বিস্মিত তার বাবাও

আপডেট : ০৯ মে ২০১৩, ২২:২২
দেশে এখন একটার পর একটা উত্তাল ঘটনা ঘটছে। অধিকাংশ মানুষ সার্বক্ষণিক রাজনৈতিক ঘটনা, দুর্ঘটনা নিয়েই ভাবিত। এরই মধ্যে গতকাল হঠাত্ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে বাংলাদেশের প্রধান আলোচ্য হয়ে উঠলেন মুশফিকুর রহিম। আর এই আলোচনার সার একটাই শব্দ—বিস্ময়। সাধারণ সমর্থক, সাবেক-বর্তমান খেলোয়াড়, কর্মকর্তা থেকে শুরু করে মুশফিকের পরিবার; সবাই এক কথায় ভয়ানক বিস্মিত তার হঠাত্ অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্তে। বাকিদের মতোই দারুণ বিস্মিত মুশফিকের খেলাপাগল বাবা মাহবুব হামিদও। পরিচিত সাংবাদিকের ফোন পেয়ে কাল তিনি কিছুটা সময় বাকরুদ্ধই হয়ে গেলেন যেন। তারপর একবাক্যে সব বলে ফেলতে চাইলেন, ‘বাবা, আপনারাও যেমন অন্ধকারে আছেন, আমিও তাই আছি। আমি বুঝতে পারছি না, কেন এমন সিদ্ধান্ত নিল ছেলেটা। আমি ওকে ফোন করে বুঝতে চেয়েছি, তাও কিছু বুঝতে পারছি না। আসলে আমরা সবাই হতবাক হয়ে গেছি এই সিদ্ধান্তে।’ মুশফিকের এই সিদ্ধান্তের পেছনে অনেকেই মান-অভিমান, দলে কোন্দল এসব বিষয় দেখতে পাচ্ছেন। তার ক্রিকেটপ্রেমিক বাবা এসব নিয়ে মাথাও ঘামাতে চান না। তিনি পরিষ্কার বললেন, ‘আমার ছেলে অধিনায়ক বলে আমি জাতীয় দলের এসব নিয়ে ভাবি; তা নয়। আমি বাংলাদেশের খেলা দেখি সাধারণ একজন সমর্থক হিসেবে। আমার প্রার্থনা সবসময় থাকে, দলের সবাই যেন একপ্রাণ হয়ে থাকে। আমি যতোদূর জানি, তাই আছে। এসব কথা হারলে তৈরি হয়। হারলে মানুষের আবেগ বেশি কাজ করে।’ এই বিশ্লেষণ থেকেই মাহবুব হামিদ অনুমান করছেন, ছেলে হয়তো আবেগের বশে একটু ভুলই করে ফেলেছে। তিনি নির্লিপ্তভাবেই বললেন, ‘আমি ওকে বলেছি, তুমি আবেগের বশে এমন সিদ্ধান্ত নিলে সেটা ভুল। আর একটা কথা আমি বিশ্বাস করি, সংবাদ মাধ্যমে সিদ্ধান্ত জানানোর আগে বোর্ডকে জানানোটা তার দায়িত্ব ছিল। সেটা না করলে আরও ভুল করেছে মুশফিক।’ তবে শেষ পর্যন্ত একজন ক্রিকেট সমর্থক হিসেবে কষ্ট পেলেও একজন দায়িত্বশীল বাবা হিসেবে মুশফিকের সিদ্ধান্তটা সম্মান জানানোরই পক্ষে মাহবুব হামিদ। ‘আমি মনে করি, সিদ্ধান্ত যখন সে নিয়েছে, সেটাকে সম্মান জানানোই আমার কাজ। আমি নিজে ক্রিকেট বুঝি না। তাই ওর ওপর বিশ্বাস রাখি। ওকে বলেছি, ভেবে-চিন্তে তুমি যে সিদ্ধান্ত নেবে, আমি তোমার বাবা হিসেবে পাশে থাকবো।’