প্রিমিয়ার লিগের জট খুলতে পারে সোমবার

আপডেট : ১০ মে ২০১৩, ২১:৫৮
ঢাকা মহানগর প্রিমিয়ার লিগ নিয়ে জটিলতা আর কাটছেই না। সর্বশেষ খেলোয়াড়দের নিলামে তুলে লিগ আয়োজনের বিশেষ ব্যবস্থা করতে চেয়েছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। তারপরও লিগ নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে। খোদ লিগ কমিটিই এখনও নিশ্চিত না যে চলতি মৌসুমের লিগ আয়োজন করতে পারবে কি না তারা। কেন লিগ আয়োজন হচ্ছে না; এ নিয়ে পরস্পরের প্রতি দোষ চাপানো চলছেই। এরই মধ্যে এখন ক্রিকেট পাড়ায় গুঞ্জন—মূলত ঢাকার বড় ক্লাবগুলোর আপত্তির মুখেই লিগ দফায়-দফায় পিছিয়ে যাচ্ছে। আর লিগ নিয়ে এসব জটিলতার অবসান করতে সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ক্লাবগুলোর সাথে বৈঠকে বসবেন। এরপর লিগ শুরুর একটা সিদ্ধান্ত নিতে পারবে বলে জানালেন সিসিডিএম চেয়ারম্যান জালাল ইউনুস। প্রথমে খেলোয়াড় সংকটের কারণে লিগ পিছিয়ে দেয়া হয়েছিল। এরপর খেলোয়াড়রা বেশি পারিশ্রমিক দাবি করছে বলে ক্লাবগুলো বিসিবির কাছে লিগ পেছানোর দাবি তোলে। এরই পরিপ্রেক্ষিতে বিসিবি লিগ পিছিয়ে দেয়। এবং খেলোয়াড়দের নিলামে তুলে তাদের পারিশ্রমিকও বেঁধে দেয়ার পরিকল্পনা করা হয়। এত কিছুর পরও লিগ শুরু করতে পারবে কিনা তা জোর গলায় বলতে পারছে না সিসিডিএম। জাতীয় দলের জিম্বাবুয়ে সফরে দলে ছিল মাত্র ১৬জন খেলোয়াড়। কিন্তু ক্লাবগুলোর দাবি ছিল লিগ খেলার মত খেলোয়াড় ছিল না। ক্লাবগুলোর এমন দাবির পরিপ্রেক্ষিতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) ১৮১ জনের একটি তালিকা পাঠিয়ে দেয় বিসিবির কাছে। নামপ্রকাশ না করার শর্তে জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান অভিমান করেই বলেছেন, ‘পারফর্ম করতে পারিনি বলে জাতীয় দলে ঢুকতে পারেনি। ঘরোয়া ক্রিকেটও যদি এভাবে বন্ধ হয়ে থাকে তবে আমরা পারফর্ম দেখানোর সুযোগ পাব কিভাবে?’ সিসিডিএম চেয়ারম্যানও তার সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, ‘প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ক্রিকেট ইতোমধ্যে শেষ হয়ে গেছে। তৃতীয় বিভাগ ক্রিকেটও শেষের পথে। অথচ, এখনো প্রিমিয়ার লিগ শুরুই করতে পারিনি’। জানা গেছে, ক্লাব অফিসিয়ালরা খেলার জন্য সম্মত হলেও ক্লাবগুলোর পৃষ্ঠপোষকরা চান না জাতীয় দলের খেলোয়াড় ছাড়া প্রিমিয়ার লিগ খেলতে। তাই জিম্বাবুয়ে সফর থেকে বাংলাদেশ দল ফিরলে লিগ খেলতে প্রস্তুত তারা। সিসিডিএম চেয়ারম্যান অবশ্য এখনো আশাবাদী এ মাসের মধ্যে লিগ শুরু করতে পারবে তারা। বৃষ্টির মৌসুম হলেও আগষ্টের মধ্যে লিগ শেষ করতে পারবে বলে বিশ্বাস সিসিডিএমের।