ড্র করলো চেলসি-টটেনহ্যাম

আপডেট : ০৯ মে ২০১৩, ২২:২৪
নিজেদের মাঠে দুইবার এগিয়ে গিয়েও টটেনহ্যাম হটস্পারের সাথে ড্র করলো চেলসি। গত বুধবার রাতে এই ড্রয়ে তাদের পয়েন্ট এখন ৬৯। আগের মতোই তৃতীয় স্থান ধরে রাখলো ব্লুজরা। অন্যদিকে পঞ্চম স্থানে থাকা টটেনহ্যামের পয়েন্ট ৬৬। ম্যাচের ১১ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার লুইসের গোলে এগিয়ে গেলেও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি কোচ রাফায়েল বেনিতেজের দল। ১৫ মিনিট বাদেই ইমানুয়েল আদেবায়োরের গোলে সমতায় ফেরে সফরকারীরা। ৩৯ মিনিটে আরেক ব্রাজিলিয়ান রামিরেজ চেলসিকে আবারও এগিয়ে দেন। ২-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে চেলসি। তবে ৮০ মিনিটে জিলফি সিগার্ডসনের গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।