এ ভার আমরা বইবো কত?

আপডেট : ১১ মে ২০১৩, ২২:১৯
এতগুলো তরতাজা মানুষ যাদের ঘামে-শ্রমে ভেজা পণ্য বিশ্ব বাজারে বাণিজ্য করে দেশে আসে বৈদেশিক মুদ্রা, যারা দু-বেলা দু-মুঠো খাবারের বিনিময়ে বিক্রি করে দেয় সারা দিনের সময়গুলো। যাদের একমাত্র উপার্জনে চলে সংসার, জুটে কর্ম অক্ষম বাবা-মা, ভাই-বোনের কপালে একটু নুন আর ভাত। যাদের চাওয়া পাওয়ার হিসাবের খাতায় জমা হয় দৈন্যতার পাহাড়। যাদের ক্ষমতা দোহে কেঁপে উঠে না সাধারণের বুক, জন্মই যাদের আজন্ম কুঁকড়ে থাকা,—সেই মানুষগুলো হাজারে হাজারে এক নিমিষে কেউ হলো লাশ, কেউ হলো পঙ্গু, হারালো স্বজন। যাদের আহাজারিতে বাংলার মাটি আকাশ আবারও হলো অভিশপ্ত। এ লাশগুলো এত ভারি, কোথায় রাখি তাদের? বিবেকের কবরস্থানে আর কি জায়গা আছে ব্যবসায়ীর, রাজনীতিবিদ, সুশীল সমাজ এবং আমাদের সাধারণের? যেখানে এই শত শত অপমৃত্যু চাপা দিয়ে রাখা যায়? কি দাম দিব তাদের রক্তের? কি জবাব দেবো রানা প্লাজায় চাপা পরা পাখী, লাভলী, লাবণী, মঞ্জিলাদের যারা হাত-পা হারিয়ে বেঁচে থেকেও ধুঁকবে মরণ দাহে আমৃত্যু? সারা বাংলায় আজও যে জনবল ও সম্পদ তাদের সমন্বয়ে মিটতে পারে পুরো দেশের চাহিদা-কিন্তু আমাদের তিন-চার হাজার লোকের যে লোভ তা হয়তো মিটানো সম্ভব নয় পুরো পৃথিবীর সম্পদ জড়ো করেও। মৃত্যুর পর মৃত্যুতে যতই ভারি হউক আমাদের মনপ্রাণ, লোভের ওজন হালকা হবে না তাতে কোনদিন। তা না হওয়ার পিছনে আছে অন্য কারণ। মালয়েশিয়ার একটি সড়ক নির্মাণের ঠিকাদারী কোম্পানির কর্ণধার ছিল মাহাথির মোহাম্মদ এর জামাতা। ত্রুটিপূর্ণ সড়ক নির্মাণের দায়ে তারই প্রধানমন্ত্রিত্ব কালে জেল খাটতে হয়েছিল তার জামাতাকে। চীনে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ১৮টি সেতু ধসে পড়ে। উল্লেখিত সময়ের মধ্যে সেতু ধসে প্রায় ১৩৫ জন নাগরিক নিহত হয়। সে দেশে দায়ী ব্যক্তিদের বিচার হচ্ছে। নির্মাণের কিছুদিনের মধ্যে একটি ব্রিজ ভেঙ্গে পড়ায় ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্ণধার, স্থপতিসহ বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ডের মত শাস্তিও প্রদান করা হয়েছে। আমাদের দেশে এ সমস্ত দুর্ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের বিচার হওয়া তো দূরের, বরং আমরা ধন্য। আমাদের শিল্পপতিদের মেধা ও কৌশলের বরাতে নুন ভাত জোটে শ্রমজীবীর, নইলে আমাদের পুরো দেশটাই হয়ে যেত খারাপ পাড়া অথবা চোর-ডাকাতের দেশ। আমাদের অবশ্যই মানতে হবে এই শিল্প হাজারো পরিবারের অন্ন জোগাড়ের মাধ্যম, কিশোরী বয়সে বিবাহ রোধ ও জন্ম নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। তথাপি দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের এই মূল লোকদের মজুরি ও কর্মপরিবেশ অত্যন্ত নগণ্য। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি জিন্স শার্ট তৈরির মোট ব্যয়ের অর্ধেকের বেশি (শতকরা ৫৬.