দুই নেত্রীর দুই মত শান্তিপূর্ণ নির্বাচন
অসম্ভব !
বর্তমান বাংলাদেশ রাজনীতির পেক্ষাপটে বুঝা যায় শান্তিপূর্ণ নির্বাচন কোন অবস্থাতেই সম্ভব নয়, তবে এই অবস্থার অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে। প্রধান ক্ষমতাসীন দল চায় অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আর প্রধান বিরোধী দল চায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই যে একটা ইস্যু এই নিয়ে যতো দিন যায় ততো সংঘাত বেড়েই চলে কিন্তু বাংলাদেশের মানুষতো শান্তি চায়, নিরাপত্তা চায়, আতঙ্ক চায় না। এই দুই নেত্রীর দুই মতবাদ। তারা সমাধান না করতে পারলে সংঘাতের দিকে না গিয়ে বিষয়টা সম্পূর্ণভাবে জনগণের ওপর ছেড়ে দেবে। জনগণ যদি চায় অন্তর্বর্তীকালীন তাহলে তাই হবে আর যদি জনগণ তত্ত্বাবধায়ক চায় তাহলে তত্ত্বাবধায়ক হবে, এতে করে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণকে সংঘাতের দিকে ঠেলে দেবে। কিন্তু কেন? জনগণের ভোটে সরকার নির্বাচিত, সরকারের ভোটে জনগণ নির্বাচিত নয়। আমি আমার ব্যক্তিগত মতামতে বলতে চাই অচিরে গণভোটের মাধ্যমে এই বিষয়টা সমাধান করা হোক। অন্যথায় এই বিষয় নিয়ে আর কোন সাধারণ মানুষ মারা গেলে এর দায়ভার দুই নেত্রীকে নিতে হবে। সাধারণ মানুষ গ্রহণযোগ্য নির্বাচন চায়, কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন কোন্টা? দীর্ঘ চার বছরে ঠিক হচ্ছে না কোন্টা গ্রহণযোগ্য। অতএব দুই নেত্রীর পক্ষে নির্বাচনী রূপরেখা ঠিক করা সম্ভব না। তাই অচিরেই কিভাবে নির্বাচন হবে তা জনগণের গণভোটের ওপর ছেড়ে দেয়া হোক।
মো. দেলোয়ার হোসাইন
অর্থনীতি, শেষ বর্ষ
সরকারি তিতুমীর কলেজ, মহাখালী, ঢাকা
হিংসাত্মকমূলক রাজনীতি ভুলে যান শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সংলাপে বসুন
বাংলাদেশে বর্তমানে যে প্রেক্ষাপট বিরাজ করছে সে প্রেক্ষাপটে শান্তিপূর্ণ নির্বাচনের কোন রূপ ধারণ করবে না। প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে হিংসাত্মকমূলক মনোভাব এবং জেদাজেদির বিষয়টি ব্যাপকভাবে বিরাজ করছে। আর এর প্রভাব এসে পড়ছে এই দেশের গরিব মানুষ ও ছাত্র-ছাত্রীদের উপর। আওয়ামী লীগ ও বিএনপির প্রথম শ্রেণির নেতাকর্মীদের কর্কশ উক্তি ও উস্কানিমূলক বক্তব্য ত্যাগ করতে হবে এবং খুব অল্প সময়ের মধ্যে প্রধান দুই নেত্রী, জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহামান্য রাষ্ট্রপতিসহ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংলাপে বসা একান্ত প্রয়োজন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে সমাধান না হওয়া পর্যন্ত কোনদিন শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব নয়। আগামীতে আরো হাজার হাজার সাধারণ মানুষ জীবন হারাবে। সংলাপ হবে, নির্বাচন হবে; কিন্তু অনেক সংঘাতের পর। হাজার হাজার বাবা-মায়ের বুক খালি হওয়ার পর। তবে ২০১৪ সালের মধ্যে শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা সন্দেহ। শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতির পদক্ষেপ নেয়া একান্ত অপরিহার্য। আর তা না হলে সাধারণ জনগণের হতাহতের জন্য কে দায়ী হবে। আওয়ামী লীগ ও বিএনপি তো নিজেদের জেদাজেদির বিষয়টিকে বড় করে দেখছে। আমরা বাঁচতে চাই, আমরা দেশকে বাঁচাতে চাই, শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। আর এই বাঁচাটা হবে আগামীদিনের শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে।
