সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ১০ মে ২০১৩, ২১:৪০
রাজধানীতে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে তেজগাঁও সাতরাস্তা মোড়ে তিন ও খিলক্ষেত ওভার ব্রিজের নিচে একজন নিহত হন। তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানায়, রাত সোয়া একটার দিকে সাতরাস্তা মোড়ে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ওভার ব্রিজের টিনের বাউন্ডারি ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। এ সময় কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে দুইজন শ্রমিক নিহত হন। আর সাতজনকে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান একজন। পুলিশ জনতার সহায়তায় কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-চ-১১-৪৬৯৬) আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতের মধ্যে একজনের নাম মিরজুল। বাকি দু’জনের পরিচয় জানা যায়নি। তিনটি লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা আছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, কাভার্ডভ্যানের মালিককে পাওয়া গেছে। তার সহায়তায় চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। অপরদিকে রাত সোয়া ১২টার দিকে খিলক্ষেত ওভার ব্রিজের নিচে মালবাহী ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হন মোটর সাইকেল আরোহী রবিউল। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন। নিহত রবিউলের পিতার নাম মোহাম্মদ ফারুক হোসেন। গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া। বাসা মহাখালীতে।