আমাদের প্রথম নারী স্পিকার

আপডেট : ১১ মে ২০১৩, ২২:৩৬
বাংলাদেশের বর্তমান স্পিকার একজন নারী এবং ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। এ দেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার মনোনয়নদান শেখ হাসিনা সরকারের পারিবারিক ঐতিহ্য এবং মেধাকে স্বীকৃতিদানের নজির। থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী মেধাভিত্তিক প্রশাসনিক কাঠামো নির্ধারণ করে সে দেশের এক যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। আমাদের দেশেও সততা, দক্ষতা, ত্যাগী এবং মেধাবী রাজনৈতিক সমর্থকদের সরকারি কাজে নিয়োজিত করলে হয়তো দেশের চিত্র ভিন্নরূপ হতো। যা হোক সরকারের শেষলগ্নে দেশের তিন নম্বর ব্যক্তি তার সততা, দক্ষতা, মেধা, রাজনৈতিক প্রজ্ঞা এবং মা-বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা ও নিজের স্বল্প অভিজ্ঞতা দ্বারা মনোনীত হওয়ায় এ দেশের সংসদীয় পদ্ধতিতে উন্নয়নের উদাহরণ সৃষ্টি করতে পারবেন বলে আমরা আস্থাশীল। বর্তমান মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পিতা ছিলেন রফিকুল্লাহ চৌধুরী। মাতার নাম অধ্যাপিকা না’ইয়ার সুলতানা। পিতা রফিকুল্লাহ চৌধুরী স্বনামেই পরিচিত। তিনি তত্কালীন পাকিস্তান আমলের সিএসপি ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। চাকরির প্রথম জীবনে বর্তমান নেত্রকোনা জেলায় তত্কালীন নেত্রকোনা মহকুমায় শীর্ষ সরকারি কর্মকর্তা হিসেবে কিছুদিন কর্মরত ছিলেন। কর্মরত থাকা অবস্থায় তত্কালীন নেত্রকোনা মহকুমায় মঘড়া নদীর ব্রিজ নির্মাণে তিনি জোরালো ভূমিকা পালন করেন। পৌরসভার উন্নয়নে বাতিঘর বিলুপ্ত করে বিদ্যুত্ সরবরাহের ব্যবস্থা করেন। শিক্ষা প্রতিষ্ঠানের দৈন্যদশা মোচনে তার অবদান অনস্বীকার্য। তার কর্মে বাঙালি জাতীয়তাবোধের পরিচয় পাওয়ায় তত্কালীন পাকিস্তান সরকারের রোষানলে পড়ে ৩০৩ জন সিএসপি অফিসারের সঙ্গে তত্কালীন পূর্ব পাকিস্তানের এই মেধাবী এবং জাতীয়তাবোধসম্পন্ন কর্মকর্তাকে চাকরি থেকে বিদায় নিতে বাধ্য করা হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও তার যথেষ্ট অবদান পরিলক্ষিত হয়। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসেবে বিধ্বস্ত দেশের উন্নয়নে তার দক্ষতার পরিচয় পাওয়া যায়। মা না’ইয়ার সুলতানা শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ প্রশাসনিক পদে (মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা) দায়িত্ব পালনে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তার আমলেই মাধ্যমিক পর্যায়ে কামিল দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগপ্রাপ্ত শিক্ষকদের বেতন বৈষম্যের অবসান ঘটান। তার আমলেই শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতির বিষয় মন্ত্রণালয় থেকে শিক্ষা অধিদফতরে স্থানান্তরিত হয়। তাছাড়া দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গোলযোগ হলে তিনি নিজেই পদক্ষেপ গ্রহণ করতেন। তার এই ধারাবাহিকতায় স্বামীর এক সময়ের কর্মস্থল নেত্রকোনা জেলাতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তার সরলতা এবং কাজের প্রতি নিষ্ঠাবান আমাকে এখনও অভিভূত করে। তার সঙ্গে একাধারে ৫ বছর কাজ করে পারিবারিক ঐতিহ্যের সঙ্গে আমি পরিচিত হই। মহাপরিচালক হিসাবে নেতকোনায় যখন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে আসেন তখন সার্কিট হাউজে না থেকে আমার অধ্যাপকপাড়ার বাসায় অবস্থান করার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু আপাকে প্রটোকল অনুসারে বুঝিয়ে-শুনিয়ে সার্কিট হাউজে রাত্রিযাপন করার অনুরোধ করায় তিনি সম্মত হন। নেত্রকোনা জেলার শিক্ষক সম্প্রদায় এখনও না’ইয়ার সুলতানা আপার কথা শ্রদ্ধাভরে স্মরণ করে। কারণ ১৯৯৮ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি টাকা নেত্রকোনার জন্যই বরাদ্দ করা হয়। নেত্রকোনায় আপার অবস্থানের সময় স্বামীর কর্মকালীন সময়ের বাসভবন বর্তমান জেলা প্রশাসকের বাসভবনেও তিনি যান। সেখানে দায়িত্বকালীন কর্মকর্তাদের তালিকা দেখে স্বামীর নাম প্রত্যক্ষ করে তিনি অশ্রু সংবরণ করতে পারেননি। আমরা যারা তার সঙ্গে ছিলাম স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ ও মমতাবোধ দেখে আমরাও অভিভূত হই। পরবর্তীতে মহাপরিচালক পদ ছেড়ে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে দায়িত্বের পরিচয় দেন। আজ বর্তমান মাননীয় স্পিকারের মা-বাবা জীবিত নেই। কিন্তু তাদেরই সন্তান বর্তমান মাননীয় স্পিকার তাদের আত্মার বাহ্যিক নিদর্শনস্বরূপ। মা-বাবা জীবিত থাকলে তাদের আনন্দের সঙ্গে আমরাও একাত্ম হতে পারতাম। এজন্যই রফিকুল্লাহ চৌধুরী এবং না’ইয়ার সুলতানার সন্তান শিরীন শারমিন চৌধুরী মাননীয় স্পিকার হিসেবে মনোনীত হওয়ায় নেত্রকোনার শিক্ষক সমাজ তথা নেত্রকোনাবাসী আনন্দিত এবং গর্ববোধ করে। বর্তমান মাননীয় স্পিকার বাবা রফিকুল্লাহ চৌধুরী এবং মাতা না’ইয়ার সুলতানার ঐতিহ্যের প্রতীক। আমরা মাননীয় স্পিকারের সফলতা কামনায় উন্মুখ হয়ে রইলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে, এমনিভাবে আওয়ামী লীগে এবং সরকারে মেধার সমাবেশ ঘটিয়ে ত্যাগী নেতাদের বহাল করে দল ও দেশকে এগিয়ে নেয়ার পদক্ষেপ গ্রহণ করেন।  লেখক: সাবেক অধ্যক্ষ কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।