রাজনৈতিক দলগুলোকে হরতালের বিকল্প ভাবার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এবার মাত্র ১টি বিষয়ে এইচএসসি পরীক্ষা ঠিক মত নিতে পেরেছি আর বাকি পরীক্ষাগুলো হরতালে কারণে পিছাতে হচ্ছে। ফলে শিক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হরতাল দিয়ে, গাড়ি পুড়িয়ে, পুলিশ মেরে দেশের কোনো উন্নতি হয় না। বরং ভবিষ্যত্ প্রজন্মকে সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হলে তারাই দেশপ্রেমিক হিসেবে আগামীর বাংলাদেশ পরিচালিত করবে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও টিআইবি যৌথ উদ্যোগে এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি-এর সহযোগিতায় গতকাল দুর্নীতি ও সুশাসন বিষয়ক ‘টিআইবি ৪র্থ শেরেবাংলা কাপ বিতর্ক প্রতিযোগিতা ২০১৩’ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক ড. রিজওয়ান-উল-আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া। দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত সারাদেশের উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যায়ের ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন বিতার্কিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।
