রিচার্ডসের চোখে ক্রিকেটের ত্রাতা টি- টুয়েন্টি

আপডেট : ১০ মে ২০১৩, ২১:৫৯
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি খেলোয়াড় ভিভ রিচার্ডস মনে করেন টি টুয়েন্টি ক্রিকেটের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাত্কারে ৬১ বছর বয়সী রিচার্ডস অবশ্য একই সাথে টেস্ট ক্রিকেটের মুমূর্ষু অবস্থার কথাও তুলে ধরেন। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল দিল্লী ডেয়ার ডেভিলসের ‘মেন্টর’ রিচার্ডস বলেন, ‘ক্রিকেটকে নতুন প্রাণ দিয়েছে টি-টুয়েন্টি। এতে কিছুটা হলে আবারো জেগে উঠেছে ক্রিকেট।’ প্রথম টেস্ট এবং পরে ওয়ানডে, এই দু’টিতেই সীমাবদ্ধ ছিল বিশ্ব ক্রিকেট। এরপর নতুন সংযোজন হয়েছে টি-টুয়েন্টি ক্রিকেট। সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেট নিয়ে অনেকেই সমালোচনা করলেও অনেক ইতিবাচকতার কথাও বলেছেন। এর মধ্যেই ক্রিকেটের সর্বশেষ সংস্করণটির পক্ষে কথা বললেন এই ক্যারিবীয় গ্রেট। এ ব্যাপারে তিনি বলেন, ‘টি-টুয়েন্টি সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা। ছোট-বড় যে ধরনের হোক না-কেন এটি একটি ক্রিকেট খেলা। এটি ক্রিকেটকে নতুন জীবন দিয়েছে। টি-টুয়েন্টির কারণে ক্রিকেটে নতুন প্রাণও এসেছে। টি-টুয়েন্টি উন্মাদনায় আবারো জেগে উঠেছে ক্রিকেট। ভক্তরা বেশ উপভোগ করছে এই ঘরানার খেলাটি। তারা এই ফরম্যাটকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে।’ রিচার্ডস অবশ্য টেস্ট নিয়ে বেশ চিন্তিত। টেস্ট ক্রিকেট বর্তমানে বেশ খারাপ অবস্থাতেই রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমি অনুভব করি টেস্ট ক্রিকেট বর্তমানে মুমূর্ষু অবস্থাতেই রয়েছে। পুরো বিশ্বে এখন অনেক কম দর্শক টেস্ট ম্যাচ দেখে। একমাত্র ভারত ছাড়া কোথাও তেমন দর্শক দেখা যায় না। ভারতে টেস্ট ম্যাচ হলে দর্শকরা মাঠে আসে এবং খেলাও দেখে। কিন্তু অন্যান্য ভেন্যুতে তেমন দর্শক দেখা যায় না।’ ওয়েস্ট ইন্ডিজের জার্সি চাপিয়ে ১৯৭৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত খেলেছেন রিচার্ডস। ওই সময় হেলমেট ছাড়াই বাঘা বাঘা বোলারদের সামলেছেন তিনি। সেই স্মৃতি মনে করিয়ে দিতেই রিচার্ডস বলেন, ‘হেলমেটটা কোন বিষয়ই ছিল না। আমি সবসময় ক্যাপ পরে খেলতেই খুব বেশি পছন্দ করতাম। আমার মনে হতো ক্যাপ দিয়ে খেলতে পারলেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা বেশি ফুটে উঠে। ব্যাটসম্যান-বোলার যে হিসেবেই খেলি না কেন, দেশের হয়ে খেলতে পারাটাই সবচেয়ে বেশি সম্মানের। আমি গর্বিত যে দেশের হয়ে অনেকদিন খেলতে পেরেছি।’ ক্রিকেট থেকে ১৯৯১ সালে অবসর নেন রিচার্ডস। নিজের বিদায়ের মুহূর্তটা খুবই হতাশার ছিল বলে জানান এই ক্যারিবীয় কিংবদন্তি। অবসর নেবার মুহূর্তটি সম্পর্কে রিচার্ডস বলেন, ‘১৯৯১ সালে যখন আমি অবসর নিই, সেসময় মনে হয়েছিল আমি মৃত্যুবরণ করেছি। কিন্তু ভারতে এসে আইপিএলের একটি দলের সাথে যুক্ত হতে পেরে মনে হচ্ছে নতুন জীবন পেয়েছি।’ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২১টি টেস্ট ও ১৮৭টি ওয়ানডে ম্যাচ খেলেন রিচার্ডস। ২৪টি সেঞ্চুরিতে টেস্টে ৮,৫৪০ রান এবং ১১টি শতকে ওয়ানডেতে ৬,৭২১ রান করেন তিনি। বল হাতে টেস্টে ৩২ ও ওয়ানডেতে ১১৮ উইকেট শিকার করেন রিচার্ডস।-বাসস