আবেগ ও শুভেচ্ছায় ভাসছেন মোয়েস

আপডেট : ১০ মে ২০১৩, ২১:৪৪
ম্যানচেস্টার ইউনাইটেডের ধরনটাই কি তাহলে এমন? ইতিহাসের দিকে তাকালেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। ১৯৪৫ সালে দলের দায়িত্ব নেন ম্যাট বাসবি। দায়িত্ব ছাড়ার আগে রেড ডেভিলদের হয়ে কাটিয়ে যান ২৪ বছর! তাকেও হার মানালেন সদ্য অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া স্যার অ্যালেক্স ফার্গুসন। প্রায় ২৭ বছর ছিলেন এই ম্যানচেস্টারেই। বৃহস্পতিবার রাতে নতুন কোচের নাম ঘোষণা করলো ইউনাইটেড। তিনি এভারটনের বর্তমান কোচ ডেভিড মোয়েস। প্রায় ১১ বছর ধরে ক্লাবটির কোচের দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে তাই নি:সন্দেহে বলা যায় দীর্ঘমেয়াদী কোচের দিকেই সবসময় দৃষ্টি রাখে ইংল্যান্ডের জায়ান্ট ক্লাবটি। আরেকটু বললে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হবে। মোয়েস ছাড়াও কোচ হওয়ার লড়াইয়ে ছিলেন আরও নামিদামি অনেকেই; ছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ হোসে মরিনহো, জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের কোচ জার্গেন ক্লপ, সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওলে গানার সোলস্কজার। ছিলেন বর্তমান খেলোয়াড় রায়ান গিগসও। তবে তাদের হটিয়ে কোচের আসনটি দখল করলেন ৫০ বছর বয়সী মোয়েস। আপাতত ছয় বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে এই স্কটিশ কোচকে। আর নতুন কোচ হিসাবে আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন মোয়েস। আর আবেগে ভাসছেন মোয়েসও, ‘স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরী হিসাবে দায়িত্ব পাওয়ায় আমি গর্বিত। ফার্গুসন নিজেই আমার প্রস্তাব করায় আমি অত্যন্ত আনন্দিত। তার স্থানে কাজ করা যে কারও জন্যই সম্মানের। তিনি ক্লাবের হয়ে যা করেছেন সেটা এক কথায় অসাধারণ।’ ইউনাইটেডের কোচ হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন এই ডেভিড মোয়েস। ব্রিটিশ গণমাধ্যমগুলোও কোচের লড়াইয়ে তাকেই এগিয়ে রাখে। ২০০৩, ২০০৫ ও ২০০৯ সালে জয় করেন প্রিমিয়ার লিগে সেরা কোচের খেতাব। ইউনাইটেডের কোচের দায়িত্ব পাওয়ার পরই ফার্গুসন শুভেচ্ছা জানালেন মোয়েসকে। তিনি বলেন, ‘ডেভিড (মোয়েস) অত্যন্ত পরিশ্রমী। আর তার মধ্যে একাগ্রতা আছে। তাকে আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি। এর আগে ১৯৯৮ সালে তাকে একবার ইউনাইটেডে এসে আমার সহকারী হিসাবে কাজ করার অনুরোধও করেছিলাম। তখন সে মাত্রই নিজের ক্যারিয়ার শুরু করলো। এর কিছুদিন বাদেই ২০০২ সালে এভারটনের কোচ হিসাবে দায়িত্ব পেল ডেভিড। তার মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার জন্য সব গুণাবলীই আছে।’ শুভেচ্ছা বাণীর পর্ব এখানেই শেষ হচ্ছে না। তাকে স্বাগত জানিয়েছেন দলের খেলোয়াড়রাও। ডিফেন্ডার রিও ফার্দিনান্দ নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি এখন অনেক বেশি আনন্দিত। দ্রুততার সাথে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া ক্লাবের জন্যই অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমার ধারণা, ফার্গি ভেবেচিন্তেই তার সিদ্ধান্ত নিয়েছে; আর সাথে সাথেই একজন নতুন কোচ পেয়ে যাওয়ায় আমরা নিজেদের ভাগ্যবান ভাবতেই পারি।’ এদিকে ক্লাবটির সেন্টার ব্যাক নেমাঞ্জা ভিদিচ বলেন, ‘আমরা দলের সবাই ডেভিডের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি। ফার্গির অধীনে আমাদের বেশকিছু সাফল্য আছে। আর ধরনের দিক থেকে দুজনের মধ্যে অনেক মিল আছে। এভারটনের হয়েও তিনি সাফল্য পেয়েছেন।’ আগামী ১ জুলাই থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব গ্রহণ করছেন ডেভিড মোয়েস। এর আগে শেষ দুটি ম্যাচে দায়িত্ব পালন করবেন ফার্গুসনই। আগামীকাল নিজেদের মাঠে সোয়ানসি সিটির বিপক্ষে মাঠে নামবে এর মধ্যেই লিগ শিরোপা নিশ্চিত করা ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর লিগে তাদের শেষ ম্যাচ আগামী ১৯ মে। ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিয়নের বিপক্ষে ম্যাচটিই স্যার অ্যালেক্স ফার্গুসনের শেষ ম্যাচ। শেষ হচ্ছে ২৭ বছর আর ৩৮টি ট্রফির বর্ণাঢ্য এক ক্যারিয়ারের।