রাজনৈতিক অস্থিরতা আবারও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করিতে শুরু করিয়াছে। সকল বাধা-বিপত্তি সত্ত্বেও বাংলাদেশ যখন আগাইয়া যাইতেছে তখন রাজনীতির অস্থির পরিস্থিতি ইহার পথ রোধ করিতে যাইতেছে। কোন একটি অর্থনীতির ক্ষেত্রে স্বল্পকালীন উত্থান-পতন বা উঠানামা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। যুগ যুগ ধরিয়াই সেই ধরনের উঠানামা বিভিন্ন দেশের অর্থনীতির ক্ষেত্রে ঘটিতে দেখা যায়। বাংলাদেশও ইহার ব্যতিক্রম কিছু নয়। ফলে ২০১০-১১ অর্থ বত্সরের ৬.৭ শতাংশ প্রবৃদ্ধি কমিয়া পরের অর্থ বত্সরে তাহা ৬.৩ শতাংশে নামিলে আমরা অবাক হইনি। কিন্তু এইবার তাহা কমিয়া ৫.৭ কিংবা ৫.৮ শতাংশে নামিয়া আসিবার পূর্বাভাস অর্থনীতির উঠানামার বদলে শুধু নামিয়া যাওয়ার ইঙ্গিত দিতেছে। ফলে আমাদের অর্থনীতি যেন দীর্ঘমেয়াদী কোন ফাঁদের মধ্যে পড়িয়া না যায় সেইদিকে আমাদের সকলের দৃষ্টি দিতে হইবে। মনে রাখিতে হইবে, ২০০৯ সালে বিশ্ব-অর্থনীতির ঋণাত্মক প্রবৃদ্ধির বত্সরেও আমাদের প্রবৃদ্ধি ছিলো ছয় শতাংশের কাছাকাছি। আজ বিশ্ব অর্থনীতির মোটামুটি স্বাভাবিক অবস্থার সময় আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমশ কমিতে থাকিবে বিশেষ করিয়া রাজনৈতিক অনিশ্চয়তার কারণে— তাহা মানিয়া লওয়া যায় না।
অবশ্য অনেকেই অর্থনৈতিক প্রবৃদ্ধিই অর্থনৈতিক উন্নয়নের একমাত্র মানদণ্ড নয় বলিয়া দাবি করেন—যাহা অমূলক নহে। তবে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অন্য যে মানদণ্ডগুলি ব্যবহার করা হইয়া থাকে সেই মানদণ্ডেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখা জরুরি। অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে দারিদ্র্য বিমোচন ও কম আয়-বৈষম্যকে উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ মনে করা হয়। সেই দিক হইতে বিবেচনা করিলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি খুবই ফলপ্রসূ। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গতি পায় আশির দশকে। তখন হইতে দারিদ্র্য বিমোচনের হারও অনেক বাড়িয়া যায়। ১৯৮২ সালে যেখানে দারিদ্র্র্য সীমার নিচে বসবাসকারী লোকসংখ্যা ছিল মোট জনসংখ্যার ৭৬ শতাংশ, তাহা ২০০০ সালে নামিয়া আসে ৪৮.৯ শতাংশে। ২০০৫ সালে তাহা নামিয়া আসে ৪০ শতাংশে, সর্বশেষ ২০১০ সালে ৩১.৫ শতাংশে। অন্যদিকে, গত দশ/বারো বত্সর ধরিয়া আয়বৈষম্য কিংবা ভোগবৈষম্য না বাড়িবার প্রমাণও রহিয়াছে অর্থনীতির সূচকে। এই সময়ে আয় কিংবা ভোগের ‘জিনি সূচক’ একই অবস্থায় থাকিতে দেখা গিয়াছে। অতি দরিদ্র মানুষের সংখ্যা কমিয়াছে অনেকটাই। যাহারা গরীব তাহাদের অবস্থাও আগের চাইতে ভালো। এই সবই অসিয়াছে বিভিন্ন জরিপ-এর ফল হইতে। তাহার মানে আমাদের প্রবৃদ্ধির অংশীদার সমাজের নিম্ন আয়ের লোকজনও। তাহারা উত্পাদন কর্মকাণ্ডের সঙ্গে কর্মসংস্থানের মাধ্যমে যুক্ত। আর এই উত্পাদন কার্যক্রম ব্যাহত হইলে তাহাদের অবস্থার উপরও আঘাত আসে। ফলে বর্তমান সংঘাতময় রাজনীতির বৈরী প্রভাবে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধিই ক্ষতিগ্রস্ত হইতেছে না, ক্ষতিগ্রস্ত হইতেছে এই দেশের আপামর জনসাধারণও। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে এই দেশের নিম্ন আয়ের মানুষজন। আমাদের রাজনৈতিক দলগুলির প্রত্যেকটিরই অন্যতম উদ্দেশ্যে হইলো এই নিম্ন আয়ের লোকজনের অবস্থার উন্নয়ন। ফলে সরকারে গিয়া উন্নয়ন করিবে যাহারা বলেন, সরকারে না থাকিলে তাহাদের দ্বারা উন্নয়ন ব্যাহত হয় কিনা সেইদিকেও লক্ষ্য রাখা তাহাদের দায়িত্ব। এই দায়িত্ব তাহারা পালন করিবেন ইহাই ্আমাদের প্রত্যাশা।
