রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত সবধরনের অনুদান ও ত্রাণ বিতরণ স্থগিত এবং উন্নয়নমূলক সকল প্রকল্প বন্ধ রাখতে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মন্ত্রণালয়গুলো হচ্ছে—দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এছাড়াও সিটি করপোরেশনগুলোর কোন ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে তা চূড়ান্ত করেছে কমিশন। প্রত্যেকটি সিটির একটি করে ওয়ার্ডে ব্যবহার করা হবে ইভিএম।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ ইত্তেফাককে বলেন, চার সিটির একটি করে ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হবে। তবে সিটি করপোরেশন নির্বাচনে কোন প্রার্থী বিধি ভঙ্গ করলে তার প্রার্থিতা বাতিল করা হবে। আগাম নির্বাচনী প্রচারণার জন্য যেসব প্রার্থী দেয়াল লিখন, ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়ে প্রচারণা চালিয়েছেন তাদের প্রার্থিতা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
তফসিল ঘোষিত চার সিটি নির্বাচনী এলাকায় নতুন করে সবধরনের অনুদান ছাড় না করতে ৫টি মন্ত্রণালয়ে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয় বা বিভাগের সচিব/চেয়ারম্যান বরাবর গত বুধবার বিকালেই এসব চিঠি ইস্যু করা হয়েছে। নতুন ভিজিডি কার্ড ইস্যু, টেস্ট রিলিফ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রকল্পসহ (কাবিখা) সবধরনের চলমান অনুদান বন্ধ রাখতে বলা হয়েছে। নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে কমিশন আরো সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো প্রকার অনুদান/ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা যাবে না। এছাড়া তফসিল ঘোষণার পর থেকে ভোটগ্রহণের দিন পর্যন্ত কোনো প্রার্থী বা তার পক্ষে অন্যকোনো ব্যক্তি নির্বাচনী ও অন্যকোনো এলাকায় কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান প্রদান বা প্রদানের অঙ্গীকার করতে পারবেন না। এ বিধান লঙ্ঘনের শাস্তি অনধিক ৬ মাস কারাদণ্ড অথবা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এদিকে ইসি সচিবালয় সূত্র জানিয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি এলাকায় যেসব ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হবে তা ঠিক করা হয়েছে। রাজশাহী সিটির ৮নং ওয়ার্ডের ৩টি কেন্দ্রের ২০টি কক্ষে, খুলনা সিটির ৮নং ওয়ার্ডের ৫টি কেন্দ্রের ২১টি কক্ষে, বরিশাল সিটিতে ১৬নং ওয়ার্ডের ২টি কেন্দ্রের ১১টি কক্ষে এবং সিলেট সিটির ২নং ওয়ার্ডের ৩টি কেন্দ্রের ২০টি কক্ষে ইভিএমে ভোট হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ মে রবিবার, মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ও ১৬ মে বুধ ও বৃহস্পতিবার এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে রবিবার। আগামী ২৭ মে বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।
