সাভার দুর্ঘটনার দীর্ঘ সতেরো দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমাকে জীবিত অবস্থায় উদ্ধার করা একটি মিরাকল তো বটেই, সেই সাথে উদ্ধারকার্যরত আমাদের সামরিক ও অসামরিক ইউনিটগুলোর দক্ষতা ও সাফল্যের প্রমাণ। এই উদ্ধারকাজে নিজেদের দক্ষতা ও সামর্থ্যের উপর সরকারের আস্থা ছিলো বলেই তারা হুট করে বিদেশি সাহায্য নিতে চাননি। ফলে আমাদের আঁতেল শ্রেণীর কিছু লোক ক্ষুব্ধ হয়েছিলেন। তারা খবরের কাগজে কলাম লিখে এবং টিভি টকশোতে বক্তব্য রেখে সরকারের দারুণ সমালোচনা করেছিলেন। ভাবখানা ছিল এই যে, এই সাহায্য নিলেই যেন ট্র্যাজেডির ধাক্কা কমে যেতো। উদ্ধারকার্য আরো দ্রুততর হতো। এটা যে তাদের কল্পনাবিলাস এবং সরকারের একটা খুত ধরার প্রয়াস এবং যেকোনো ব্যাপারে বিদেশি সাহায্যের উপর নির্ভরতার কলোনিয়াল যুগের মানসিকতার প্রকাশ, তা বুঝতে খুব একটা কষ্ট হয় না। অথচ এই আঁতেলদের কেউ কেউ আবার ফরেইন এইড বা বিদেশি সাহায্যের উপর আমাদের অর্থনীতির নির্ভরতার সমালোচনা করে পাণ্ডিত্যপূর্ণ বড় বড় নিবন্ধ লেখেন।
সাভার দুর্ঘটনায় ত্রাণকার্যে, নিহত ও আহতদের পরিবারবর্গের পুনর্বাসনে, আহতদের চিকিত্সার জন্য যদি পশ্চিমা সরকার ও দাতা সংস্থাগুলো থেকে আর্থিক সাহায্য, ওষুধপত্র এবং অন্যান্য ত্রাণসামগ্রী আসে, সরকার অবশ্যই তা গ্রহণ করবেন। কিন্তু সরকার সাভার দুর্ঘটনায় যে বিদেশি সাহায্যটি প্রত্যাখ্যান করেছেন, সেটি মূলত উদ্ধারকার্যে বিশেষজ্ঞ পাঠানোর প্রস্তাব। সাভার দুর্ঘটনায় এই বিদেশি বিশেষজ্ঞ আমাদের প্রয়োজন নেই।
বন্যা, ধস, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও ভবন ধসের মতো দুর্ঘটনাগুলোতে ত্রাণ ও উদ্ধারকার্যে আমাদের সামরিক ও অসামরিক সার্ভিসগুলোর দক্ষতা এখন বিশ্ববিদিত। এমনকি জাতিসংঘের শান্তিবাহিনী হিসেবে বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তিরক্ষা এবং ত্রাণ ও পুনর্গঠন কার্যে বাংলাদেশের সামরিক বাহিনী সর্বাধিক প্রশংসা অর্জন করেছে। এই অবস্থায় নিজের দেশে তারা সাভারের মতো এতো বড় ট্র্যাজেডিতে ত্রাণ ও উদ্ধারকার্যে আন্তরিকতা ও দক্ষতা দেখাবে না, বিদেশ থেকে বিশেষজ্ঞ আনতে হবে, এটাতো হাস্যকর প্রস্তাব। দরকার ছিলো উদ্ধারকার্যে ব্যবহারের জন্য কিছু সরঞ্জামের, আহতদের জন্য রক্ত, কাপড়-চোপড়, ওষুধ ইত্যাদির। এই ব্যাপারে দেশের মানুষ—বিশেষ করে ঢাকার নাগরিকেরা যে ভূমিকা রেখেছেন তা অতুলনীয়। বেসরকারি প্রচেষ্টায় ঢাকায় অসংখ্য রক্তদান কেন্দ্র গড়ে উঠেছিলো। হাজার হাজার মানুষ স্বেচ্ছায় রক্তদানের জন্য এই কেন্দ্রগুলোতে ছুটে গেছে। এমনকি