ফার্গির চেয়ারে মোয়েস

আপডেট : ০৯ মে ২০১৩, ২২:২২
স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসর নেয়ার সাথে সাথে একটি প্রশ্ন বার বারই ঘুরে-ফিরে আসছিল; আর সেটা হল-‘কে নিতে যাচ্ছেন ফার্গির স্থান?’ প্রায় ২৭ বছরে ৩৮টি শিরোপা জয়ের পর গত বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে অবসর নেন বর্ষীয়ান এই কোচ। তাই নতুন কোচের কথা ভাবতে হচ্ছিল রেড ডেভিলদের। তবে, শেষ পর্যন্ত সমাধানে পৌঁছেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল বৃহস্পতিবার রাতেই নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে আরেক ইংলিশ ক্লাব এভারটনের বিদায়ী কোচ ডেভিড মোয়েসের নাম। স্কটিশ কোচ ফার্গুসন ১৯৮৬ সালে দায়িত্ব নেন ম্যানচেস্টার ইউনাইটেডের। আর অবসর নেয়ার আগে নিজেকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একজন কোচের মর্যাদা লাভ করেন ৭১ বছর বয়সী ফার্গি। ফার্গুসনের যোগ্য উত্তরসূরী নির্বাচন তাই ছিল বেশ কষ্টসাধ্য ব্যাপার। বহুদিনের আলোচিত প্রশ্নটি তাই সময়ের চাহিদা হয়ে উঠেছিল। আর নতুন কোচ নির্বাচনে এখন বেশ উঠে-পড়ে লাগে রেড ডেভিলরা। আর অনেকটা গুজবের মতোই কয়েকটি নামও শোনা যায়। এদের মধ্যে, মোয়েস ছাড়াও ছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ হোসে মরিনহো, জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের কোচ জার্গেন ক্লপ, সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওলে গানার সোলস্কজার। ছিলেন বর্তমান খেলোয়াড় রায়ান গিগসও। তবে, তাদের হটিয়ে কোচের আসনটি দখল করলেন ৫০ বছর বয়সী মোয়েস। ইউনাইটেডের কোচ হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন এই ডেভিড মোয়েস। ব্রিটিশ গণমাধ্যমগুলোও কোচের লড়াইয়ে তাকেই এগিয়ে রাখে। ২০০৩, ২০০৫ ও ২০০৯ সালে জয় করেন প্রিমিয়ার লিগে সেরা কোচের খেতাব। প্রিমিয়ার লিগের দলটির হয়ে মেয়াদও প্রায় শেষের পথে মোয়েসের। ২০০২ সাল থেকে এভারটনের সাথে থাকা মোয়েসের সাথে আপাতত ৬ বছরের চুক্তি করেছে ইউনাইটেড। আগামী এক জুলাই থেকে তিনি দলের দায়িত্ব গ্রহণ করবেন।