শচীন টেন্ডুলকারের অবসরের বিষয়ে অন্য গ্রেটদের পথেই হাঁটলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনথ জয়সুরিয়া। জয়সুরিয়া বলেন, ভারতীয় সিনিয়র ব্যাটসম্যান টেন্ডুলকারের টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্তটি তার উপরই ছেড়ে দেয়া উচিত। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জয়সুরিয়া বলেন, ‘এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে শচীনেরই সিদ্ধান্ত নেয়া উচিত। অন্য কেউ সিদ্ধান্ত নিতে পারে না। এবিষয়ে ভারতে অনেক মত আছে। আমি মনে করি তাকে সুযোগ দেয়া উচিত। এটা সম্পূর্ণটাই তার বিষয়। এটা তার শরীর ও মনের উপর নির্ভর করে।’
সাবেক ওপেনার ও বর্তমানে শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচক আরো বলেন, টেন্ডুলকার অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। তাকে একজন শক্ত চরিত্রের খেলোয়াড় হিসেবেও উলে¬খ করেন জয়সুরিয়া। লঙ্কান সাবেক এই তারকা খেলোয়াড় আরো বলেন, ‘অবশ্যই অনেক বেশি চাপের মধ্যে আছেন তিনি। তিনি অনেক অভিজ্ঞ ও শক্ত মানসিকতার। তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন।’ গত ডিসেম্বরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন টেন্ডুলকার। শ্রীলঙ্কা পর্যটনের শুভেচ্ছা দূত হিসেবে নিজ দেশকে তুলে ধরার লক্ষ্য নিয়ে মুম্বাই রয়েছেন জয়সুরিয়া। - বাসস/পিটিআই