খন্তা, কোদাল, শাবল, টর্চলাইট ইত্যাদিও তারা উদ্ধারকার্যে জুগিয়েছে। শেষ পর্যন্ত রক্ত আর লাগবে না বলে ঘোষণা দিতে হয়েছে। সাভার ট্রাজেডির মোকাবিলায় সরকারের দৃঢ়তা ও আন্তরিকতা এবং উদ্ধারকার্যে সামরিক-অসামরিক তত্পরতার দক্ষতা ও সাফল্যের প্রশংসা এখন বিদেশি মিডিয়াও করছে। তরুণী রেশমাকে জীবিত অবস্থায় উদ্ধার করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেখতে সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছিলেন এবং তার চিকিত্সা ও অন্যান্য সাহায্যের যথোপযুক্ত ব্যবস্থা করা হচ্ছে, এই খবর ছাপতে গিয়ে দিল্লির একটি প্রভাবশালী সাপ্তাহিক দুর্যোগ মোকাবিলায় হাসিনা সরকারের আত্মনির্ভর ভূমিকা ও সাহসিকতার প্রশংসা করে লিখেছেন, ‘‘কথায় কথায় বিদেশি সাহায্যের জন্য উমেদারি আমাদের কলোনিয়াল যুগের মনোভাবেরই বহিঃপ্রকাশ। বিদেশি সাহায্যের মধ্যে অনেক সময় সাহায্য গ্রহিতা দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপদ লুকিয়ে থাকে।”
পত্রিকাটিতে এই প্রসঙ্গে রাশিয়ার চেরনবিল আণবিক কেন্দ্রের ভয়াবহ দুর্ঘটনার কথা বলা হয়েছে। রাশিয়া তখনো কমুনিস্ট শাসনাধীন। আমেরিকা সর্বাগ্রে এখনকার এই শত্রুদেশে উদ্ধার কার্যে সাহায্যদাতার বেশে বিশেষজ্ঞ, অর্থ ও সরঞ্জাম নিয়ে হাজির হয়। তাতে উদ্ধার কার্য কিছুটা ত্বরান্বিত হয় একথা সত্য, কিন্তু এই প্রথম সোভিয়েট প্রশাসনে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি অনুপ্রবেশ ঘটে। এমনকি লাল ফৌজের ভেতরেও। পরবর্তীকালে অনেক নিরপেক্ষ পর্যবেক্ষকই অভিমত প্রকাশ করেছেন, সোভিয়েট রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ার মূল কারণ শুধু আফগান-যুদ্ধ নয়, চেরনবিল সাহায্য দানের ছুতোয় সোভিয়েটের রাষ্ট্রীয় প্রশাসনে মার্কিন গোয়েন্দা চক্রগুলোর অনুপ্রবেশ, সোভিয়েটের আভ্যন্তরীণ ত্রুটিগুলো জানার সুযোগ গ্রহণ এবং তাকে ব্যবহার করে ক্রেমলিনে ক্ষমতার হাতবদল ঘটানো। বাংলাদেশেও খালেদা জিয়ার সরকারের আমলে একবার দারুণ বন্যা হয়। ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন মেরিন সেনারা দ্রুত ত্রাণকার্য সহায়তার নামে যুদ্ধে ব্যবহূত তাদের বিশাল হেলিকপ্টারগুলো নিয়ে বাংলাদেশে ছুটে আসে। সেজন্য খালেদা সরকারের একটা পূর্ব অনুমতি নেওয়াও তারা প্রয়োজন মনে করেনি। খালেদা সরকারও এ ব্যাপারে টুঁ শব্দটি করেনি। বন্যাত্রাণে আমাদের সামরিক বাহিনীর কর্তৃত্ব খর্ব হয়। দু’একটি ছোট বাম দল ছাড়া বড় দলগুলো তাতে আপত্তি করেননি। মার্কিন নৌ সেনার উপস্থিতিতে বাংলাদেশে তখন ত্রাণ তত্পরতা