একটি জয়ের অপেক্ষায় বাংলাদেশ

আপডেট : ১০ মে ২০১৩, ২১:৪৭
বুলাওয়েতে বাংলাদেশ দলকে মোটেও কোনো হানাবাড়িতে থাকতে দেয়া হয়নি। তারপরও জিম্বাবুয়ে থেকে যতোদূর বর্ণনা শোনা গেল, তাতে মনে হচ্ছে ভূতুড়ে এক হোটেলে বসবাস করছে বাংলাদেশের খেলোয়াড়রা। তেমন কোনো কথাবার্তা নেই, হইচই নেই; শুধু নিষপ্রাণ খেলোয়াড়দের চলাফেরা! জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি অপ্রত্যাশিত ওয়ানডে সিরিজ হার খানিকটা দায়ী খেলোয়াড়দের এই নিষপ্রাণ, বিস্মিত হয়ে পড়ার জন্য। তবে খেলোয়াড়রা আসলে স্তব্ধ হয়ে গেছেন একেবারে বিনা মেঘে মুশফিকুর রহিমের পদত্যাগের ঘোষণা আসায়। এখনো কেউ নাকি বিশ্বাস করতে চাইছেন না, মুশফিক আসলেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। গতকাল টেলিফোনে দলের পরিস্থিতি বর্ণনা দিতে গিয়ে ম্যানেজার তানজীব আহসান সাদ স্বীকার করে নিলেন, খুবই হতচকিত হয়ে পড়েছে খেলোয়াড়রা। তিনি মানলেন যে, সবার ভেতরে তৈরি হয়েছে হতাশা। সাধারণ প্রাণচাঞ্চল্যও নেই সবার মাঝে। তবে এই সমস্যাটা সাময়িক বলেই দাবি করছেন দলের সাদ। সবচেয়ে বড় কথা, এই পরিস্থিতির উন্নয়ন কিভাবে হতে পারে, তাও পরিষ্কার বুঝতে পারছেন সাদ। তিনি সোজা বলে দিলেন, ‘একটি জয়ই বদলে দিতে পারে বাংলাদেশকে। আমরা সেই জয়ের অপেক্ষায় আছি’। আজ জিতলেই দলের ভেতরে তৈরি হওয়া হতাশাও কেটে যাবে বলে টিম ম্যানেজম্যান্টের প্রত্যাশা। বদলে গেলে তো বিরাট পাওয়া। তবে আজ কী হবে, তার চেয়েও এখন ক্রিকেট মহলে বড় আলোচনা যা হয়েছে, সেই মুশফিকুরের সিদ্ধান্ত নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি পরিষ্কার বলেছেন, মুশফিক অভিমান-আবেগ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। নেতৃত্ব দিলে দলকে নিয়েই একটা প্রত্যাশা থাকে অধিনায়কের। কার্যত ওয়ানডে সিরিজ হেরে যাওয়ায় অভিমানে মুশফিক এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এসব বিষয়ে পাশাপাশি নেপথ্যের আরও কিছু বিষয় আসছে আলোচনায়। প্রথমত, দলীয় কোন্দল। দ্বিতীয়ত, নেতৃত্ব দেয়া মুশফিকের কথা কেউ শুনছে না। যদিও দলের ম্যানেজার এর কোনটিই মানতে চাইলেন না। বরং তিনি বললেন, ‘আসলে সিরিজ হেরে যাওয়ায় অনেকে অনেক কথা বলছে। যদি বাংলাদেশ জিততো, তাহলে মুশফিকও নেতৃত্ব ছাড়তে চাইতো না। চারদিকে এত সমালোচনার ঝড়ও হতো না। আমার কাছে যেটা মনে হয়, একটি জয় আবার বাংলাদেশকে আগের জায়গায় ফিরিয়ে দিতে পারে’। দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেলে। তাই বাংলাদেশ দলও কাল বুলাওয়ের কুইন্স ক্লাব মাঠে টি-টোয়েন্টির অনুশীলন সেরেছে সন্ধ্যার ফ্লাড লাইটের আলোতে। দলের ম্যানেজার জানালেন, কাল একসাথে সবাই মিলে জুমার নামাজ পড়েছে। সবাই চেষ্টা করছে যেন সবকিছু ভুলে থাকতে। কিন্তু খেলোয়াড়রা কী আসলে সব ভুলতে পারছে? দৃশ্যত মনে হচ্ছে না। অভিজ্ঞরা বলছেন, সেই ২০০৩ বিশ্বকাপ বা ২০১১ সালের সেই জিম্বাবুয়ে সফরের মতোই পরিস্থিতি এখন দলের হোটেলে। তবে এবার ওয়ানডে সিরিজ হারানোর চেয়ে অধিনায়কের পদত্যাগ নিয়েই চারদিকে ঝড় একটু বেশি। বোর্ড সভাপতি চাইছেন, মুশফিকের এমন সিদ্ধান্তের সঠিক কারণ খুঁজে বের করতে। অধিনায়ক বোর্ড সভাপতিকে যে কথা বলেছেন, তার সারমর্ম হচ্ছে দলীয় কোন্দল, টিম ওয়ার্ক নেই- ওয়ানডে সিরিজ হারের মূল কারণ ব্যাখ্যা করেছেন এটি। অবশ্য টিম ওয়ার্ক নেই: মুশফিককে কেউ সাহায্য করেনি এমন ধারণা করতে চাইছেন না দলের ম্যানেজার, ‘দলের সাথে প্রায় একমাস কাটিয়ে দিচ্ছি। এরকম কিছু হলে আমি তো আগে টের পাব। তাছাড়া মুশফিকের সাথে আমার প্রতিদিন কথা হয়। গতকালও কথা হয়েছে। কেউ তাকে সাপোর্ট দেয় না এ ধরনের কোন কথা আমার সাথে বলেনি। তাই আমার কাছে মনে হচ্ছে না দলের ভেতরে এমন কোন সমস্যা আছে’। তবে সাদ যাই বলুন, কিছু একটা অভিনব ঘটনা না হলে মুশফিক এমন অভিনব সিদ্ধান্ত নিতেন বলেও কেউ মনে করছেন না। স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে পদত্যাগের বিষয়টি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথম। এ কারণে একটা ধাক্কা লেগেছে সবার মাঝে। বোর্ড সভাপতি কারণ অনুসন্ধানের জন্য টিম ম্যানেজম্যান্টের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। দল ঢাকায় আসলেই নির্বাচক, ম্যানেজার, হেড অব ডেলিগেশন এবং কোচের রিপোর্ট দেখার পরই মুশফিকের বিষয়টির একটা সিদ্ধান্ত নিবে ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে সফরের পর বাংলাদেশ ক্রিকেটে লম্বা একটা বিরতি হবে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নিউজিল্যান্ড দল ঢাকায় আসবে। এর মধ্যে অধিনায়কের বিষয়েও একটা সমাধান হবে বলে মনে করে বিসিবি।