জাতীয় হকির সাবেক খেলোয়াড় মালেকের ইন্তেকাল

আপডেট : ১০ মে ২০১৩, ২১:৫৯
সাবেক জাতীয় হকি খেলোয়াড় ও কোচ আব্দুল মালেক চুন্নু গতকাল শুক্রবার সকালে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াব্যক্তিত্ব আব্দুল মালেক দীর্ঘদিন ডায়াবেটিক ও কিডনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার মেঝ ছেলে আব্দুস সাজ্জাদ জন জাতীয় হকি দলের খেলোয়াড়। মরহুমের নামাজে জানাজা বাদ জুমা মাহুত্টুলীস্থ তারা মসজিদে অনুষ্ঠিত হয়। ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, জাতীয় হকি দলের খেলোয়াড় ও হকি ফেডারেশনের কর্মকর্তাগণ তার জানাজায় উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। ঢাকায় ১৯৫৮ সালের ১ জানুয়ারি জন্ম নেয়া আব্দুল মালেকের খেলোয়াড়ী জীবন শুরু ১৯৭৪ সালে মাহুত্টুলী স্পোর্টিং ক্লাব থেকে। পরবর্তীতে বিভিন্ন সময়ে আবাহনী, মোহামেডান এবং সাধারণ বীমার পক্ষে লিগ খেলেছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই ক্রীড়া ব্যক্তিত্ব। বিভিন্ন আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। এরমধ্যে ১৯৭৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতা, ১৯৭৮ সালে ব্যাংককে অনুষ্ঠিত অষ্টম এশিয়ান গেমস, ১৯৮৬ সালে কোরিয়ায় অনুষ্ঠিত দশম এশিয়ান গেমসেও অংশগ্রহণ করেন। এছাড়া ১৯৮১ সালে লাহোরে অনুষ্ঠিত প্রথম এশিয়া কাপ, ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়া কাপ এবং ১৯৮৯ সালে দিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় এশিয়া কাপ হকিতেও খেলেছেন আব্দুল মালেক। ১৯৮২ সালে দিল্লিতে অনুষ্ঠিত নবম এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের অধিনায়কও ছিলেন তিনি। খেলোয়াড়ী ক্যারিয়ার শেষে বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয় যুব ও জাতীয় হকি দলের কোচেরও দায়িত্ব পালন করা আব্দুল মালেক সর্বশেষ জাতীয় ক্রীড়া পরিষদে হকি কোচের দায়িত্বে ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই ক্রীড়া ব্যক্তিত্ব ১৯৭৯-১৯৮১ সাল পর্যন্ত আজাদ স্পোর্টিং ক্লাবের পক্ষে প্রথম বিভাগ ফুটবল লিগেও খেলেছেন। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৪ সালে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হন। এছাড়া বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন । আব্দুল মালেক চুন্নুর ইন্তেকালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি মো. হাসান উল্লাহ খান রানা ও সাধারণ সম্পাদক মোস্তফা মামুনসহ বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠন শোক প্রকাশ করেছেন।