জোরদার হয়েছে একথা সত্য; কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা কি তাতে ক্ষুণ্ন হয়নি? কিছুদিনের মধ্যে পশ্চিমা মিডিয়াতেই খবর বেরিয়েছে, বাংলাদেশে মার্কিন নৌ-সেনারা শুধু ত্রাণকার্য চালায়নি; দেশটিতে ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে কোথায় তেল, গ্যাস আছে এবং কোথায় নৌ ঘাঁটি করা যায় তারও একটি নকশা তৈরি করে সঙ্গে করে নিয়ে গেছে। এই খবর কতোটা সঠিক জানি না। কিন্তু তখন কোনো কোনো বিদেশি কাগজে গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছিলো। আমরা তখনো নাক দিয়ে নরুন পেলাম বলে তাক ডুমাডুম করেছি।
সম্ভবতঃ দীর্ঘকাল বিদেশি শাসকদের পদানত থাকার ফলেই আমাদের মধ্যে একটা দাসসুলভ হীনমন্যতা বোধ মজ্জাগত হয়ে আছে। বড় প্রয়োজন ছাড়া ছোটোখাটো ব্যাপারেও বিদেশের কাছে হাত পাতা আমাদের স্বভাব। দেশ স্বাধীন হয়েছে চার দশকের বেশি হয়ে গেছে। এখনো আমরা যে কোনো চিকিত্সার জন্য সিঙ্গাপুর, ব্যাংকক, লন্ডন, নিউইয়র্কে ছুটি। কিন্তু এসব দেশেও কারা চিকিত্সা করেন? বেশিরভাগ ক্ষেত্রে বাঙালি, পাকিস্তানি, ভারতীয় এবং আফ্রিকান ডাক্তারই নয়কি? কিছুকাল আগে আমি দু’চোখেই ক্যাটার্যাক্ট অপারেশন করিয়েছি। প্রথমে ডান চোখে অপারেশন হয়। অপারেশন টেবিলে শুয়ে দেখি আমার চোখ অপারেশন করতে এসেছেন এক পাকিস্তানি তরুণী চিকিত্সক। চোখ ভালো হয়ে গেছে। পরে তাকে বলেছি, আপনিতো চক্ষু বিশেষজ্ঞ বলে এখানে নাম করেছেন। তাহলে পাকিস্তানে বসে প্রাকটিস করলেন না কেন? তিনি বললেন, পাকিস্তানের অনেক মানুষই পাকিস্তানি ডাক্তারদের উপর আস্থা রাখে না। বাংলাদেশে বহু নামকরা ডাক্তার আছেন। তারা রোগ নিরাময়ও করেন। কিন্তু তাদের ক্রেডিবিলিটি কম। আমাদের স্বাস্থ্যসেবা এখন আধুনিক ও উন্নত। দেশে বহু হাসপাতাল, কিন্তু সেগুলো দুর্নীতি ও অব্যবস্থামুক্ত নয়। সরকার একটু সক্রিয় হয়ে দেশের চিকিত্সা ব্যবস্থাকে সহজেই সিঙ্গাপুর, ব্যাংককের মতো দুর্নীতি ও অতি মুনাফা লোভীদের গ্রাস থেকে মুক্ত করতে পারেন। তাহলে সর্দি হলেও বিদেশে ছোটার প্রবণতা এবং কোটি কোটি টাকার বিদেশি মুদ্রার অপচয় বন্ধ হবে। আমরা যে কারণে-অকারণে বিদেশি সাহায্য ও সেবার উপর কতোটা নির্ভরশীল, তার একটা সাম্প্রতিক বড় প্রমাণ আমাদের সদ্য নির্বাচিত রাষ্ট্রপতির বঙ্গভবনে বসার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য চেকআপের জন্য সিঙ্গাপুরে চলে যাওয়া। তিনি একজন ভদ্র, দেশপ্রেমিক ও সজ্জন ব্যক্তি। সেজন্য বিস্মিত হয়ে ভাবছি, তিনি দেশের এই সঙ্কট মুহূর্তে কেন বিদেশে গেলেন? তিনি কোনো গুরুতর রোগে আক্রান্ত তা আমার জানা নেই। মনে হয় এটা চেকআপ। নইলে তিনি এমন কথা বলতেন না যে, তিনি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব আর কাউকে দিয়ে যাচ্ছেন না। তিনি সিঙ্গাপুরে বসেই রাষ্ট্রপতির প্রয়োজনীয় কাজ-কর্ম সারবেন।
