গত বৃহস্পতিবার নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের মায়ের পল্লবীর বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি বিশ্বজিত সাহা হুমায়ূন আহমেদের আঁকা ২১টি চিত্রকর্ম ড. মুহাম্মদ জাফর ইকবাল, আহসান হাবিব ও পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতে তার মা আয়েশা ফয়েজ এর কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠান শুরুর আগে হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ করতে গিয়ে তার মা ও বিশ্বজিত সাহা আবেগে আপ্লুত হয়ে এক বেদনাবিধূর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে বিশ্বজিত সাহা মুক্তধারা ফাউন্ডেশনের লিখিত বক্তব্য পাঠ করেন। পরে উল্লেখিত ২১টি ছবি পর্যায়ক্রমে হুমায়ূন আহমেদের মায়ের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে ২০টি চিত্রকর্ম নিয়ে নিউইয়র্কে ২০১২ সালের ২৯ জুন থেকে ১ জুলাই হুমায়ূন আহমেদের জলরঙ ছবির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। -প্রেস বিজ্ঞপ্তি
