ব্রাজিলকে ফিফার সতর্কবার্তা!

আপডেট : ১১ মে ২০১৩, ২১:৫৪
২০১৪ ফুটবল বিশ্বকাপ যতোই ঘনিয়ে আসছে ততোই সমস্যা প্রকট হচ্ছে আয়োজক দেশ ব্রাজিলের জন্য। এবার বিশ্বকাপের ছয়টি ভেন্যুর নির্মাণকাজের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করলো ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সমপ্রতি, ‘নতুন-রূপ’ ধারণ করা মারাকানা স্টেডিয়ামের দ্বিতীয় প্রস্তুতিমূলক প্রতিযোগিতা বাতিল করা হয়েছে, যার কারণে আসন্ন কনফেডারেশন কাপ আয়োজনেও ব্যর্থতার মুখ দেখতে পারে আয়োজক কমিটি। এর উপর ব্রাজিলের জন্য নতুন বিপদ হয়ে এসেছে ফিফার সতর্কবার্তা। ফিফা এরই মধ্যে মারকানা স্টেডিয়ামের ধারণক্ষমতার ব্যাপারে সন্তোষ প্রকাশ করলেও তাদের দৃষ্টি এখন কনফেডারেশন কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে না এমন ছয়টি ভেন্যুর দিকে। ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে ভেন্যু বুঝে পাওয়ার কথা থাকলেও কুইয়াবা, মানাউস, নাতাল, কুরিতিবা, পোর্তো অ্যালেগ্রি ও সাও পাওলো স্টেডিয়ামের নির্মাণকাজ এখনও শেষ হয়নি। তাই আয়োজক কমিটিকে আরও একবার সময়ের ব্যাপারে সতর্ক করে দিলো ফিফা। ফিফার একজন মুখপাত্র বলেন, ‘ ফিফা কনফেডারেশন কাপের আগে কমপক্ষে দুটি করে প্রস্তুতিমূলক প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে সেই ২০১২ সালের নভেম্বর মাস থেকে আমরা অনুরোধ করে আসছিলাম। আর এতে কোন সন্দেহ নেই যে, আরও কয়েকটি স্টেডিয়ামের পরীক্ষা করা এখনও বাকি। আর এই জন্যই বিশ্বকাপ শুরু হওয়ার ছয় মাস আগে আমরা ভেন্যুগুলো বুঝে নিতে চেয়েছিলাম।’ নির্মাণ কাজের মধ্যেও কিছুটা দায়িত্ববোধের অভাব দেখতে পাচ্ছে ফিফা। এর পরেও সফল বিশ্বকাপ আয়োজনের জন্য তাই ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে সব ভেন্যুর নির্মাণকাজের শেষ দেখতে চায় ফিফা, ‘রিও ডি জেনিরো, স্থানীয় আয়োজক কমিটি ও নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান একত্রে কাজ করছে। আর স্টেডিয়ামগুলোর কয়েকটি জায়গায় যে সমস্যা আছে সেটা কাটিয়ে ওঠার জন্য পরীক্ষা করে নেয়া দরকার। তাই ২০১৩ সালের ডিসেম্বরের আগেই স্টেডিয়াম আমাদের হাতে চলে আসা অত্যন্ত জরুরি।’ আর ফিফার অসন্তুষ্ট হওয়ার যথেষ্ট কারণও আছে। ছয়টি স্টেডিয়ামেরই বদলি খেলোয়াড়দের বসার জায়গা মাটি থেকে কিছুটা নিচে নির্মাণ করা হয়েছে, ফিফা এই নকশা অনুমোদন করে না। তাই, এগুলোর প্রয়োজনীয় সংস্কার বা পুনঃনির্মাণ করতে বলা হয়েছে। সমস্যা আছে টিকেট বিক্রির জন্য নির্মাণ করা দর্শক সারিতেও। তবে সময়মতো স্টেডিয়াম হাতে না পেলে প্রয়োজনে বাতিলও হতে পারে ব্রাজিল বিশ্বকাপ। এমনটাই আভাস দিলেন ফিফার ওই মুখপাত্র, ‘আয়োজক শহর, কেন্দ্রীয় সরকার আর স্টেডিয়ামের মালিকরাও নির্ধারিত সময়ের আগে স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ করার ব্যাপারে কথা দিয়েছেন। স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে বিশ্বকাপের মতো জাঁকজমকপূর্ণ উত্সবকে ঝুঁকিতে ফেলবে না ফিফা। আর তাই যেকোন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোন আপোষ করা হবে না।’ এদিকে আসছে জুনের ২ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে মারাকানা স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আর এই ম্যাচকে সামনে রেখে স্বাগতিক কোচ লুইস ফিলিপ স্কোলারিও মারাকানা স্টেডিয়ামের প্রস্তুতি নিয়ে নিজের দুশ্চিন্তার কথা জানালেন, ‘ মারাকানা স্টেডিয়ামের সব ঠিকই আছে। স্টেডিয়ামের চারপাশের কাজ এরমধ্যেই শেষ হয়ে গেছে। মাঠ, লকার রুম সবই চমত্কার। তবে, এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না। নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিই ভাল বলতে পারবেন। ২ জুনের ম্যাচের আগে কাজ শেষ হবে নাকি সে ব্যাপারে কিছু জানি না।’ মারাকানা স্টেডিয়ামের নতুন সংস্করণে এই প্রথমবারের মতো কোন ম্যাচ উপভোগ করতে যাচ্ছেন দর্শকরা। ব্রাজিল বিশ্বকাপ নিয়ে সংকট কোন নতুন ব্যাপার নয়। এর আগেও কম ঝামেলা পোহাতে হয়নি আয়োজকদের। তহবিল সংগ্রহ থেকে শুরু করে নির্মাণকর্মীর আকস্মিক মৃত্যু। আর ফিফার নতুন সতর্কবার্তার পর এবার দ্রুততার সাথে নির্মাণকাজ শেষ করার কোন বিকল্প নেই আয়োজক কমিটির সামনে।