আমার কাছে ঢাকার এক বন্ধু টেলিফোনে রাষ্ট্রপতির এই সিদ্ধান্ত সম্পর্কে তার অনুমান ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, রাষ্ট্রপতি হামিদ হয়তো আরও একটি কারণে রাষ্ট্রপতির দায়িত্ব আর কোরো উপর ন্যস্ত করে যাননি। এই দায়িত্ব ন্যস্ত করতে হলে সংবিধান অনুযায়ী স্পিকারের উপর ন্যস্ত করতে হয়। এই স্পিকার এখন সদ্য নির্বাচিত এক মহিলা। তার কাছে ক্ষমতা হস্তান্তর সাময়িকভাবে হলেও, আশু বিব্রত অবস্থা তিনি হয়তো এড়াতে চেয়েছেন।
সে যাই হোক, কথায় কথায় আমাদের মন্ত্রী, সাংসদ, ব্যবসায়ী ও সচ্ছল ব্যক্তিদের চিকিত্সার জন্য সিঙ্গাপুর, বাংকক, লন্ডনে দৌড়ানো উচিত নয়। আর কতো বিদেশি মুখাপেক্ষিতা? গত অক্টোবর মাসে সিঙ্গাপুরে বেড়াতে গিয়ে আমি মাউন্ট এলিজাবেথ হসপিটালে দু’দিন চিকিত্সাধীন ছিলাম। আমাকে চিকিত্সা করেছেন একজন চায়নিজ ডাক্তার। ঢাকায় তার মতো বহু বাঙালি ডাক্তার আছেন। প্রয়োজন হসপিটাল-ফেসিলিটিকে উন্নত ও দুর্নীতিমুক্ত করা এবং ভেজালমুক্ত ওষুধ ও আরও উন্নত যন্ত্রপাতির ব্যবস্থা করা। আমাদের যোগ্য চিকিত্সক আছে। যদি চিকিত্সা ব্যবস্থাকে অরাজকতামুক্ত এবং নির্ভরযোগ্য করে তোলা যায়, তাহলে কথায় কথায় চিকিত্সার জন্য আমাদের সিঙ্গাপুরে দৌড়াতে হবে না। বরং সিঙ্গাপুর-ব্যাংকক থেকেও চিকিত্সার জন্য রোগী আসবে ঢাকায়। একথা আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও প্রযোজ্য।
মাত্র দু’দিন আগে আমাদের মোহতারেমা খালেদা জিয়া সাভারের উদ্ধার কার্য সম্পর্কে অহেতুক কটাক্ষ করে বলেছিলেন, ‘জাতিসংঘ আমাদের দক্ষতা সম্পর্কে আস্থা হারিয়ে তাদের শান্তি বাহিনীতে বাংলাদেশ থেকে আর সেনাসদস্য নেবে না।’ প্রমাণিত হলো এটিও অসত্য ভাষণ। খবর প্রকাশিত হয়েছে, জাতিসংঘ তাদের শান্তি বাহিনীতে বাংলাদেশের আরো সেনাসদস্য গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তাদের মধ্যে একদল অফিসারের পদোন্নতি ও বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। চীন ছিলো একটি আফিংখোর অকর্মণ্য জাতি। মাত্র ৬০ বছরে যদি তারা বিশ্বের একটি অর্থনৈতিক সুপার পাওয়ার হয়ে উঠতে পারে, তাহলে চল্লিশ বছরে বাঙালি তার দীনতা ও অক্ষমতা কেন কাটিয়ে উঠতে পারবে না? চাই দুর্নীতিমুক্ত একটি সমাজ।
\ লন্ডন, ১১ মে, শনিবার, ২০১৩ \
