চ্যাম্পিয়ন্স ট্রফির পরে দায়িত্ব ছাড়ছেন কারস্টেন

আপডেট : ১০ মে ২০১৩, ২১:৪৬
গ্যারি কারস্টেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচ হিসেবে চুক্তি নবায়ন করছেন না। আগামী আগস্ট মাসেই শেষ হচ্ছে তার বর্তমান চুক্তি। অর্থাত্ দক্ষিণ আফ্রিকাকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলে আনা এই কোচের জন্য ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিই হতে যাচ্ছে শেষ টুর্নামেন্ট। ভারতকে ২০১১ বিশ্বকাপের শিরোপা জেতানোর পরে ঐ বছরের আগস্টে প্রোটিয়াদের কোচ হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন কারস্টেন। প্রয়োজনে এই চুক্তি আরো দু’বছরের জন্য বাড়ানো যাবে, চুক্তিতে ছিল সে ব্যাপারটাও। তবে বাধ্যবাধকতা ছিল, প্রথম মেয়াদ শেষ হওয়ার চার মাস পূর্বেই অর্থাত্ ৩০ এপ্রিলের মধ্যে জানাতে হবে দ্বিতীয় মেয়াদের জন্য তিনি রাজি কিনা। চুক্তির মেয়াদ না বাড়ানোর কারণ হিসেবে কারস্টেন উল্লেখ করেছেন পারিবারিক সমস্যাকে। পরিবারকে আরো সময় দেয়া উচিত বলে মনে করছেন বর্ণাঢ্য এক খেলোয়াড়ী জীবন কাটানো এই তারকা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ) সম্মানই জানাচ্ছে কারস্টেনের এই সিদ্ধান্তকে। সিএসএ সভাপতি ক্রিস নেনজানি বলেন, ‘তার তরুণ একটা পরিবার আছে। পরিবারকে সে আরো বেশি সময় দিতে চাইবে সেটাই স্বাভাবিক। তবে বিদায়ের আগে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রোটিয়াদের উন্নতির জন্য তার অবদানকে। এটা আমাদের সবার কাছেই পরিষ্কার সেটা আমরা কাছ থেকে দেখি অথবা সমর্থকের দৃষ্টিতে দূর থেকে, জাতীয় দলে যে মান সে নিয়ে এসেছে সেটা অসাধারণ। তার অর্জনটা পূর্ণতা পাবে যদি আমরা পরের মাসে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিটা ঘরে আনতে পারি।’ কারস্টেনের জায়গা কে নেবেন সে বিষয়ে নেনজানি পরিষ্কার ভাবে কিছু না জানালেও হয়তো খুব শীঘ্রই আসছে নতুন কোচের ঘোষণা। কারণ জুনে চ্যাম্পিয়নস ট্রফির পরেই শ্রীলঙ্কা সফরে যেতে হচ্ছে প্রোটিয়াদের। এরপরে নভেম্বরে আছে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ। নেনজানি বলেন, ‘জুনে দলকে শ্রীলঙ্কা এবং নভেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে। এরপরে ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি গুরুত্বপূর্ণ হোম সিরিজ আছে। তাই আমাদের হয়তো দ্রুতই তার উত্তরসূরী নির্বাচন করতে হবে।’ তবে কারস্টেনকে প্রধান কোচ হিসেবে না পেলেও অন্য কোন ভূমিকায় তাকে পাওয়ার আশা ছাড়ছেন না নেনজানি। পরামর্শক অথবা উপদেষ্টা যে কোন ভূমিকায় কারস্টেনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে বদ্ধপরিকর তিনি। বিদায়ের ঘোষণার পরে কারস্টেন ধন্যবাদ জানাচ্ছেন দক্ষিণ আফ্রিকা বোর্ডের কর্মকর্তা, খেলোয়াড় সবাইকে। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে অন্যতম সেরা এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ‘সিএসএ আমার উপর আস্থা রেখে যে বিশ্বাসের পরিচয় দিয়েছে তাকে সাধুবাদ জানাতেই হবে। খেলোয়াড় এবং কোচ হিসেবে দলকে নেতৃত্ব দেয়ার যে অনন্য সুযোগ আমি পেয়েছি তা অতুলনীয়। কোচিংয়ের পাশাপাশি আমার পারিবারিক জীবনেও আমি সচ্ছন্দে চলতে পেরেছি, এজন্য আমি সিএসএকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। গত দুই বছরে দারুণ কিছু ব্যাপার ঘটেছে তবে আমি আত্মবিশ্বাসী প্রোটিয়ারা দিন দিন আরো শক্তিশালী হয়ে উঠবে।’