এসএসসি পরীক্ষায় পিরোজপুর শহরের দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাসের হার ১০০% এবং বালিকা বিদ্যালয়ের পাসের হার ৯৯.৩৪%। বালক বিদ্যালয়ের ১১৮ ছাত্রের মধ্যে ৬৯ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞানে ৪৮ ও ব্যবসায় শিক্ষায় ২১ জন। বালিকা বিদ্যালয়ে ১৫৩ জনে ৬০ জন জিপিএ-৫ পেয়েছে। এ বিদ্যালয়ের বিজ্ঞানে ৩২ জন, ব্যবসায় শিক্ষায় ২৪ জন ও মানবিক বিভাগে ৪ জন জিপিএ-৫ অর্জন করে। তবে বেসরকারি বিদ্যালয়গুলোর ফল আশাব্যঞ্জক নয়। সদর উপজেলার ১২টি বিদ্যালয়ের ৪টিতে ১টি করে জিপিএ-৫ পেলেও বাকিগুলো জিপিএ-৫ শূন্য। উপজেলায় ১৩৩ জন জিপিএ-৫ পাওয়া ছাত্রের ১২৯ জনই জেলা শহরের দুইটি সরকারি বিদ্যালয়ের পরীক্ষার্থী।
