ঝুঁকিপূর্ণ ভবন প্রসঙ্গে

আপডেট : ১০ মে ২০১৩, ২১:১৮
সাভারে রানা প্লাজার মর্মান্তিক বিপর্যয়ের পর পক্ষকালব্যাপী দেশের নানা প্রান্ত হইতে অসংখ্য ভবনের ফাটল খুঁজিয়া পাওয়া যাইতেছে। শত শত ভবনের এত ফাটল আবিষ্কারের নেপথ্যে মানুষের আতঙ্ক বা বাড়তি সতর্কতা— যাহাই থাকুক না কেন, তাহা পাশ কাটাইবার উপায় নাই। কারণ ইহার সহিত ওতপ্রোতভাবে জড়াইয়া রহিয়াছে মানুষের জীবন ও সম্পদ। সমপ্রতি রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন শহরে ১৬০টি গার্মেন্টস ফ্যাক্টরি ভবনে ফাটল দেখা যাইবার খবর প্রকাশ হইয়াছে। পোশাক কারখানার বাহিরেও চট্টগ্রাম, খুলনা ও সিলেট নগরীতে তিন শত’র বেশি সরকারি অফিস, বিপণি বিতান ও বাসাবাড়ি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হইয়াছে। অভিযোগ রহিয়াছে, যেকোনো সময় এইসব ভবন ধসিয়া পড়িবার মতো দুর্ঘটনা ঘটিতে পারে। তাহার পরও ভবনগুলি সংস্কার বা পরিত্যক্ত ঘোষণা করিবার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ রহিয়াছে। তাহা ছাড়া বিভিন্ন জেলা উপজেলায় অসংখ্য সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ভবন পাঠদানে ঝুঁকিপূর্ণ বলিয়া চিহ্নিত হইয়াছে। শুধুমাত্র গোপালগঞ্জে ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদানের অভিযোগ উঠিয়াছে। গাইবান্ধার ৪০ বত্সরের পুরনো ত্রিমোহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে ফাটল দেখা দিয়াছে। মৌলভীবাজারের কমলগঞ্জের ৬৭ বত্সরের পুরনো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধাপাকা ভবন যেকোনো সময় ধসিয়া পড়িতে পারে বলিয়া আশঙ্কা করা হইতেছে। বরিশালের গৌরনদী উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান চলিতেছে। এইরূপ তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হইবে। কিন্তু এইসব ভবনের কোনটি সত্যিকারের ঝুঁকির ভিতরে রহিয়াছে, অথবা কোনটির বিপদের আশঙ্কা অমূলক— তাহা সর্বাগ্রে বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করিয়া সিদ্ধান্তে পৌঁছাইতে হইবে। আতঙ্কের বশে যেমন ফাটল মাত্রই ‘মহাবিপর্যয়’ ঘটিবেই কল্পনা করিবার কারণ নাই, তেমনি তাহা অবহেলারও অবকাশ নাই। ভবনের ফাটলের বহুরূপ হইয়া থাকে। ইহার কোনটি বাহ্যগত, আবার কোন ফাটল ভিত্তি ও কাঠামোগত— তাহা একমাত্র বিশেষজ্ঞ প্রকৌশলীরাই সঠিকভাবে নিরূপণ করিতে পারিবেন। তাহা নিরূপণের পূর্বে অকারণ আতঙ্ক ছড়ানো অথবা ঝুঁকিপূর্ণ ভবনে জোরপূর্বক কাজ করিতে বাধ্য করা অভিপ্রেত নহে। সমপ্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার একটি পোশাক কারখানার ফাটল ধরা পড়িবার পরও শ্রমিকদের জোরপূর্বক কাজ করাইবার অভিযোগ পাওয়া গিয়াছে। অনেক দিন পূর্বেই কারখানাটির তৃতীয় ও চতুর্থ তলার ছাদে ও পিলারে ফাটল দেখা দিয়াছে। কারখানা কর্তৃপক্ষ বলিয়াছেন, স্থানীয় উপজেলা প্রকৌশলী দিয়া পরীক্ষা-নিরীক্ষা করিয়া তাহারা নিশ্চিত হইয়াছেন ভবনটিতে কোনো প্রকার বিপদের আশঙ্কা নাই। অন্যদিকে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী বলিয়াছেন, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সুতরাং বিপদের প্রকৃত দিকটা বুঝিতে হইবে। মিথ্যার আশ্রয় লইলে তাহা হইতে যেই বিপর্যয় ঘটিতে পারে, তাহা মালিকপক্ষের সারাজীবনের অর্জনকেই ধুলোয় মিশাইয়া দিবে। সাধারণভাবে বাড়িঘর নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ করিবার বিকল্প নাই। ভবনের উচ্চতা ও ওজনের (লোড) হিসাব অনুযায়ী শক্ত ভিত দেওয়া, অবকাঠামোগুলিতে রিইনফোর্সড কংক্রিট ব্যবহার করা, গ্যাস ও বিদ্যুত্ সরবরাহ লাইন নিরাপদভাবে স্থাপন করা, নরম মাটির ওপর ভবন নির্মাণে বাড়তি সতর্কতা অবলম্বন করা, জলাশয় ভরাট করে বাড়ি বা স্থাপনা তৈরি না করা কিংবা করিলে তাহার যথাযথ কারিগরি ব্যবস্থা নেওয়া— এই বিষয়গুলি ভবন নির্মাণের সময় বিশেষজ্ঞ প্রকৌশলীরাই নির্ধারণ করিবেন। এর বিপরীতে ভবনের মালিককে ভুল পরামর্শ দিলে তাহার দায় সংশ্লিষ্ট প্রকৌশলীদের ওপরেই বর্তায়, কেননা, নির্মাণেচ্ছু ভবন মালিক এইসব বিষয়ে বিশেষজ্ঞ নহে। ইহাও ভাবিয়া দেখিতে হইবে, ভবন বিপর্যয় ঘটিলে আখেরে সবচাইতে ক্ষতির শিকার হইবেন ভবন মালিকই। সুতরাং নিজের বিপর্যয় নিশ্চয়ই কেহ জ্ঞানত ডাকিয়া আনিবেন না।