে প্রশ্ন জাগে কেন এই পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেয়া হলো? ব্লগার যদি অপকর্ম করে থাকে তা ছিল সামাজিক নেটওয়ার্কে সীমিত মানুষের মধ্যে। তাকে কেন বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে সারা দেশে ও বিদেশে ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করা হলো? গণমাধ্যমেরও দায়িত্ব আছে। আমরা কেউই দায় এড়াতে পারি না। সরকার কেন শাহাবাগে গণজাগরণ মঞ্চ মাসাধিককাল লালন করলো? তাদের সেই অবস্থানের বিপরীত ধারার মঞ্চ তৈরি করতেই হেফাজতে ইসলামের জন্ম দিয়েছে সরকারের বিরোধী পক্ষ। কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষক দিয়ে একই স্টাইলে তারাও রাজপথে অবস্থান নিতে চেয়েছিল। যার ফলে এত রক্তপাত, দেশবাসীর চরম দুর্ভোগ। হরতালের পর হরতাল চলছে। এই দায় মনে রেখেই প্রত্যেক রাজনৈতিক দলের নেতা-নেত্রী বিবেকের কাছে প্রশ্ন রাখুন, দেশ বড় না কি ক্ষমতা বড়? হেফাজতে ইসলাম সৃষ্টি এমন এক আগুন, যা সহজে নিভবে বলে মনে হয় না। ভবিষ্যতের সব সরকারকেই তা হয়তো পোড়াবে। অতএব এখনও সময় আছে, রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনুন।  লেখক: ফ্রিল্যান্স সাংবাদিক [email protected]