ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের ভেন্যুটি শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা তা নিয়ে আশংকা রয়েছে। ভেন্যু বাতিল করার পক্ষে বাফুফে। কারণ এই মাঠে খেলা হলে ম্যাচ অফিসিয়ালরা নিরাপত্তাহীনতায় ভোগেন। রেফারি সহকারী রেফারিরা সুন্দরভাবে খেলা পরিচালনা করতে পারছেন না বলে ঢাকায় ফিরে বাফুফের কাছে রিপোর্ট দিয়েছেন অনেক বার। এর জন্য বাফুফে বার বার চিঠি ইস্যু করেছে তাদের বিরুদ্ধে। কারণ উচ্ছৃংখল দর্শক মাঠে ঢুকে পড়েন, ক্লাব অফিসিয়ালরা, খেলোয়াড়রা রেফারিকে মারতে গিয়েছেন, এমন ঘটনা বহুবার হয়েছে। এই সব নানা কারণে সকার ক্লাবকে শোকজ করা হয়েছিল জরিমানাও গুনতে হয়েছিল। আবারও জরিমানা করা হয়েছে ফেনীর ক্লাবটিকে। ২৬ এপ্রিল শেখ জামালের বিরুদ্ধে সকার ক্লাবের ম্যাচ শেষে দলের ম্যানেজার রেফারিকে গালিগালাজ করেন। কথায় কথায় কর্মকর্তারা মাঠে ঢুকে পড়েন। গ্যালারি থেকে সমর্থক অবৈধভাবে মাঠে প্রবেশ করে বিশৃংখলা সৃষ্টি করেছে বলে রিপোর্ট দেয়া হয়েছে। ২৬ এপ্রিল অনুষ্ঠিত ম্যাচে সকার ক্লাবের খেলোয়াড় লুত্ফর রহমান নয়ন এবং আরাফাত আলী রনি সহকারী রেফারিকে গালিগালাজ করেন। এর জন্য দুই খেলোয়াড়কে পনের হাজার করে ত্রিশ হাজার এবং ক্লাবকে এক লাখ টাকা জরিমানা করে বাফুফের ডিসিপ্লিনারি অ্যাকশান কমিটি। মঙ্গলবার অনুষ্ঠিত ডিসিপ্লিনারি কমিটির সভায় শেখ জামালের নাইজেরিয়ান কোচ যোসেফ আফুসিকেও শোকজ করা হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ জামাল ও শেখ রাসেলের ম্যাচের পর রেফারিকে যোসেফ আফুসি লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ করে ম্যাচের রেফারি।
একই অভিযোগ ছিল পেশাদার লিগের দ্বিতীয় স্তরের দল রহমতগঞ্জের কোচ কামাল বাবু এবং আরো দুই কর্মকর্তার বিরুদ্ধে। কিন্তু তাদেরকে শোকজ করা হয়নি। সতর্ক করা হয়েছে। একই অপরাধের জন্য দুই রকম সিদ্ধান্ত বাফুফের।
