শিক্ষানীতি বাস্তবায়নে সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর

আপডেট : ০৯ মে ২০১৩, ২২:১৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিনাজপুরের এমপি ও শিক্ষার্থী-শিক্ষকদের সাথে কথোপকথন করেছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে সকাল ১০টা ৪৩ মিনিট থেকে ১০টা ৫৪ মিনিট পর্যন্ত দিনাজপুর জিলা স্কুলের অডিটরিয়ামে আয়োজিত ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে দিনাজপুরের শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বললেন। জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর সঞ্চালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথোপকথন করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক শাহীন আক্তার, জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মো. আশিকুজ্জামান, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সৈয়দা আজবিনা নুসরাত এবং নূরজাহান আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী আজমিন আক্তার আঁখি। সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীকে দিনাজপুরবাসীর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীরা ধন্যবাদ জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে সাফল্যের বিভিন্ন বর্ণনা দিয়ে বলেন, ১ লাখ ৩৬ হাজার শিক্ষার্থীকে প্রতি বছর সহায়তাদানের জন্য শিক্ষা ট্রাস্ট ইতিমধ্যে কাজ শুরু করেছে। এসএসসি পরীক্ষার ফলাফলের সার্বিক সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, হয়তো অদূর ভবিষ্যতে সারা দেশে পাসের হার হবে শতভাগ। তিনি সরকারের শিক্ষানীতি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে শিক্ষার্থীদের সরাসরি কথা বলার এই অনুষ্ঠানে ওই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকসহ পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর বলরাম রায়, শিক্ষা বোর্ডের সচিব মো. আব্দুল মজিদসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।