দারিদ্র্য কমাতে ভূমিকা রাখতে পারে পাট

আপডেট : ১০ মে ২০১৩, ২১:৪০
পাটপণ্য বহুমুখীকরণের সাথে জড়িত ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের দুইদিনব্যাপী মেলা রাজধানীর ধানমন্ডির ঢাকা আর্ট গ্যালারিতে শুক্রবার শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এ মেলার উদ্বোধন করেন। এতে বাংলাদেশের ৩০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেন। ভারতের ১০ জন উদ্যোক্তা এ মেলায় অংশগ্রহণের কথা থাকলেও হরতালসহ রাজনৈতিক অস্থিরতার কারণে তারা আসেননি বলে উদ্যোক্তারা জানিয়েছেন। অনুষ্ঠানে জানানো হয়, উপকরণের বহুবিধ ব্যবহার, কৌশলগত প্রযুক্তি, দক্ষতার সঠিক প্রয়োগের মাধ্যমে পরিবেশবান্ধব পাটজাত পণ্য সারাবিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে। ন্যায্য বাণিজ্যের মাধ্যমে দারিদ্র্য কমিয়ে আনতে পাটপণ্য বিশেষ ভূমিকা রাখতে পারে। তবে একমাত্র ভোক্তাদের পরিবেশবান্ধব সচেতনতা পাটজাত পণ্য তৈরি এবং বাজারজাতকরণে ক্ষদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের প্রেরণা যোগাবে বলে উদ্যোক্তারা মনে করেন। মেলার নাম দেয়া হয়েছে জুট লাইফস্টাইল এক্সপো-২০১৩। ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় ট্রেডক্রাফট এবং তরঙ্গ যৌথভাবে এ মেলার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের নির্বাহী পরিচালক খোন্দকার মোখলেছুর রহমান, ট্রেডক্রাফট- এর বাংলাদেশ আবাসিক প্রতিনিধি শাহেদ ফেরদৌস, তরঙ্গের প্রধান নির্বাহী কর্মকর্তা কোহিনুর ইয়াসমিন, প্রবন্ধ পরিচালক ইসমত জাহান বক্তব্য রাখেন। প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।