এবার এগিয়ে থেকেও ড্র করেছে আবাহনী

আপডেট : ০৯ মে ২০১৩, ২২:২১
নেপালে এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটলের দ্বিতীয় ম্যাচেও ড্র করেছে। তাইওয়ানের পাওয়ার কোম্পানির বিরুদ্ধে আবাহনী ১-১ গোলে ড্র করেছে। গতকাল বিকালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের পাঁচ মিনিটেই রনির গোলে এগিয়ে ছিল আবাহনী ১-০। ১৪ মিনিটে হুংকাই চুনের গোলে ম্যাচে ফিরে আসে তাইওয়ানের পাওয়ার কোম্পানি ১-১। এই ড্রয়ের ফলে ‘এ’ গ্রুপ থেকে প্রেসিডেন্ট কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে যাওয়াটা এখনো নিশ্চিত নয়। শেষ ম্যাচটির অপেক্ষায় থাকতে হবে আবাহনীকে। মঙ্গোলিয়ার আরচিম এফসির বিরুদ্ধে আবাহনীর শেষ ম্যাচ আগামীকাল শনিবার। প্রথম ম্যাচে আবাহনী নেপালের থ্রীস্টার ক্লাবের সাথে ১-১ গোলে ড্র করে। প্রেসিডেন্ট কাপ ফুটবলের তিনটি গ্রুপে খেলা হচ্ছে। প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল চূড়ান্ত পর্বে উঠবে; কিন্তু নেপালে এএফসির এই টুর্নামেন্টে আবাহনীর খেলোয়াড়দের পারফরম্যান্স ভালো হচ্ছে না বলে অসন্তুষ্ট দলের ইরানী কোচ আরদেশির পুরনামাথ। তিনি কাল ম্যাচ শেষে নেপালি সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিপক্ষ দল তাইওয়ানের পাওয়ার কোম্পানির ফুটবলাদের শক্তিশালী মনে করলেও জেতা সম্ভব ছিল বলে মনে করছেন তিনি। ম্যাচ জয়ের আশা নিয়ে মাঠে নেমে এগিয়ে থেকেও জিততে পারল না তার দল আবাহনী। তারপরও ইরানী কোচের প্রত্যাশা চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। গতকাল একই গ্রুপের অন্য ম্যাচে নেপালের থ্রীস্টার ক্লাব ১-০ গোলে হারিয়েছে মঙ্গোলিয়ার আরচিম এফসিকে। ২ খেলায় নেপালের দলটির পয়েন্ট ৪, আবাহনীর ২, তাইওয়ানের পাওয়ার কোম্পানির ২ এবং মঙ্গোলিয়ার আরচিম এফসির পয়েন্ট ১।