সবকিছুর পরও আজ খেলার চ্যালেঞ্জ

আপডেট : ১০ মে ২০১৩, ২১:৪৬
বাংলাদেশের ক্রিকেট ইতিহাস যেন ঠিক করেছে, জিম্বাবুয়েতে নানানভাবে সে ফিরে ফিরে আসবে। এই জিম্বাবুয়েতে ফিরে এলো ২০০৩ বিশ্বকাপের অসহনীয় যন্ত্রণা, ফিরে এলো ২০১১ সালের অপ্রত্যাশিত হারের ধাক্কা, ফিরে এলো ২০০১ সালে সিরিজের মাঝপথে অধিনায়ক হারানোর স্মৃতিও! আজ মাঠে যাই ঘটুক, আরেকটা স্মৃতি ফিরে আসবেই বাংলাদেশের—নিজেদের ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলার স্মৃতি। ২০০৬ সালে খুলনায় এই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। আজ প্রায় সাত বছর পর বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে আবার টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই সাত বছরে বাংলাদেশ-জিম্বাবুয়ে নানা ফরম্যাটের ক্রিকেটে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে। কিন্তু ঘটনাচক্রে আর কখনোই দু দলের টি-টোয়েন্টি লড়াই হয়নি। আজ দুই ম্যাচের সিরিজের ভেতর দিয়ে ফিরে আসবে সেই লড়াই। আজকের পর আগামীকালই সিরিজের দ্বিতীয় এবং দীর্ঘ-ক্লান্তিকর সফরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ একই ভেন্যুতে। এখন চ্যালেঞ্জ একটাই—এই দুটো ম্যাচ, অন্তত আজকের ম্যাচটা জিতে বিস্মৃতির যোগ্য এই সফরকে একটু হলেও সান্ত্বনার সফর বানিয়ে রাখা। প্রথম হারারে টেস্টের পরাজয়ের বিপরীতে দ্বিতীয় হারারে টেস্টে জয়, পরের দুটি ওয়ানডেতে হারের বিপরীতে প্রথম ওয়ানডেতে রেকর্ড জয়; বাংলাদেশের অন-ফিল্ড প্রাপ্তি যে এই সফর থেকে কিচ্ছু নেই তা নয়। কিন্তু মুশফিকুর রহিমের আকস্মিক পদত্যাগ আসলে এসব জয়-পরাজয়কেও গৌন ব্যাপার বানিয়ে ফেলেছে। আজ বাংলাদেশের খেলোয়াড়রা তাই নতুন এক অভিজ্ঞতা নিয়ে মাঠে নামবেন। তাদের মাথায় এই তথ্য থাকবে যে—আজকের ম্যাচের অধিনায়ক আর সম্ভবত তাদের ‘নেতা’ নন! এই ব্যাপারটির ধাক্কা কাটিয়ে ওঠাই আসলে এখন বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ। যদিও টিম-ম্যানেজমেন্ট মনে করছে, একটা জয় পেলে আসলে এইসব নেপথ্য আলোচনার ব্যাপার ভুলে যাবেন খেলোয়াড়রা। এমনকি যে হতাশা, বিস্ময় ঢেকে রেখেছে তাদের; সেখান থেকেও বেরিয়ে আসার টনিক মনে করছেন সবাই আজকের ম্যাচে জয় পাওয়া। ইতিহাস বলছে, জয় পাওয়াটা বাংলাদেশের জন্য কঠিন কোনো কল্পনা নয়। প্রথমত জিম্বাবুয়ের সঙ্গে সেই যে প্রথম ও একমাত্র যে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, তাতে শাহরিয়ার নাফীসের দলই জিতেছিল। সেই ম্যাচের অন্যতম নায়ক আব্দুর রাজ্জাক আজও দলে থাকারই কথা। ফলে জয় বাংলাদেশ আশা করতেই পারে। কিন্তু সেই উড়ন্ত সূচনার পর বাংলাদেশ অবশ্য নিজেদের টি-টোয়েন্টি সাফল্যটা আর ধরে রাখতে পারেনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়সহ নিজেদের প্রথম চার ম্যাচে তিনটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ। মনে হচ্ছিল, বাংলাদেশ বুঝি ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে সবচেয়ে ভালো করবে। কিন্তু অদ্ভুত কোনো এক কারণে পরের বছরগুলোতে বাংলাদেশ এই ফরম্যাটেই সবচেয়ে খারাপ ফল করেছে। এরপর বাংলাদেশ আরও ২৪টি ম্যাচ খেলে আর মাত্র ৫টি জয় পেয়েছে; এর ৪টিই আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে, একটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই সময়ে এমনকি স্কটল্যান্ড-আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের বিপক্ষেও টি-টোয়েন্টি হেরেছে বাংলাদেশ। এমনকি গত কয়েকমাসে টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের যে স্বপ্নযাত্রা চলছে; সে সময়ও টি-টোয়েন্টিতে ব্যর্থতার চক্রে ঘুরপাক খেয়েছে দলটি। তবে ভরসা একটাই—কাগজে-কলমে অন্তত জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ! যদিও এই সফরে এই ‘কাগজে-কলমে এগিয়ে থাকা’ ব্যাপারটা একটা হাস্যকর ব্যাপারে পরিণত করেছেন ক্রিকেটাররা। এখন দেখার বিষয় অন্তত টি-টোয়েন্টিতে এসে নিজেদের এই এগিয়ে থাকা ব্যাপারটার মর্যাদা রাখতে পারে কিনা বাংলাদেশ। তা পারলে আর কিছু না হোক লজ্জা আর হতাশাটা একটু হয়তো কমবে। এমনকি মুশফিকের সিদ্ধান্তও হয়তো বদলে যেতে পারে!