বিফলে গেল সাকিবের ‘ফেরা’

আপডেট : ১১ মে ২০১৩, ২১:৫৪
বাংলাদেশ দলের ড্রেসিংরুমে বসে আরো একটি পরাজয় দেখলেন সাকিব আল হাসান। স্বরূপে ফিরেও দলকে জেতাতে পারলেন না তিনি। ইনিংসের শুরুতে এমন একটা সূচনা এনে দেয়ার পরও শেষ পর্যন্ত থেমে গেছে জয়ের স্বপ্ন। পুরো সিরিজে সাকিবের স্বরূপে ফেরার নিয়ে সমর্থকদের যে প্রত্যাশা ছিল কাল সেটা পূরণ হলো ঠিকই। কিন্তু তাতে এড়ানো গেল না জিম্বাবুয়ে সফরে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলটির আরো একটি পরাজয়। তিনটি ওয়ানডে ম্যাচে ব্যাট ও বলের অফ-ফর্মের পর অবশেষে সাকিব কাল দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নৈপুণ্যে ফিরলেন। ব্রায়ান ভিটোরি, তেন্ডাই চাতারা, প্রসপার উেসয়াদের দাঁড়াতে দেননি তিনি। তুলে নিলেন ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি ফিফটি। জিম্বাবুয়ে সিরিজে অনেক কিছু হারিয়েছেন তিনি। ওয়ানডে সিরিজে ফর্ম নেই বলে সমালোচকদের ছোঁড়া তীর বিদ্ধ করেছে তাকে। খোয়াতে হয়েছে বিশ্বের সেরা ওয়ানডে অলরাউন্ডারের স্থানটি। সিনিয়রদের ফর্ম নেই বলে চারিদিকের শোরগোলও সহ্য করতে হয়েছে তাকে। কাল কিছুটা হলেও এসব সমালোচনা থামাতে পেরেছেন তিনি। মুশফিকুর রহিমের অভিমানের কারণ কি আঁচ করতে পেরেছিলেন টপ অর্ডাররা? তিনটি ওয়ানডে সিরিজ হয়ে গেল, অথচ টপ অর্ডারদের ব্যাট থেকে নেই কোন ফিফটি। অধিনায়ক হিসেবে ড্রেসিংরুমে বসে নিশ্চয়ই এটা মেনে নিতে পারেননি অধিনায়ক। কাল বুলাওয়ের কুইন্স ক্লাব মাঠে মুশফিক অন্তত সাকিব ও শামছুর রহমান শুভর ফিফটির পর কিছুটা হলেও স্বস্তি ফিরে পেতে যাচ্ছিলেন। কিন্তু বাদ সাধল জিম্বাবুয়ের জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে ‘শিন’ ইনজুরিতে বেশ কিছুদিন ভুগছিলেন সাকিব। অস্ট্রেলিয়ায় ডাক্তার ডেভিডের কাছ থেকে চিকিত্সাও নিয়ে এসে অনেকদিন শুশ্রূষা প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। মূলত জিম্বাবুয়ে সফরে জাতীয় দলের হয়ে খেলবেন বলেই টিম ম্যানেজম্যান্টও তার উপর আস্থা রেখেছিল বেশি। অথচ, জিম্বাবুয়ে সফরের শুরুতে সেই আস্থায় মরচে পড়তে শুরু করেছিল। জিম্বাবুয়ের কাছে টেস্ট সিরিজ ড্র, এবং ওয়ানডে সিরিজ হারের ক্ষত শুকাতে না শুকাতে অধিনায়ক মুশফিকের পদত্যাগের ধাক্কায় মুশড়ে পড়েন দলের সিনিয়র খেলোয়াড়রা। অভিযোগ উঠে সিনিয়র খেলোয়াড়রা অধিনায়ককে ভালভাবে সমর্থন দিচ্ছেন না। টপ অর্ডারদের কাছ থেকে কোন রান নেই বলে অভিযোগ তোলেন অধিনায়কও। সমালোচকদের কারো কারো মত আইপিএলে খেলতে না পারার কষ্ট থেকে ভাল খেলতে পারছেন না সাকিব। কাল তিনি