অবশেষে পুলিশে গ্রেড-১ মর্যাদার দুইটি পদ সৃষ্টি হয়েছে। সচিব পদমর্যাদায় এই দুইটি পদ পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজি ও পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজি (প্রশাসন) মর্যাদা পাচ্ছে। গত ৩০ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছেন। গ্রেড-১ পদ জাতীয় বেতন স্কেলের সর্বোচ্চ বেতনের ধাপ এবং পদমর্যাদার দিক থেকে সচিব সমতুল্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরের এ সংক্রান্ত দায়িত্বশীল কর্মকর্তা এই পদমর্যাদার তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুলিশে ৩২ হাজার জনবল বাড়ানোর উদ্যোগ নেয়া হয়। পুলিশ প্রধানের র্যাংক ও ব্যাজ ফিরিয়ে দিয়ে ঐ পদের পদমর্যাদা গ্রেড-১ করার দাবি ছিল। এছাড়া পুলিশে ৫টি গ্রেড-১ পদ সৃষ্টিরও দাবি ছিল। ৩২ হাজার জনবল নিয়োগ ছাড়াও পুলিশের আইজি’র র্যাংক-ব্যাজ ফিরিয়ে দিয়ে এই পদটি সিনিয়র সচিব পদমর্যাদা দেয়া হয়। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ কো-অর্ডিনেটর নামে সচিব পদমর্যাদার একটি পদ সৃষ্টি করা হয়।
পুলিশের ৫টি গ্রেড-১ পদ সৃষ্টির জন্য পুলিশ সার্ভিস এসোসিয়েশন থেকে একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই বছর আগে পাঠানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজি, পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি (প্রশাসন), রেসপন্স এ্যান্ড প্রটেকশন বিভাগ ও ন্যাশনাল পুলিশ ব্যুরো অব কাউন্টার ট্যারিজম ইউনিটে গ্রেড-১ পদমর্যাদার আইজি করার প্রস্তাব দেয়া হয়।
এই প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজি ও পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি এই দুইটি পদকে গ্রেড-১ পদমর্যাদার সিদ্ধান্ত নেয়া হয়। গত ৩০ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত একটি চিঠি মহাহিসাব নিরীক্ষণের কাছে পাঠানো হয়। এতে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে পুলিশে এই দুইটি পদ গ্রেড-১ পদমর্যাদায় উন্নীত করার সিদ্ধান্ত দেয়া হয়। এই দুই পদে পদোন্নতির ক্ষেত্রে সুপিরিয়র সেলেকশন বোর্ডের (এসএসবি) চূড়ান্ত সিদ্ধান্তই কার্যকর হবে। বর্তমানে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজি হিসাবে জাবেদ পাটোয়ারি ও পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি (প্রশাসন) একেএম শহীদুল হক দায়িত্ব পালন করছেন।
