সামনের মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের স্থান নিশ্চিত করার জন্য আজকের ম্যাচে জয় চাইছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ অ্যাওয়ে ম্যাচে ব্লুজরা মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার।
এমনি বেশ কিছু দিন যাবত্ দুর্দান্ত ফর্মে আছে কোচ রাফায়েল বেনিতেজের দল। গত বুধবার টটেনহ্যাম হটস্পারের সাথে ড্র করেছে তারা। ফলে ৬৬ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে আছে স্পার্সরা। আর ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। ম্যাচটির আগে বেশ আত্মবিশ্বাসী থাকবে চেলসির খেলোয়াড়রা। সামপ্রতিক সময়ের ম্যাচগুলোয় তাদের পারফরম্যান্সই এই আত্মবিশ্বাসের কারণ। শেষ ছয়টি লিগ ম্যাচে তাদের হারাতে পারেনি কোন দলই। আর জিতেছে তার মধ্যে চারটি ম্যাচেই।
আর চেলসির আত্মবিশ্বাসের আরও বড় কারণ দু’দলের শেষ ম্যাচের ফলাফল। গত বছরের ডিসেম্বর মাসে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজেই অ্যাস্টন ভিলাকে ৮-০ গোলে বিধ্বস্ত করে চেলসি।
তবে ম্যাচের আগে ইনজুরি সমস্যা বেশ ভালই ভোগাচ্ছে চেলসিকে। রায়ান বার্টান্ড আগে থেকেই ইনজুরিতে। আর এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বেলজিয়ান তারকা মিডফিল্ডার ইডেন হ্যাজার্ডের নাম। আর সন্দেহ আছে ওরিয়েল রোমেউ আর ভিক্টর মোসেসকে নিয়েও। কোচ রাফায়েল বেনিতেজ জানিয়েছেন, শুরু থেকেই মাঠে থাকবেন ল্যাম্পার্ড।
