আহতদের পাশে গুলশান জগার্স সোসাইটি

আপডেট : ১০ মে ২০১৩, ২১:৩৮
‘মানুষ মানুষের জন্য’ এ মর্মবাণী ধারণ করে মানবতার সেবায় এগিয়ে এসেছে ‘গুলশান জগার্স সোসাইটি’। সংগঠনের উপদেষ্টা শিল্পপতি নূর আলীর উদ্যোগে শুক্রবার সংগঠনটির সদস্যরা রানা প্লাজা ট্র্যাজেডিতে আহত পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন ১১১ জনকে ৭ লাখ টাকা প্রদান করেন। এ সময় সংগঠনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম পোশাক শিল্পের সাম্প্রতিক ভয়াবহ দুর্ঘটনাগুলোকে মনুষ্যসৃষ্ট বিপর্যয় আখ্যায়িত করে বলেন, সকল ঘটনাকে রাজনীতিকীকরণের অসুস্থ প্রবণতা সমাজকে গ্রাস করে ফেলছে। এ থেকে বেরিয়ে আসতে হবে। তিনি নিহতদের প্রকৃত ওয়ারিশদের দ্রুত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিত্সা ও পুনর্বাসনের দাবি জানান। সংগঠনের সভাপতি সমাজসেবক একেএম সাহিদুল ইসলাম বলেন, নিহতদের পরিবার ও অসহায় শ্রমিকদের সহযোগিতা করা সকলের মানবিক দায়িত্ব। সংগঠনটি মানবিক সকল কর্মকাণ্ডে আরো ভূমিকা পালন করবে। —প্রেস বিজ্ঞপ্তি