রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার পুরনো দল ম্যানচেষ্টার ইউনাইটেডে ফিরে যাচ্ছেন, এমনটা জোরালোভাবে আলোচিত হওয়ার মধ্যেই পর্তুগিজ খেলোয়াড়টির বার্নাব্যুতে থেকে যাওয়ার আভাস মিলছে।
রেড ডেভিলস সমর্থকরা তাদের সাবেক সাত নম্বরকে স্বাগত জানাতে প্রস্তুত। কিন্তু ধারণা করা হচ্ছে আসন্ন গ্রীষ্মে খেলোয়াড়টি কোথাও যেতে আগ্রহী নন। রোনালদোর মাদ্রিদে থেকে যাওয়ার আভাস মেলে গত বুধবার স্পানিশ লিগে মালাগার বিরুদ্ধে ৬-২ গোলে জেতা খেলাটিতে।
পর্তুগিজ খেলোয়াড়টি সে খেলায় অধিনায়কের আর্মব্যান্ড লাগিয়েই মাঠে নেমেছিলেন। ২২ মিনিটে একটি পেনাল্টি মিস করলেও ২৬ মিনিটেই বক্সের ভেতর থেকে বাঁকানো শটে গোল করে নিজেকে জাগিয়ে তোলেন তিনি। ওই খেলায় তার উদযাপনা ছিল দুর্দান্ত গোলটির তুলনায় বেশি। ২৮ বছর বয়সী এই উইংগারের সেটি ছিল রিয়াল মাদ্রিদের হয়ে ২০০তম গোল।
এরপর তিনি বেশ কয়েকবার তার জার্সিতে থাকা ক্লাবের লোগোতে, নিজের দিকে এবং বার্নাব্যুর মাঠের দিকে হাত দিয়ে ইঙ্গিত করে কয়েকবার বলেন, ‘আমি, এখানে’।
স্পানিশ গণমাধ্যম এ বিষয়টিকে বড় করে দেখছে। মাদ্রিদভিত্তিক মার্কাডটকম লেখে ‘ক্রিস্টিয়ানো রোনালদো, মাস ব্লাংকো কুয়ে নুনচা’ (ক্রিস্টিয়ানো রোনালদো অন্য যে কারো চাইতে বেশি সাদা)। এখানে সাদা মানে মার্দিদের সাদা জার্সিকেই বোঝায় পত্রিকাটি। পর্তুগাল জাতীয় দলের অধিনায়কের এরকম অভিব্যক্তিতে মাদ্রিদের ক্লাবটি দারুণ উজ্জীবিত। তাছাড়া ১৭ মে নগর প্রতিদ্বন্দ্বি অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে তাদের কোপা ডেল রে’র ফাইনালে খেলার কথা রয়েছে।
মৌসুমের শুরুতে বাজে সূচনার পর বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে অনেক আগেই লা লিগার শিরোপা লড়াই থেকে পিছু হঠতে বাধ্য হয়। বিপরীতে বার্সেলোনা প্রথম থেকেই প্রতাপের সাথে খেলে শিরোপা পুনরুদ্ধারে এগিয়ে থাকে। নয় বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা সম্প্রতি সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের সাথে লড়াইয়ে সমানে পাল্লা দিলেও গোল ব্যবধানে পরাস্ত হয়ে অল্পের জন্য ওয়েম্বলির ফাইনাল থেকে বঞ্চিত হয়। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের শিরোপা পাওয়ার শেষ সুযোগ এই কোপা ডেল রে প্রতিযোগিতা। তাই সবার দৃষ্টি এখন সাত নম্বর জার্সিধারী খেলোয়াড়টির দিকে। বিশেষ করে স্পেনে তার প্রথম মৌসুমেই রোনালদো ফ্লোরেন্তিনো পেরেজের গ্যালাটিকোসকে এই টুর্নামেন্টটি জেতাতে সাহায্য করেছিলেন।
রোনালদো এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত ছয় গোল করেছেন। এক গোল বেশি দিয়ে গোলদাতাদের তালিকায় তার সামনে রয়েছেন অ্যাটলেটিকোর দিয়েগো কোস্টা। এর মধ্যে চলতি বছরের কোপা ডেল রে’র ফাইনাল হবে রিয়ালের মাঠে। কাজেই যদি চলেও যান সেক্ষেত্রেও এটা হবে রোনালদোর জন্য মাদ্রিদের পক্ষে শিরোপা জয়ের শেষ সুযোগ।