৫০ ভাগ) ব্যয় হয় শ্রমিকের মজুরিতে। বাংলাদেশে শ্রমিকের মজুরি একটি পোলো শার্টে তিন শতাংশেরও কম (২.১১ শতাংশ)। চীনের শ্রমিকের তুলনায় এই মজুরি ছয়ভাগের এক ভাগ, ভিয়েতনামের তুলনায় অর্ধেকেরও কম। এ চরম সত্যকে মেনে নিয়ে দ্রুত শ্রমের বাজারকে শক্তিশালী করতে হবে। এ শিল্পকে ধরে রাখার স্বার্থে শ্রমিকদের জীবন ধারণ মান বৃদ্ধি ও উপযুক্ত কর্ম পরিবেশ খুব দ্রুত তৈরি করতে হবে। না পারলে, সাভার ট্রাজেডির কারণে সারা বিশ্বের যে ধিক্কার আমাদের দিকে তেড়ে আসছে তা যথেষ্ট আমাদের এই শিল্প নিশ্চিহ্ন করতে। বিশেষ করে ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ক্ষোভ মিশ্রিত মন্তব্য ও স্পেনের রাস্তায় অভিনব কায়দার (কাফন পড়ে লাশ হয়ে শুয়ে থাকা) সে দেশে নাগরিকদের প্রতিবাদ আমাদের মানবতার মানকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। তাজরিন ফ্যাশন এর দুর্ঘটনার জের ধরে ডিজনি ওয়াল্ট গত মার্চ মাসেই আমাদের দেশ থেকে পণ্য না কেনার সিদ্ধান্ত নিয়েছে। সামপ্রতিক এই ঘটনায় ইউরোপীয় ইউনিয়নও আমাদের দেশের বিরুদ্ধে বাণিজ্যিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে, যা অনেক মানসম্মত গার্মেন্টসেকও বিপাকে ফেলে দিতে যথেষ্ট। অন্যদিকে শ্রমিকদের ভিন্ন খাতে প্রবাহিত করে এই শিল্প ধ্বংস সাধনে বহির্বিশ্বের অপশক্তিও সজাগ থাকতে পারে সবসময়। বিশ্বেও আমাদের পণ্য নেগোসিয়েশনের ধারা পাল্টা যেতে পারে কারণ আমাদের ব্যবসায়িক পরিবেশ ও নেগোসিয়েশনের ক্ষমতা খুবই দুর্বল। মালিক শ্রমিক সম্পর্ক জোরদারের মাধ্যমে তা রহিত করা না গেলে আমাদের চরম এই সংকট আগামীটাকে করে দিবে অন্ধকার। এক্ষেত্রে মানসম্পন্ন গার্মেন্টস মালিকদের বিশেষ ভূমিকা বড় বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশেও এমন প্রতিষ্ঠান রয়েছে যেখানে শ্রমিকদের উপযুক্ত কর্মপরিবেশ রয়েছে, যেখানে শিল্প মালিক শিল্প উত্পাদনে নিয়োজিতদের শ্রমিক ভাবেন না, ভাবেন মানুষ ও সম্পদ এবং তাদের কর্মদক্ষতা তৈরিতে মালিকগণ নিবেদিতপ্রাণ। বুদ্ধি প্রতিবন্ধীরাও উপযুক্ত পরিবেশ ও কর্মদক্ষতা নিয়ে কাজ করছে এ দেশের স্পিনিং মিলে। গার্মেন্টস শিল্পের বিরাট অংশে এই সংস্কৃতির প্রণয়ন ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই শিল্প বিশ্বে আমাদের বিশেষ ইমেজ এনে দিয়েছিল। তাই এক্ষেত্রে মালিকদের যেমন সজাগ থাকা দরকার ছিল, তেমনি সরকারকে এ খাতে অনেককিছু দেয়ার ছিল। দেশের হাজার কোটি টাকা লোপাট হওয়া অর্থ-কড়ির একটি ক্ষুদ্র অংশকে ভর্তুকি হিসাবে প্রদান করতে পারাই যথেষ্ট ছিল এই সস্তা শ্রম নির্ভরশীল ত্রিশ বছর বয়সী শিল্পটির ক্রমবর্ধমান উন্নয়নের জন্য। তা না করে শিল্পটিকে ত্রিশ বছরেই বৃদ্ধ বানিয়ে ফেললাম বিশ্ব দরবারে। সাভার ট্রাজেডি সারা দেশব্যাপী এতটা মুহ্যমান করেছে যে, ঘটনার পর পর ৮-১০ দিন অপরাধ, খুন, রাহাজানি কিছুটা হলেও