রিয়াল মাদ্রিদ লা লিগায় টানা চৌদ্দ ম্যাচ অপরাজিত থাকার লক্ষ্য নিয়ে আজ বার্সেলোনা যাচ্ছে। তবে বার্সেলোনা নয় আজ তাদের প্রতিপক্ষ শহরটির দ্বিতীয় ক্লাব এস্প্যানিওল। আর ইনজুরি কাটিয়ে এ ম্যাচ দিয়েই আবার খেলায় ফিরছেন দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
বহু আগেই লিগ হাতছাড়া হয়ে যাওয়ায় রিয়ালের সামনে লক্ষ্য এখন দ্বিতীয় স্থান ধরে রাখা। আর আজকের ম্যাচটি জিতলে দ্বিতীয় স্থানটি অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের। কারণ, দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর চেয়ে এখন আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে তারা।
তুলনামূলক বিচারে দুর্বল প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে রিয়ালের হয়ে কথা বলছে তাদের লিগের পারফরম্যান্সও। লিগে তারা সর্বশেষ পয়েন্ট খুইয়েছে গ্রানাডার বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে। লিগে এ মৌসুমে এখন পর্যন্ত ৩৫ ম্যাচের ২৫টিতেই জয় পাওয়া ব্লাঙ্কোসরা এস্প্যানিওলের বিরুদ্ধে সর্বশেষ হেরেছে ২০০৭ সালের অক্টোবরে। আর এই সময়ে দলটিকে ২৩ গোল দেয়ার বিপরীতে রিয়াল হজম করেছে মাত্র দুটি গোল।
শক্তির হিসেবে দুদলের মধ্যে দুস্তর ব্যবধান থাকলেও গতকাল শুক্রবারের অনুশীলনে বেশ একাগ্রই মনে হলো রিয়ালকে। তিন ভাগে ভাগ হয়ে অনুশীলনে অংশ নেয়া খেলোয়াড়দের মধ্যে ছিলেন আরবিওলা এবং স্যামি খেদিরাও। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ধকল কাটিয়ে এ ম্যাচেই হয়তো মাঠে ফিরছেন তারা। তবে ইনজুরি আক্রান্ত আরেক খেলোয়াড় মার্সেলো ফিরছেন না এ ম্যাচেও। মরিনহো এদিন অনুশীলন করিয়েছেন রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় লরেন্তেকেও। যে কোন একজনের পরিবর্তে লরেন্তে মাঠে নামলেও তাই অবাক হবার কিছু নেই।
অন্যদিকে পয়েন্ট টেবিলের এগারতম স্থানে থাকা এস্প্যানিওল তাদের সর্বশেষ দুটি ম্যাচেই হেরেছে। আর এ ম্যাচেও তারা হয়তো পাচ্ছে দলের অন্যতম স্ট্রাইকার স্যামুয়েলি লঙ্গোকে। ২১ বছরের এই তারকা ইনজুরির কারণে গত মার্চ থেকেই মাঠের বাইরে আছেন।
এদিকে দিনের অন্য তিনটি ম্যাচে মুখোমুখি হচ্ছে রিয়াল ভ্যালাদোলিদ - দেপোর্তিভো লা করুনিয়া, অ্যাথলেটিক বিলবাও - রিয়াল মায়োর্কা এবং ওসাসুনা-গেটাফে।
