সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা
অন্ধ বিভাবরী সঙ্গ পরশ হারা
যদিও ঋতু হিসেবে এখন গ্রীষ্মকাল, তবু শ্রাবণ ধারার মতো চোখের পানি ঝরছে আমাদের সকলের দুই নয়ন থেকে। এই চোখের পানি বড় পবিত্র, বড় আন্তরিক এবং ঋতুর বেড়ায় আটকে না থেকে এ ঝরতেই থাকবে সারাটি বছর ধরে। সাভারের গার্মেন্টস ফ্যাক্টরিতে যে ভূমিকম্প হলো তার বুঝি কোন বর্ণনা দেয়া যায় না, মনে হয় যেন নাইটমেয়ার, দুঃস্বপ্ন। মাটির নিচে দেয়ালের নিচে, রডের নিচে, ভারী ভারী যন্ত্রপাতির নিচে যন্ত্রণায় কাতরধ্বনি তুলেছেন আমাদেরই বোনেরা, আমাদেরই ভাইয়েরা।
ছোট্ট একটু আকাঙ্ক্ষা, ছোট্ট একটি নীড়, দু’বেলা দু’মুঠো ভাত-ডাল আর পরনে দু’টো পরিষ্কার কাপড়, এই ছিলো তাদের আকাঙ্ক্ষা। তাই ভোরবেলা সূর্য ওঠার আগে জেগে ওঠেন। খড়ির চুলোয় মাটির হাঁড়িতে ভাত-ডাল বসিয়ে পরিবারের জন্য স্বল্প কিছু রান্না করে ঊর্ধ্বশ্বাসে ছোটেন ফ্যাক্টরির দিকে, দলবেঁধে নানা বয়সের কিশোরী তরুণী প্রৌঢ়া। তাদের গতি রকেটের চেয়েও দ্রুত হতে চায়, ঠিক সময়ে হাজিরা না দিলে সেদিনের বেতন কাটা যাবে। এমনটি কেউ কখনো ভাবেননি, ভাবেননি পোশাক শিল্পের মালিকেরা। তাদের লক্ষ্য একটিই—অর্থ, অর্থ এবং অর্থ। কতো কম ব্যয় করে কতো বেশি মুনাফা আদায়। তাই ভবনগুলোতে মানবেতর অবস্থা, ঠাণ্ডা হাওয়া আসে না, অল্প জায়গা প্রচুর মানুষ। হঠাত্ করে আগুন লেগে গেলে বেরুনোর পথ নেই। পাঁচতলা ছ’তলা থেকে নামতে গিয়ে ঠেলাঠেলি শুরু হয়। কেউ হন পদদলিত, আর নিচের লোহার গেটে তালা বন্ধ করে রেখেছেন দারোয়ান।
আজ দীর্ঘদিন ধরে প্রায় তিন সপ্তাহ অন্ধকার গুহায় আটকে আছেন তাদের অনেকে। উদ্ধার করবে কেউ এই ক্ষীণ আশাটুকু নিয়ে ইতোমধ্যে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। যারা আজ এই ভূমিধসের শিকার তাদের কোন অপরাধ ছিলো না। তবু চিরাচরিত নিয়ম অনুযায়ী ভবন মালিক বা উচ্চ কর্মকর্তার বিবেক ব্যথিত না হয়ে কমপেনশন দেয়ার ঘোষণা দিয়েই হন ক্ষ্যান্ত।
দেশবাসীর জিজ্ঞাসা, কতোটুকু চান আপনারা, মুনাফার অংক কতো বাড়াবেন, ভোগ করবেন কতোটুকু। তার আগেই তো জীবনের শেষদিন হঠাত্ করেই চলে আসতে পারে। এতো কষ্ট করে গুনে গুনে যে টাকার অংক সোনার অলংকার ব্যাংকের ভল্টে সুরক্ষিত করে রেখেছেন, তারা সেখানেই থাকবে, কবর নামক মাটির বিছানায় ঘুমিয়ে থেকে কিছুই আপনার কাছে পৌঁছুবে না, কাজে লাগবে না।
আমি দেখি অশ্রুভরা চোখে বৃদ্ধ মা হাতে ছবি নিয়ে দিনের পর দিন দাঁড়িয়ে আছেন আটকেপড়া মেয়েটির খোঁজে। হাতে তসবিহ নিয়ে বৃদ্ধ বাবা পুত্রের ছবি দেখাচ্ছেন সবাইকে, যদি কেউ তার আদরের বাজানের খবর দিতে পারে। চোখে পানি নিয়ে তরুণী বধূ স্বামীর ছবিটি নিয়ে ছুটোছুটি করছেন। মানব শ্রেষ্ঠ হতে পারলাম না আমরা, পশুর মতো সহজ-সরলও হতে পারলাম না, কীটস্ব কীট হয়ে নিরুপায় পথে চলতে থাকলাম।
স্বপ্ন এবং আশা মানুষের সবচেয়ে বড় বন্ধু। একে কেন্দ্র করেই জীবনের রথ চলে। তাই আশা করি এবারে বোধোদয় হবে গার্মেন্টস মালিকদের, হবে শিল্পপতিদের। কারণ আজকে যে মৃত্যুবরণ করেছে তার শরীরে যতগুলো হাড়, তার ধমনীতে যে রক্ত কণিকা তাতে আপনার-আমার তার মধ্যে কোন ব্যবধান নেই। এই পৃথিবীতে বাস করার মতো সুযোগ দিতেই হবে সকলকে। আমি খাবো তুমি খাবে না এ আবার কেমনতর কথা। আমার ঘরে পোলাও- কোর্মা, আমার সন্তান সারাক্ষণ ইংরেজি বুলি আওড়ায়, তুমি পান্তাভাত নিয়ে বসে আছো, তোমার সন্তানেরা বাংলা বর্ণমালাও শিখতে পারেনি, এর জন্য দায়ী আমি, তুমি নও। আল্লাহ্তা’য়ালা বলেছেন, ‘ইকরা, বিসমিরাব্বিকাল্লাজি খালাক, খালাকাল ইনসানা মিন আলাক’ পড়ুন এই বাক্যটি, খুলুন কুরআন শরীফের পাতা, পাতার পর পাতা চুনি পান্না হীরার মতো দ্যুতি বিচ্ছুরণ করছে। এটি আমাদের দিকনির্দেশনা, আমাদের মানুষ হওয়ার মূলমন্ত্র। আমার মনে হয় একদিন না একদিন আমরা অনুধাবন করতে পারবো এর মর্ম, সেদিন কিন্তু বেশি দূরে নয়। তাই সময় নষ্ট না করে এক্ষুণি নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলি, যে মানুষ হলো স্রষ্টার প্রতিনিধি, আশরাফুল মাখলুকাত।
লেখিকা :শিক্ষাবিদ-সাহিত্যিক [email protected]
