আগেও কাজ করে গেছেন এই চেলসিতেই, আবারও সম্ভাবনা আছে তার ইংল্যান্ডে ফিরে আসার; এমনটা তিনি নিজেই জানিয়েছেন। আর ইউরোপিয়ান ফুটবলের বাজারে গুঞ্জন, শীঘ্রই ঠিকানা পরিবর্তন করতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ হোসে মরিনহো। আর ইতিমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোচ হিসাবে ডেভিড মোয়েসের নাম ঘোষণা করায় এখন অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়, ইংল্যান্ডে ফিরলে চেলসিতেই আসছেন মরিনহো। আর এমনটা চেলসির ইংলিশ মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডও চাইছেন।
এই মৌসুমের অনেকটা সময় দলের অধিনায়ক ও বিশ্বসেরা গোলরক্ষকদের একজন ইকার ক্যাসিয়াসকে বেঞ্চে বসিয়ে রেখে বেশ সমালোচনা শুনতে হয়েছে মরিনহোকে। আর গত মৌসুমে লা লিগার শিরোপা জিতলেও এবার তার অধীনে বলার মতো কোন পারফরম্যান্স করতে পারেনি রিয়াল মাদ্রিদ। লা লিগায় শিরোপা হাতছাড়া করার পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও বিদায় নিতে হয়েছে মাদ্রিদকে। তাই আর খুব বেশিদিন রিয়াল শিবিরে থাকা হচ্ছে না দুটি ভিন্ন দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করা মরিনহোর। আর সাবেক শিষ্য ল্যাম্পার্ড জানালেন চেলসির দরজা মরিনহোর জন্য সবসময়ই খোলা। লন্ডনের ক্লাবটিতে ফিরে আসলে সবাই তাকে স্বাগত জানাবে।
৫০ বছর বয়সী মরিনহোর অধীনে বলার মতো বেশ কয়েকটি সাফল্য পায় চেলসি। এর মধ্যে দুবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ছাড়াও ছিল আরও তিনটি শিরোপা। সেটা মনে রেখেই ল্যাম্পার্ড বলেন, ‘আমার মতে মরিনহো ফিরে আসলে সেটা আমাদের দলের জন্য বেশ কল্যাণকর হবে। তিনি সেরা মানের একজন কোচ। বিশ্বের যেকোন দলই তাকে চাইবে।’
৩৪ বছর বয়সী ল্যাম্পার্ড আগামী শনিবার চেলসির হয়ে মাঠে নামছেন। সেই ম্যাচে ইতিহাসের দিকেই চোখ থাকবে তার। আর মাত্র দুটি গোল করলেই চেলসির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসাবে নাম লেখাবেন ল্যাম্পার্ড। ২০২টি গোল করে এই মুহূর্তে শীর্ষে আছেন ববি ট্যাম্বলিং। ল্যাম্পার্ড বলেন, ‘চেলসিতে আমার ক্যারিয়ারে আরও অনেক কোচ দেখেছি। তবে আমার চোখে এখন পর্যন্ত মরিনহোই সেরা। তিনি বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একজন কোচ। আমি নিশ্চিত মরিনহো আসলে ক্লাব এবং ক্লাবের সমর্থকরা বেশ খুশি হবেন।’
এই মৌসুম দিয়েই চেলসির সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ল্যাম্পার্ডের। তবে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের এই তারকা জানালেন, চেলসিতেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছা তার, ‘আমি মনে-প্রাণে এখানেই থেকে যেতে চাই। দেখা যাক কি হয়! আমি ক্লাবের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। আমি আগেও বলেছি আবারও বলছি, আমি চেলসিতেই আমার ক্যারিয়ার শেষ করতে চাই। আর আমার মনে হয় এই ব্যাপারটা সবারই জানা।’
তাহলে কি আবারও চেলসিতে ‘মরিনহো-ল্যাম্পার্ড’ জুটি দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব?
