বর্তমান সময়ে পাকিস্তান ক্রিকেট দলের সবচেয়ে সফল পেস বোলার উমর গুলের হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। অস্ট্রেলিয়ায় তার অস্ত্রোপচার করা হয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডর (পিসিবি) এক কর্মকর্তা জানান, খেলোয়াড়দের চিকিত্সার জন্য অত্যন্ত সুপরিচিত অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন ডা. ডেভিড ইয়ং গুলের অস্ত্রোপচার করেন। ওই কর্মকর্তা জানান, ‘গুল সুস্থ আছেন এবং তার মনোবল অটুট রয়েছে। দুই সপ্তাহ পর সে হাল্কা অনুশীলন শুরু করতে পারবে এবং পুরোপুরি সুস্থ হতে তার ছয় সপ্তাহ সময় লাগবে।’
আগামী জুলাই মাসে পাকিস্তান দলের জিম্বাবুয়ে সফরেই গুল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। গত মার্চে দলের দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ডান হাঁটুতে ব্যথা অনুভব করা গুল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নেন।
মেলবোর্নে গুলের সফল অস্ত্রোপচার একটি সুসংবাদ। কেননা সঠিক চিকিত্সা না হলে তার খেলোয়াড়ী জীবন ধ্বংস হয়ে যেতে পারতো।
