সেরেনা-শারাপোভা ফাইনালে

আপডেট : ১১ মে ২০১৩, ২১:৫৩
সেরেনা উইলিয়ামস এবং মারিয়া শারাপোভা গতকাল শনিবার নিজ নিজ খেলায় জয়ী হয়ে মাদ্রিদ ওপেনের ফাইনালে উঠেছেন। তবে কোয়ার্টার ফাইনালেই থমকে গেছে অ্যান্ডি মারের ক্লে কোর্টে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন। শেষ আটের লড়াইয়ে গত শুক্রবার তিনি ৭-৬, ৬-৪ গেমে পরাস্ত হন টমাস বার্ডিচের কাছে। টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির ফাইনালে ওঠার পথে সেরেনার সামনে বাধা হিসেবে ছিলেন ইতালির সারা এরানি। তবে কোয়ার্টার ফাইনালে রাশিয়ার একাতেরিনা ম্যাকারোভাকে সরাসরি সেটে হারানো এরানি এদিন দাঁড়াতেই পারেননি তার আমেরিকান প্রতিপক্ষের সামনে। ৭-৫, ৬-২ গেমে তাকে পরাজিত করেন সেরেনা। অন্যদিকে রাশিয়ান তারকা শারাপোভা প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন সাবেক এক নম্বর আনা ইভানোভিচকে। নিজের পুরনো ফর্ম খুঁজে ফেরা ইভানোভিচকে ৬-৪, ৬-৩ গেমে উড়িয়ে দেন শারাপোভা। অন্যদিকে পুরুষ এককে বার্ডিচের সামনে গত শুক্রবার দাঁড়াতেই পারেননি বিশ্ব র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা মারে। টুর্নামেন্টের গত আসরের রানার-আপ বার্ডিচ এ নিয়ে ক্লে কোর্টে সর্বশেষ দুটি লড়াইয়েই হারালেন মারেকে। চলতি বছরে এখনো পর্যন্ত একটি শিরোপাও জিততে না পারা বার্ডিচ ম্যাচের প্রথম সেটটিকেই মানছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে। চেক এই তারকা বলেন,‘আমি যদিও ভালভাবে ম্যাচটা শুরু করতে পারিনি, তারপরও প্রথম সেটের ফলটা নিজের দিকে আনতে পেরেছি। এটাই ছিল টার্নিং পয়েন্ট। আপনি জানেন তাকে (মারে) হারানো মোটেই সহজ নয়। যদিও আমরা মাত্র দুটি সেট খেলেছি তবে সেদুটি ছিল অনেক বেশি সময় নেয়া সেট। এধরনের ম্যাচে ছোট ছোট সুযোগের জন্যও আপনাকে লড়াই করতে হয়।’ নোভাক জোকোভিচ, রজার ফেদেরারের পর এবার অ্যান্ডি মারে। ফলে ‘বিগ ফোরের’ মধ্যে বাকি রইলো কেবল নাদাল। নাদাল এদিন স্বদেশী ফেরারকে হারিয়েছেন ৪-৬, ৭-৬, ৬-০ গেমে। প্রথম সেটটি জেতার পর দ্বিতীয় সেটেও ফেরার এগিয়ে যান ৪-৩ ব্যবধানে। নাদালের ইনজুরির সুযোগে তাকে টপকে বর্তমানে র্যাঙ্কিংয়ের চার নম্বর অবস্থানে থাকা ফেরার শেষ পর্যন্ত পেরে ওঠেননি নাদালের পাওয়ার টেনিসের সাথে। এ পর্যন্ত ক্লে কোর্টে ১৫ বার নাদালের মুখোমুখি হয়ে একবার মাত্র জয়ের দেখা পাওয়া ফেরার নাদালের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে বলেন,‘ক্লে কোর্টে সে সবসময়ই ফেভারিট। সন্দেহাতীতভাবেই সে ক্লে কোর্টের সেরা খেলোয়াড়।’