এসব সমালোচনার জবাব দিয়েছেন ব্যাট দিয়েই। ইনিংসের শুরু থেকেই ছিলেন অপ্রতিরোধ্য। ভাগ্যও কাল তার পাশে ছিল। না হলে, একবার রান আউটের হাত থেকে বেঁচে যাবেন কেন। তখন তিনি পঞ্চাশ (৪৮) ছুঁই ছুঁই করছেন। এছাড়া ষ্টাম্পিং থেকেও একবার জীবন পেয়েছেন। এ সুযোগগুলোও সাকিবের জ্বলে ওঠায় অবদান রাখে। শুধু কি ব্যাটিং? বল হাতেও অন্য সবার থেকে এদিন আলাদা ছিলেন তিনি। শফিউল ইসলাম, সোহাগ গাজী, আব্দুর রাজ্জাকরা যখন বলের লাইন খুঁজে পাচ্ছিলেন না, সেসময় ম্যাচের মোড় ঘুড়িয়ে দেন সাকিব। ক্রিজে স্থিত দুই ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ও হ্যামিল্টন মাসাকাদজা ড্রেসিংরুমে ফেরত পাঠিয়েছেন তিনি। ব্যাটিংয়ের মত বোলিংয়েও পুরো জিম্বাবুয়ে সিরিজে ছিলেন নিষ্প্র্রভ। দুই টেস্ট ম্যাচে চার ইনিংসে তার উইকেট সংখ্যা চারটি। তিনটি ওয়ানডে ম্যাচে মাত্র এক উইকেট তার। দুর্ভাগ্য সাকিবের, এত কিছুর মধ্যেও তার জ্বলে ওঠাটা কাজে লাগলো না দলের হারে। স্কোর কার্ড জিম্বাবুয়ে মাসাকাদজা ক গাজী ব সাকিব ৫৯ সিবান্দা ক সাজিদুল ব গাজী ০ টেলর ক তামিম ব সাকিব ৪০ উইলিয়ামস স্টাম্পিং মুশফিক ব মাহমুদুল্লাহ ৬ রাজা ক সাকিব ব শফিউল ১৪ ওয়ালার নট আউট ২৬ মুটোমবডজি নট আউট ১২ অতিরিক্ত (বাই ৪, লেগ বাই ২, ওয়াইড ৫) ১১ মোট (৫ উইকেট ; ২০ ওভার) ১৬৮ উইকেট পতন : ১-১ (০.৩ ওভার), ২-৭৫(৮.৩ ওভার),৩-৯২(১১.২ ওভার), ৪-১২০(১৪.৬ ওভার), ৫-১৪২(১৭.৩ ওভার) বোলিং : সোহাগ গাজী ৪-০-২৮-১, শফিউল ইসলাম ৩-০-২৯-১, আবদুর রাজ্জাক ৪-০-৩৫-০, সাকিব আল হাসান ৪-০-২০-২, সাজিদুল ইসলাম ১-০-১৫-০, মাহমুদুল্লা ৪-০-৩৫-১ বাংলাদেশ তামিম ব ভিটোরি ১ শামসুর ক টেইলর ব উতসেয়া ৫৩ সাকিব ক ওয়ালার ব উতসেয়া ৬৫ মুশফিকুর ক উইলিয়ামস ব পানিয়াঙ্গারা ২৮ নাসির রান আউট (রাজা/মাতম্বোজি) ০ মাহমুদুল্লাহ রান আউট (মাতোম্বোজি/টেইলর) ২ জিয়াউর ক সিবান্দা ব পানিয়াঙ্গারা ২ সোহাগ অপরাজিত ২ রাজ্জাক এলবিডব্লিউ ব পানিয়াঙ্গারা ২ অতিরিক্ত(বাই ১, লেগ বাই ১, ওয়াইড ৩, নো বল ১) ৬ মোট ( ৮ উইকেট, ২০ ওভার) ১৬২ উইকেট পতন: ১-২ (তামিম), ২-১২০ (সাকিব), ৩-১২৪ (শামসুর), ৪-১২৬ (নাসির), ৫-১৩০ (মাহমুদুল্লাহ), ৬-১৪৩ (জিয়াউর), ৭-১৫৯ (মুশফিক), ৮-১৬২ (রাজ্জাক)। বোলিং: ভেটোরি: ৪-০-২৪-১, চাতারা: ৩-০-৩০-০, উতসেয়া: ৪-০-৩৪-২, পানিয়াঙ্গারা: ৪-০-৩২-৩, মাতাম্বোজি: ৪-০-৩৩-০, মাসাকাদজা: ১-০-৭-০। ফল: জিম্বাবুয়ে ছয় রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : হ্যামিল্টন মাসাকাদজা সিরিজ: দুই ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে ১-০ তে এগিয়ে।