এবার ফেদেরারের বিদায়

আপডেট : ১০ মে ২০১৩, ২১:৪৫
তারকাদের পতন অব্যাহত আছে মাদ্রিদ ওপেনে। নোভাক জোকোভিচ, ভিক্টোরিয়া আজারেঙ্কার পরে এবার বিদায় নিলেন শিরোপাধারী রজার ফেদেরার। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে গত বৃহস্পতিবার ফেদেরার ৪-৬, ৬-১, ২-৬ গেমে পরাস্ত হন জাপানের কেই নিশিকরির কাছে। অন্যদিকে মহিলা এককে সেরেনা উইলিয়ামস এবং মারিয়া শারাপোভা এগিয়ে চলেছেন ফাইনালের দিকে। টুর্নামেন্টের শেষ আটের লড়াইয়ে গতকাল সেরেনা ৬-৩, ০-৬, ৭-৫ গেমে হারিয়েছেন অ্যানাবেল মেদিনাকে। আর কাইয়া ক্যানেপিকে ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন শারাপোভা। মাদ্রিদ ওপেনের গত আসরে বিতর্কিত নীল কোর্টে ফেভারিটদের মধ্যে অনেকেই পা হড়কালেও ফেদেরার ছিলেন তার মতোই। কিন্তু এবছর কোর্টটি ফিরেছে প্রথাগত লাল মাটিতে। তবে সময় গড়ানোর সাথে সাথে ফেভারিটদের অপ্রত্যাশিত বিদায় চলছে এবছরও। প্রথম রাউন্ডেই বিদায় নেন মহিলা এককের সাবেক বিশ্বসেরা ক্যারোলিন ওজনিয়াকি। এরপর দ্বিতীয় রাউন্ডে বিদায় নেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই এবং বিশ্বের এক নম্বর পুরুষ তারকা নোভাক জোকোভিচ। তার এক দিন পরেই বিদায় নেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। ফেদেরার এ তালিকায় সর্বশেষ যোগ হলেন। প্রথম সেটে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে এগিয়ে যান নিশিকরি। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ফিরে আসেন সুইস তারকা। মাত্র একটি পয়েন্ট খুইয়েই সেটটি জিতে নেন তিনি। তবে তৃতীয় সেটে ফেদেরারের সার্ভে পয়েন্ট তুলে নিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়া নিশিকরি শেষ পর্যন্ত জিতে নেন সেটটিও। নিশিকরি এর আগে একবার মাত্র ফেদেরারের মুখোমুখি হয়ে হারলেও এবার জিতে স্বাভাবিক ভাবেই ছিলেন দারুণ উচ্ছ্বসিত। ফেদেরারকে হারানো স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার উল্লেখ করে র্যাঙ্কিংয়ের ১৬ তম অবস্থানে থাকা এই তারকা বলেন, ‘সে (ফেদেরার) ছিল আমার আদর্শ। আমার জীবনের অন্যতম লক্ষ্য ছিল তাকে হারানো। আমি ফেদেরারকে হারিয়েছি! এটা উদযাপন করতে আমার কয়েক দিন লাগবে।’ অন্যদিকে পরাজয়ের জন্য নিজেকেই দায়ী করে সুইস সুপারস্টার বলেন, ‘অবশ্যই সে আমার চেয়ে ভাল খেলেছে। বেস লাইন থেকে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এই সমস্যাটা ছিল। আমার পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট নই।’ তবে হেরে গেলেও নিজের গেম প্ল্যান পরিবর্তন করবেন না ফেদেরার। ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি হিসেবে এরপরে রোম মাস্টার্সে খেলবেন বলে তিনি জানান। ফেদেরার-জোকোভিচের বিদায়ে নাদালের জন্য শিরোপা জেতাটা অনেকটাই সহজ হয়ে গেল বলে মনে করছেন অনেকেই। এমনটা ভাবছেন ফেদেরারও। তিনি বলেন,‘পরিষ্কারভাবেই নাদালই শিরোপার প্রধান দাবিদার।’ তৃতীয় রাউন্ডে নাদাল ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন মিখাইল ইয়ুঝনিকে। হাঁটুর ইনজুরি পুরোপুরি সেরে না যাওয়ায় ম্যাচে বেশ কয়েকবারই ব্যথা অনুভব করেছেন নাদাল। যদিও খেলায় তার কোন প্রভাব দেখা যায়নি। ম্যাচ শেষে ইনজুরির বিষয়টি স্বীকার করে র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর তারকাটি বলেন, ‘মাঝে মাঝেই আমি ব্যথা অনুভব করেছি। তবে এ বিষয়ে আমি কথা বলতে চাই না। প্রতিপক্ষের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আমি কেমন আছি সেটা ভাবার সময় এটা নয়।’ শেষ আটে নাদালের প্রতিপক্ষ হবেন আরেক স্প্যানিশ ডেভিড ফেরার। ফেরার তৃতীয় রাউন্ডে হারিয়েছেন বর্ষীয়ান তারকা টমি হাসকে। অন্যদিকে টুর্নামেন্টের তৃতীয় বাছাই ব্রিটেনের অ্যান্ডি মারে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় পেয়েছেন ২-৬, ৬-৪, ৭-৬(৬) গেমে। কোয়ার্টার ফাইনালে মারের প্রতিপক্ষ হবেন টমাস বার্ডিচ। তৃতীয় রাউন্ডে বার্ডিচ হারিয়েছেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে। তবে জোকোভিচকে হারিয়ে চমকে দেয়া ‘ছোট ফেদেরার’ গ্রিগর দিমিত্রভের স্বপ্ন যাত্রা শেষ হয়ে গেছে। স্তানিস্লাস ওয়াওরিঙ্কা তাকে হারিয়ে পৌঁছে গেছেন কোয়ার্টার ফাইনালে।