দেশের ভবিষ্যত্ সম্পর্কে ভিত্তিহীন আশাবাদে সন্তুষ্ট হইয়া থাকার চাইতে নৈরাশ্যব্যঞ্জক আর কিছু হইতে পারে না। সুশাসনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যার সমাধানে এবং আমাদের স্বার্থ রক্ষায় আমরা যে ব্যর্থ হইতেছি, এ সম্পর্কে বন্ধুরাষ্ট্রের নেতৃবৃন্দসহ আন্তর্জাতিক গণমাধ্যমে কম উদ্বেগ প্রকাশ করিতেছে না। সাভার বিপর্যয় ঘটার পর অদক্ষ উদ্ধার তত্পরতা সম্পর্কে উত্কণ্ঠা প্রকাশ করিতে গিয়া ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন উহার প্রথম পৃষ্ঠায় প্রধান প্রতিবেদনে দেশের অর্থনীতির যাহারা চালিকা শক্তি সেই পোশাক শ্রমিকদের প্রতি মনোযোগ না দিয়া কিভাবে দেশের সুন্দর ভবিষ্যতের আশাকে ধূলিসাত্ করা হইয়াছে সেই বিবরণ তুলিয়া ধরিয়াছে। অন্য অনেক বিদেশি পত্রিকার মত ট্রিবিউনও সাভার ট্র্যাজেডির ভয়াবহতার বিশদ বিবরণ দিয়াছে, যাহার মধ্যে ফুটিয়া উঠিয়াছে অবহেলা ও অযোগ্যতার চিত্র, যাহা সমগ্র জাতির জন্য লজ্জাজনক।
ট্রিবিউন পত্রিকাটি এই বিবরণ দিতে গিয়া উহার আন্তর্জাতিক পাঠকদের এই তথ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়াছে যে, যাহাদের শ্রমে দেশের অর্থনীতির চাকা সচল রহিয়াছে, পোশাক রপ্তানিকারকরা বিপুল বিত্তের মালিক হইতে পারিয়াছেন, সেই দরিদ্র নারী শ্রমিকদের নিষ্ঠুরভাবে শোষণ করা হইতেছে। এই হতভাগ্য শ্রমিকদের জীবন বাঁচাইবার আপ্রাণ চেষ্টা এবং সন্তান ও পরিবারের সঙ্গে পুনরায় জীবন-যাপনের আকুতিকে লেখক হূদয় বিদারক ভাষায় ফুটাইয়া তুলিয়াছেন। লেখক পশ্চিমের পোশাক ক্রেতাদেরও ছাড় দেন নাই, বাংলাদেশের পোশাক শ্রমিকদের স্বল্পমজুরি এবং অমানবিক কাজের পরিবেশের জন্য তাহাদের মানবিক দায়বদ্ধতাকেও উপেক্ষা করিবার জো নাই।
দুই সপ্তাহেরও বেশি সময় পার হইয়া গিয়াছে, তারপরও সাভারের ধসে পড়া কারখানার ধ্বংসস্তূপ হইতে এখনও প্রতিদিন লাশ উদ্ধার হইতেছে। মৃত শ্রমিকের সংখ্যা হাজার ছাড়াইয়া গিয়াছে।
বিশ্ববাসীর চোখের সামনে এই বিরাট ব্যর্থতা উলঙ্গভাবে প্রকটিত হইবার পর হেফাজতে ইসলাম নামের একটি অরাজনৈতিক সংগঠনের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটিয়াছে। হঠাত্ করিয়া তাহাদের উদ্ভব ঘটিয়াছে কতিপয় তরুণ ব্লগার শাহবাগ মঞ্চকে ব্যবহার করার পর। যেহেতু তরুণ ব্লগাররা ধর্ম বিরোধী ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী সেহেতু হেফাজতে ইসলাম ১৩ দফা দাবি তথা ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান নিয়াছে। ৫মে রবিবার রাজধানী ঢাকার মতিঝিলে তাহারা অবস্থান কর্মসূচি পালন করে।
সরকার হেফাজতে ইসলামকে মতিঝিলে সমাবেশ করার অনুমতি দিয়াছিল এই আশায় যে, তাহারা সন্ধ্যার পর মতিঝিল ত্যাগ করিবে। কিন্তু রাত্রিবেলা তাহারা যে সেখানে অবস্থান করিতে চাহিয়াছিল তাহা দিনের বেলায়ই বোঝা গিয়াছিল। আমাদের নিশ্চিত বিশ্বাস সরকারের অনেকেই স্বীকার করিবেন যে, হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা শান্তিপ্রিয় এবং তাহাদের কোন রাজনৈতিক উচ্চাভিলাষ নাই। সহিংসতার ঘটনা ঘটাইয়াছে সংঘবদ্ধ দুষ্কৃতিকারীরা। প্রতিবাদীদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালাইবার সিদ্ধান্ত গ্রহণের সময় বিষয়টি মাথায় রাখা সমীচীন ছিল।