কমে গিয়েছিল। যা থেকে অনুমেয়, অপরাধীর মতো শক্ত ও হিংস্র মনও থমকে ছিল শোকে। বিশেষ এই ঘটনা যে কালো ছায়া ফেলেছে এটা দেশ ও জাতির কলঙ্ক টিপ হয়ে থাকবে বহুকাল। এটাকে মোচনের জন্যে এবং এই শিল্পের রি-ব্র্যান্ডিং এর জন্যে সরকার, বিরোধী দল ও মালিকগণকে একসাথে সচেতন হয়ে কাজ করতে হবে। উপযুক্ত কর্ম পরিবেশের মাধ্যমে যে মুনাফা অর্জিত হয় সেটাকে প্রাপ্য বলে মেনে নেয়া শিখতে হবে, বুঝতে হবে অর্জিত সম্পদের কোনকিছুই মরণকালে সাথে নিয়ে যেতে পারবো না। সরকারকে শ্রমিকদের জন্য বিনোদন ও চিত্তাকর্ষক কেন্দ্র, রেশনিং ইত্যাদির ব্যবস্থা করতে হবে। ছুটির বিষয় এবং কর্মের আইনি দিকগুলো কড়াকড়িভাবে তদারকি করতে হবে। রানা প্লাজার এমন ধ্বংসযজ্ঞের মাঝে শিশু সন্তান ভূমিষ্ঠ হওয়া থেকে প্রমাণিত প্রসূতির বিষয়ে উক্ত গার্মেন্টসে নিয়োজিত প্রশাসন অত্যধিক অমানবিক ছিলেন। এগুলোর সুদৃঢ় নিয়ন্ত্রণ ও সরকারকে প্রয়োজনে এ খাতে ভর্তুকি প্রদান করতে হবে। কারণ এ খাতের সাথে দেশের অর্থনীতি ও জীবন ধারণ মান সরাসরি সমপৃক্ত। এত বড় একটি খাতের কোনরকম রেগুলেটরি বডি নেই। এটা নিয়ে দ্রুত কাজ করার জন্যে নেমে পড়তে হবে উপযুক্ত মহলকে (ইতিমধ্যে আলোচিত, ৭১ টেলিভিশন, টক শো, প্রস্তাবনা-মামুন রশিদ)। ব্যবসায়ী বা মালিকদের মধ্যে ব্যবসায়িক শুদ্ধতা থাকলে, ব্যবসায়ের টাকা ব্যবসায়ে নিয়োজিত রাখলে, রাতারাতি অতি মুনাফার লোভ থেকে বিরত থাকলে সাময়িক বিড়ম্বনা দেখা দিলেও তা থেকে বের হয়ে আসা সম্ভব। ব্যবসায়ের জন্য ঋণকৃত অর্থ অন্য সম্পদে নিয়োজিত হলে যে দুষ্ট চক্রটি ব্যবসায়ে আঘাত আনে তা হচ্ছে—ব্যবসায়ে লগ্নিকৃত অর্থের মুনাফা দিয়েই ব্যবসায়ে অলগ্নিকৃত অংশের সুদ টানতে হয়; অথচ অলগ্নিকৃত অংশ থেকে কোন আয় অর্জিত হয় না। এভাবে অলগ্নিকৃত অংশ দিয়ে সম্পদ ও বিলাস ফুলে-ফেঁপে উঠে, কিন্তু দীর্ঘ মেয়াদে ব্যবসায়ের খরচ বেড়ে গিয়ে ব্যবসা হয় ধ্বংস। এ বিষয়ে সকল মহল সচেতন না হলে স্পেকট্রাম, তাজরিন ফ্যাশন ও সর্বশেষ রানা প্লাজার ট্রাজেডির মতো আমাদের অর্থনীতির ভিতও ট্রাজেডি হয়ে দাঁড়াবে। সাভার ট্রাজেডি স্বাধীনতার পরবর্তীকালের সব দুর্ঘটনাকে ছাপিয়ে গেছে। স্বাধীনতার যুদ্ধেও এত লাশ এত ছোট্ট পরিসরে, এত বীভত্সভাবে দেখেনি কেউ। একের পর এক ঘটনায়, একের পর এক মৃত্যুতে, বাংলার বাতাস এত ভারি করে ফেলছে, যেকোন সময় তা ঝড় হয়ে নামার আগে সাবধান হতে হবে আমাদের সবাইকে; বিশেষ করে দেশ পরিচালকদের। নইলে গল্পে শোনা সেই ব্যক্তির মতো করে, যিনি জীবিত অবস্থায় হাজারও লোককে খাওয়া- দাওয়া করিয়ে নিজের চেহলাম নিজে সম্পন্ন করে গিয়েছিলেন, আমাদের কবর আমাদের নিজেদেরকে সবসময় খুঁড়ে রাখতে হবে। ধরাতলে আমাদের দেশের জীবন মান যেভাবে দোজখে পরিণত হচ্ছে দিন-দিন, তার চেয়ে খুঁড়ে রাখা কবরই হবে সাধারণ জনগণের জন্য শ্রেয়তর স্থান। লেখক :ব্যাংকার ই-মেইল ঃ [email protected]