না’গঞ্জে শীর্ষে আইডিয়াল স্কুল

আপডেট : ০৯ মে ২০১৩, ২২:১৪
নারায়ণগঞ্জে এসএসসিতে পাসের হার ৮৯ দশমিক ৮৮ ভাগ। জেলায় পরীক্ষা দিয়েছিল ১৮ হাজার ৫৬৫ জন। এর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৮৬৭জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪০ জন। জেলার ১১ সেরা স্কুলের শীর্ষে রয়েছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল। এ স্কুল থেকে পাসের হার শতভাগ। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সবগুলো স্কুলে একসঙ্গে পরীক্ষার ফল ঘোষণা করা হয়। আনন্দের বন্যা বয়ে যায় স্কুলগুলোতে। তবে এর আগে সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল স্কুল প্রধান ও কেন্দ্র প্রধানের কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় এবার ভালো ফলাফল করে সবার শীর্ষে রয়েছে আমলাপাড়া আইডিয়াল স্কুল। এ স্কুল থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৭০ জন। স্কুলের ১৩৯জন পরীক্ষার্থীর সকলেই পাস করেছে। এছাড়া জেলার সেরা ১১ স্কুলের মধ্যে ক্রমানুসারে অন্য স্কুলগুলো হলো নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (গভর্মেন্ট গার্লস স্কুল হিসেবে পরিচিত), রূপগঞ্জের হাজী মুহাম্মদ এখলাসউদ্দিন উচ্চ বিদ্যালয়, সিদ্ধিরগঞ্জের বিদ্যুত্ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, রূপসী নিউ মডেল উচ্চ বিদ্যালয়, আইইটি উচ্চ বিদ্যালয়, আদর্শ স্কুল, সানারপাড় শেখ মোর্তজা আলী উচ্চ বিদ্যালয়, হাজী আয়াত আলী ভূঁইয়া মাধ্যমিক বিদ্যালয় রূপগঞ্জ, আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় ও সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয়। নারায়ণগঞ্জ সরকার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৫৫ জন। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭৮ জন। রূপগঞ্জের হাজী মুহাম্মদ এখলাসউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১৪জন। জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন। সিদ্ধিরগঞ্জে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ১০৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১০৩ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩১ জন। রূপসী নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের ৯৬ জন পরীক্ষার্থীর সকলে পাস করলেও জিপিএ-৫ পেয়েছেন ২৩ জন। আইইটি স্কুল থেকে ১৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭০ জন পাস ও জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। আদর্শ স্কুল থেকে ৩৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৭ জন পাস ও ৪২ জন জিপিএ-৫ পেয়েছে। সানারপাড় শেখ মোর্তজা আলী উচ্চ বিদ্যালয় থেকে ৪১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। রূপগঞ্জের হাজী আয়াত আলী উচ্চ বিদ্যালয় থেকে ১২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৬ পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল ১৩৯ জন। এর মধ্যে সকলেই পাস ও জিপিএ-৫ পেয়েছে ২০ জন। সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন উচ্চ বিদ্যালয়ের ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৩ জন পাস ও ২৪ জন জিপিএ-৫ পেয়েছে।