সাভারে রানা প্লাজা ধসের সপ্তদশ দিনে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হইল গার্মেন্টসকর্মী রেশমাকে। তাহাকে উদ্ধারে পরিচালিত হয় এক শ্বাসরুদ্ধকর অভিযান। এতদিন ভয়াল মুত্যুপুরীতে থাকিয়াও তিনি বাঁচার আশা ছাড়িয়া দেন নাই। বরং বারংবার বাঁচার আকুতি জানাইয়াছেন। তাহাকে উদ্ধার করা হয় বিধ্বস্ত ভবনের বেইজমেন্ট হইতে। অবিশ্বাস্যভাবে পরিত্যক্ত ও পচা-বাসি খাবার খাইয়া, নিচে জমানো বৃষ্টির পানি পান করিয়া এবং বীম ও দেয়ালের ফাঁক-ফোকর দিয়া প্রবেশ করা বাতাসে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করিয়া তিনি আল্লাহর অশেষ রহমতে বাঁচিয়া যান। বাঁচা-মরার চরম অনিশ্চয়তার সময় তিনি কেবল আল্লাহকে ডাকিতে থাকেন। কেননা বিপদের সময় তিনিই একমাত্র সহায়। অন্যদিকে তাহার আত্মীয়-স্বজনরাও আল্লাহর কাছে দোয়া করেন। তাহার পর সবাইকে অবাক করিয়া তিনি উদ্ধারকর্মীদের উসিলায় উদ্ধার পান। তাহাকে জীবিত ও অক্ষত উদ্ধার করিতে পারায় বিস্মিত উদ্ধারকর্মীরা সঙ্গে সঙ্গে বলিয়া উঠেন, ‘আল্লাহু আকবার’। তাহারা এজন্য একযোগে কৃতজ্ঞতা স্বরূপ মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।
রেশমা উদ্ধারের কাহিনী সারা বিশ্ব ও মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করিয়াছে। মাননীয় প্রধানমন্ত্রী খবর পাইয়াই তত্ক্ষণাত্ হাসপাতালে রেশমাকে দেখিতে যান। বিরোধী দলীয় নেত্রী আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। রেশমাকে যখন উদ্ধার করা হয়, ততদিনে ধ্বংসস্তূপ হইতে সহস্রাধিক মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার ব্যক্তিকে। সরানো হয় ছয় হাজার টনেরও বেশি ইট-সুরকি। এমতাবস্থায় রেশমার জীবিত উদ্ধারের গল্প নাটকীয় ও বিস্ময়করই বটে। তিনি যেন দ্বিতীয় জীবন লাভ করেন। দেখা যাইতেছে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ বা সন্ত্রাসী হামলা ছাড়া ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যায় রানা প্লাজা শীর্ষস্থান অধিকার করিয়াছে। ইহা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। ইহার শোক আমরা এখনও কাটাইয়া উঠিতে পারি নাই। ইহারই মধ্যে রেশমা বিশ্বে ধ্বংসস্তূপ হইতে উদ্ধার পাওয়াদের তালিকায় তৃতীয় সর্বোচ্চ রেকর্ড অর্জন করিলেন । ইহার আগে ২০০৫ সালে পাকিস্তানে ভূমিকম্পের ধ্বংসস্তূপে পড়িয়া ৬৩ দিন পর্যন্ত বাঁচিয়া ছিলেন নাকাশা বিবি। আর ২০১০ সালে হাইতিতে ভূমিকম্পে ধসে পড়া একটি বিপণী বিতানের মধ্যে আটকা পড়িয়া ২৭ দিন পর জীবিত উদ্ধার করা হয় ইভান্স মোনসিজনাকে।
১৭ দিন পর রেশমার জীবিত উদ্ধারের ফলে জীবন সম্পর্কে মানুষ আবার আশাবাদী হইতেছেন। যেখানে ধ্বংস, সেখানে প্রাণের অস্তিত্বও জানান দিতেছে। আশরাফুল মাখলুকাত হিসাবে শত বিপর্যয় ও বাধা-বিপত্তির মুখেও মানুষের বাঁচিয়া থাকার স্বপ্ন ও সংগ্রাম জোরদার হইতেছে। উপরোক্ত ঘটনা আল্লাহ তায়ালার অসীম কুদরত ছাড়া আর কিছু নহে। প্রকৃতপক্ষে তিনিই জীবন-মৃত্যুর মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইয়িন কাদির- নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। তাহার কুদরত ও নেয়ামত ছাড়া আমাদের এক মুহূর্তও বাঁচিয়া থাকা কঠিন। আমরা রেশমার জীবিত উদ্ধারে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করি। ধসে পড়া রানা প্লাজার উদ্ধারকাজ এখনও কিছু বাকি আছে। আমরা আশা করি, আরও কেহ জীবিত থাকিলে তাহাকে যথাযথভাবে উদ্ধার করা সম্ভব হইবে। সেইসঙ্গে আহতদের সুচিকিত্সা অব্যাহত থাকিবে। পরিশেষে যাহারা উদ্ধার কাজের জন্য দিনরাত্রি অক্লান্ত পরিশ্রম করিতেছেন, তাহাদেরকে আমরা ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
