অস্ত্র ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট : ১১ মে ২০১৩, ২২:২৩
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ একটি বিদেশি পিস্তল ও গুলিসহ শাকিল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশের অপর একটি টিম একই রাতে যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আড়াই মণ গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে। দুই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নারিন্দা পুলিশ ফাঁড়ির এএসআই তৌহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল গেন্ডারিয়া থানার সায়েদাবাদ রেল লাইনের পশ্চিম পাশে অভিযান চালিয়ে শাকিল মিয়া নামে একজনকে গ্রেফতার করে। তার দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় গেন্ডারিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। একই রাতে যাত্রাবাড়ি থানার এএসআই রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল উত্তর যাত্রাবাড়িস্থ একটি বিল্ডিংয়ের নিচ তলায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. কাইয়ুম ও সবুজকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে আড়াই মণ গাঁজা উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।