এস এম মারুফ চৌধুরী (সেলিম)
সমাজবিজ্ঞান বিভাগ, অনার্স ১ম বর্ষ
ঢাকা কলেজ, ঢাকা
সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য দরকার তত্ত্বাবধায়ক সরকার এবং গণতান্ত্রিক পরিবেশ
উইনস্টন চার্চিল বলেছেন, এটাও ইতিহাসের শিক্ষা যে কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না। দেশে আজ মহামারী চলছে। আমরা যদি এই মহামারীর মোকাবিলা করতে না পারি তাহলে দেশ চলে যাবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ কিনা এমন প্রশ্নই সবার মনে উঁকি মারছে। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, সরকারি এবং বিরোধী দল কেউ কারো প্রতি নমনীয় ভাব প্রকাশ করতে নারাজ। আর তাদের এই সাংঘর্ষিক মনোভাবের ফলে জীবন দিতে হচ্ছে সাধারণ মানুষকে, বরণ করে নিতে হচ্ছে পঙ্গুত্বের মতো অভিশপ্ত জীবন। এমতাবস্থায় তত্ত্বাবধায়ক সরকার এবং গণতান্ত্রিক পরিবেশ ছাড়া সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা ভবিষ্যত্ই বলে দিবে সে কথা। তবে উদাহরণস্বরূপ বলতে পারি, ধরুন আবিদ একজন ছাত্র। পরীক্ষা শেষে শিক্ষক বললেন, আবিদ তোমার পরীক্ষার খাতা তুমি নিজেই দেখবে এবং নম্বর নিজ হাতে প্রদান করবে। একটু ভেবে উত্তর দিন, এমতাবস্থায় আবিদ কী ভূমিকা পালন করবে? উত্তর একটাই—সে নিজেকে সর্বোচ্চ নম্বর দেয়ার চেষ্টা করবে। সর্বশেষ বলবো, জন এফ কেনেডি বলেছেন, ‘Ask not what your country can do for you, ask what you can do for your cauntry’। তাই দেশের এই ক্রান্তিলগ্নে মহত্ এই উপদেশকে সামনে রেখে বিরোধী এবং সরকারি দলের উচিত সমঝোতায় আসা। নতুবা আমাদের এই সবুজ-শ্যামল স্বাধীন দেশ একদিন অনিশ্চিত ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাবে, যা থেকে উত্তরণ আদৌ সম্ভব কিনা সেটি ভবিষ্যতের প্রশ্ন। তবে খলিল জিবরানী বলেন, এখন রাত, ভোরের প্রত্যাশা আমি করবোই। আমরা সবাই প্রার্থনা করি, সকল অরাজকতা, বিশৃঙ্খলা, কুসংস্কার বিদূরিত হয়ে বাংলাদেশের পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হোক।
বেলাল হোসাইন
অর্থনীতি বিভাগ,
প্রথম বর্ষ ঢাকা কলেজ, ঢাকা
যোগ্য নেতা ও সঠিক নেতৃত্বেই হতে পারে
সুন্দর নির্বাচন
নির্বাচনের কাজ যোগ্য লোককে তার প্রাপ্ত স্থানে স্থাপন করা। আর নির্বাচিত লোকের কাজ জনগণ তার উপর যে কাজ অর্পণ করে তা নির্ভুলভাবে সম্পন্ন করা। কিন্তু জনগণ আজ নিরাশ। কারণ বারবার তারা নেতা বাছাই করে, তারা তাদের কাজ সঠিকভাবে করতে পারে না। তারা শুধু পারে কাটাকাটি, পিটাপিটি করাতে জনগণের দ্বারা এবং যে যত বেশি কাটাকাটি করতে পারে তার তত বেশি ক্ষমতা থাকে। এই কী জনগণ আশা করে? বরং তারা আশা করে, তারা চায় সুন্দর একটি সমাজ, দেশ ও নেতা। তাদের আশা, চাওয়া মরীচিকা হয়ে যায়, কবু বাস্তব রূপ দেখে না। এর একটিই কারণ, যোগ্য নেতা যাদের আমরা জানি আসলে তারা যোগ্য নেতা হয়ে উঠতে পারেনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর মতো। তাই যোগ্য নেতাকে প্রথমে বাছাই করতে হবে, যারা পারবে দেশকে শান্তিপূর্ণভাবে চালাতে। পরিশেষে বলা যায়, যোগ্য নেতা ও সঠিক নেতৃত্ব পারে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে।
আতিকুর রহমান সোহাগ
একাদশ, বাণিজ্য
বামনা সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজ
