ব্যবসা-বাণিজ্যের উন্নতির জন্য অর্থনৈতিক শুমারি প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। আর সঠিক তথ্য সংগ্রহ ও স্বল্পব্যয়ে শুমারি সম্পন্ন করার ক্ষেত্রে বাণিজ্যিক সংগঠনসমূহের সম্পৃক্ততার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল ফডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাথে অর্থনৈতিক শুমারি ২০১৩ উপলক্ষে মতবিনিময় করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)।
এফবিসিসিআইয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উপ মহাপরিচালক মিজানুর রহমান, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সভাপতি শাহজালাল মজুমদার, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মাদ এ হাফিজ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিসংখ্যান ব্যুরোর প্রকল্প পরিচালক দিলদার হোসেন। প্রবন্ধে অর্থনৈতিক শুমারির পটভূমি, উদ্দেশ্য ও পদ্ধতি তুলে ধরা হয়। এফবিসিসিআইয়ের পরিচালক ও ব্যবসায়ীরা মুক্ত আলোচনায় অংশ নেন।