অন্যদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারী গণমাধ্যম কর্মীদের বলেন যে, প্রেসিডেন্ট বারাক ওবামা পোশাক কারখানায় সংঘটিত মানবিক বিপর্যয় সম্পর্কে খোঁজ-খবর রাখিতেছেন। গত সপ্তাহের শেষে বাংলাদেশে সংঘটিত সহিংসতা সম্পর্কেও যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করিয়াছে। আমাদের বুঝিতে হইবে যে, সত্য প্রকাশিত হইবেই, আধুনিক বিশ্বে সত্য গোপন রাখা যাইবে না।
এশিয়ান হিউম্যান রাইটস কমিশন গত ৬ মে সোমবার ঢাকায় যে অমানবিক হামলা চালানো হইয়াছে উহাতে উদ্বেগ প্রকাশ করিয়াছে।
পুলিশের নিকট খবর ছিল, যাহা তাহারা পরবর্তীকালে সংবাদ মাধ্যমে প্রকাশ করিয়াছেন যে, প্রতিবাদকারীদের মনোভাব শান্তিপূর্ণ ছিল না, তাহাদের পরিকল্পনা ছিল সচিবালয় আক্রমণ করা এবং সরকারকে অচল করিয়া দেওয়া। যদি তাই হয়, তাহা হইলে প্রশ্ন থাকিবে, সমাবেশের অনুমতি দেওয়া হইয়াছিল কেন? অপর প্রশ্নটি হইল, ক্ষয়ক্ষতি ঠেকাইবার জন্য সতর্কতামূলক ব্যবস্থা কেন পূর্বাহ্নে গ্রহণ করা হইল না? এই ভিত্তির উপর দাঁড়াইয়া অনিবার্যভাবে এই সিদ্ধান্তে আসিতে হয় যে, রাজনৈতিক হিসাব মাথায় রাখিয়া মধ্যরাতে নিরাপত্তা বাহিনীর সম্মিলিত সশস্ত্র অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সরকারের ভিতরে এবং বাহিরে অনেক নিজস্ব ধরনের রাজনৈতিক বিশেষজ্ঞ রহিয়াছেন, সরকারের ক্ষতি করিবার ব্যাপারে যাহাদের বেশ দক্ষতা রহিয়াছে।
প্রতিটি জীবনই গুরুত্বপূর্ণ। আমরা যতটুকু বুঝি, কতজন লোক নিহত হইয়াছেন এই লইয়া বিতর্ক পরিস্থিতির তাত্পর্য বা গুরুত্ব উপলব্ধির ক্ষেত্রে উহাই সবকিছু নয়। ইহা অস্বীকার করা যাইবে না যে, সশস্ত্র অভিযান পরিচালনা করা হইয়াছে রাতের অন্ধকারে কয়েক লক্ষ জনতার সমাবেশের বিরুদ্ধে, যাহাদের মধ্যে মাদ্রাসার নাবালক ছাত্ররাও ছিল। রাত্রিবেলা হেফাজতের প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যাপক সশস্ত্র অভিযান চালাইবার তথ্যই মানবতাবিরোধী তাণ্ডব হিসাবে দেখিবার জন্য যথেষ্ট।
ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব বেনজির আহমদ স্বীকার করিয়াছেন যে, ১১টি মৃতদেহ পাওয়া গিয়াছে। এমনকি এই এগার জন প্রতিবাদী অবস্থানকারীকে রাতের অন্ধকারে হত্যা করাটাকে গোটা বিশ্ব নিষ্ঠুর হত্যাকাণ্ড হিসাবেই দেখিবে। এই ঘটনার মাধ্যমে সরকার বিরোধী দলের নিকট এক ভীতিকর বার্তাই প্রেরণ করিয়াছে। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের যে পরিকল্পনা রহিয়াছে উহা বাস্তবায়ন করার ব্যাপারে সরকার সবকিছু করিবে। রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যেও আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধানে উপনীত হইবার সকল আশা মধ্যরাতের অন্ধকারে পুলিশের অভিযান নির্বাপিত করিয়া দিয়াছে।
প্রতিবাদকারীদের সরাইয়া দিবার সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটি যদি পুলিশ প্রশাসনের উপর ছাড়িয়া দেওয়া হইত এবং তাহারা যদি স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করিতেন তাহা হইলে তাহাদের সকাল পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজনীয়তা উপেক্ষিত হইতো না। প্রতিবাদকারীরা চলিয়া যাইবার জন্য সকাল পর্যন্ত সময় চাহিয়াছিলেন বলিয়া সংবাদপত্রে খবর বাহির হইয়াছে। বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার না হইলে চারিদিকে নিরাপত্তা রক্ষীদের চাপ সৃষ্টি করিয়া অভিযান কেন সকাল পর্যন্ত বিলম্বিত করা সম্ভব হইল না উহার কোন যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নাই।
