বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হচ্ছে চট্টগ্রাম ইস্পাহানি ক্রিকেটের সুপার সিক্স পর্ব। দফায় দফায় পরিবর্তন করতে হচ্ছে ফিকশ্চার। আর্থিক ক্ষতির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই পর্বে অংশগ্রহণকারী দলগুলোকে। এরপরও লিগ শেষ করতে বদ্ধপরিকর সিজেকেএস ক্রিকেট লিগ কমিটি। যদিও তাদের অসময়ে প্রতিযোগিতা আয়োজনের কারণেই দৃশ্যত এ ভোগান্তি।
ইতিমধ্যে সুপার সিক্স পর্বে সাতটি খেলা সম্পন্ন হলেও বৃষ্টির বাগড়ায় পণ্ড হয়েছে অধিকাংশ ম্যাচ। এর মধ্যে আছে শিরোপা প্রত্যাশী এফএমসি স্পোর্টস ও সিটি কর্পোরেশন একাদশের খেলাটি যা অনুষ্ঠিত না হওয়ায় শেষ পর্যন্ত এক পয়েন্ট করে ভাগ করে দেয়া হয় দুই দলকে। অসময়ে ক্রিকেট লিগ শুরু করার কারণে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিমত দিয়েছেন ভুক্তভোগী ক্লাব কর্মকর্তারা।
এর মধ্যে গতকাল এফএমসি স্পোর্টস ও বন্দর ক্রীড়া সমিতির ম্যাচটি কোনক্রমে শেষ হয়েছে। এতে এফএমসি স্পোর্টস জয়ী হয় ২৪ রানে।