আসুন আমরা বিশ্বাস করি আমাদের পুলিশ যথেষ্ট স্বাধীনতা উপভোগ করিয়া থাকে, সেই সুবাদে তাহারা রাজনৈতিক চাপমুক্ত থাকিয়া ঐ রাতের মানবিক হতাহতের ব্যাপারে একটি সত্যিকার বিবরণ প্রদান করুন না। কিন্তু অসুবিধা হইতেছে বাহিরের দুনিয়া এবং মানবাধিকার সংস্থাগুলি ভাল করিয়াই জানে যে, কোথাও রাতের অন্ধকারে সশস্ত্র অভিযান পরিচালনা করার সময় মৃতদেহ গণনা করিবার জন্য রাখা হয় না বা পাওয়া যায় না।
ঘটনাটি কেন্দ্র করিয়া সরকারকে গণতান্ত্রিক ও মানবাধিকার রক্ষার প্রশ্নে গুরুতর সমস্যা মোকাবিলা করিতে হইবে। মধ্যরাতে যে হত্যাকাণ্ড সংঘটিত হইয়াছে উহার ব্যাপারে স্বাধীন তদন্ত অনুষ্ঠানের আন্তর্জাতিক দাবি পূরণ করা সরকারের জন্য সহজ হইবে না, বিশেষ করিয়া যখন এদেশেরই একটি মানবাধিকার সংগঠন ‘অধিকার’ বিবৃতি দিয়া দাবি করিয়াছে যে, ৬ মে সোমবার নির্বিচারে শত শত হেফাজতে ইসলামীকে হত্যা করা হইয়াছে, যেমনটি ১৯৭১ সালের ২৫ মার্চের পর বিগত ৪২ বত্সরে আর ঘটে নাই।
আমরা কখনও এমন আশাবাদ ব্যক্ত করি নাই যে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক সমস্যার সমাধানে বিশেষ করিয়া গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠানে সক্ষম। তাহারা কতটা রাজনৈতিকভাবে বিজ্ঞ সেই পরীক্ষা আবারও তাহাদেরকে দিতে হইবে, যদিও অতীতে তাহারা ব্যর্থ হইয়াছেন।
বাহিরের সাহায্য ব্যতীত নিজেরা নিজেদের সমস্যার সমাধানে অক্ষম, এই অবস্থা কোন স্বাধীন জাতির জন্য সম্মানজনক হইতে পারে না। ১৯৭১ সালের ২৫ মার্চ পাক বাহিনীর বর্বরতার হাত হইতে বাঁচিবার জন্য আন্তর্জাতিক সাহায্য চাহিবার প্ররিপ্রেক্ষিত ছিল ভিন্ন। এখন আমরা প্রমাণ করিতেছি যে, আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আমাদের শাসন করিতে পারি না।
নবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের একটি লেখা গতকাল ৯মে নিউ নেশনসহ প্রধান দৈনিকগুলিতে প্রকাশিত হইয়াছে, যেখানে পোশাক শিল্প খাতে জীবনের নিরাপত্তা লইয়া আলোচনা করিতে গিয়া রাষ্ট্রীয় ব্যবস্থাকে সাভারে ধসে পড়া ফাটল ভবনের সঙ্গে তুলনা করা হইয়াছে, যে ধসে শত শত শ্রমিকের জীবনহানি ঘটিয়াছে। দলীয় রাজনীতির সহিত সম্পর্কহীন খুব বেশি লোকের সন্ধান পাওয়া যাইবে না যাহারা মনে করেন পারিবারিক দলীয় রাজনীতির কারণে দেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা অচল হইয়া পড়ে নাই।
জনগণের সচেতন অংশের সবচাইতে গুরুতর দুর্ভাবনার বিষয় হইয়া দাঁড়াইতেছে কেমন করিয়া মানুষের জীবন ও শাসন প্রক্রিয়া রক্ষা করা যাইবে, যখন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ভঙ্গুর হইয়া পড়িয়াছে। ড. ইউনূস সতর্কতার সহিত এ বিষয়টিকে এড়াইয়া গিয়াছেন।
আমাদের বর্তমান কঠিন পরিস্থিতি হইতে মুক্তি পাইবার পথ খুঁজিতে আমরা বাহিরের সাহায্যের জন্য তাকাইয়া রহিয়াছি। একই অবস্থার পুনরাবৃত্তি অর্থাত্ আরও অব্যবস্থাপনা, আরও সংঘাতপূর্ণ রাজনীতি, আরও হরতাল অথবা আরও দুর্নীতি বর্তমান সংকট উত্তরণের পথ হইতে পারে না। এই সংঘাতপ্রবণ, অগণতান্ত্রিক এবং পুলিশের শক্তির উপর নির্ভরশীল রাজনীতির অবসান হইতে হইবে।
লেখক :আইনজ্ঞ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
