দেশের দরিদ্র গর্ভবতী মা ও শিশুর পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে দরিদ্র গর্ভবতী মায়েদের সহায়তার জন্য সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় তথা মহিলাবিষয়ক অধিদপ্তর মাতৃত্বকালীন ভাতা কার্যক্রম বাস্তবায়ন করছে। মাতৃত্বকালীন ভাতা হল দরিদ্র মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নের লক্ষ্যে একটি সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম। ২০ বছরের ঊর্ধ্বে একজন দরিদ্র মা প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকালে যে কোন একবার ভাতা পেয়ে থাকেন। গর্ভধারণকাল থেকে শুরু করে পরবর্তী ৩৫০ টাকা হারে ২৪ মাস পর্যন্ত ভাতা সহায়তা পেয়ে থাকেন। এ ভাতা মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টির ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করে। যার মাধ্যমে দেশের মাতৃ ও শিশুমৃত্যু হার হ্রাসকল্পে সহায়ক হিসেবে কাজ করছে। দেশের প্রতি ইউনিয়নে গড়ে ২১ জন করে দরিদ্র মা এই ভাতা পান। ২০০৭ থেকে শুরু করে চলতি বছর পর্যন্ত ৪ লাখ ৬৬ হাজার ২শ’ দরিদ্র মা ভাতা পেয়েছেন। এ জন্য মোট ২শ’ কোটি ৪০ লাখ টাকা বাজেটে বরাদ্দ করতে হয়েছে। মাতৃত্বকালীন ভাতার সুফল অনেক। গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত হচ্ছে; মা ও শিশুমৃত্যু হ্রাস পাচ্ছে; সমাজে গরীব মায়ের মর্যাদা বাড়ছে; শ্বশুর, শাশুড়ী, স্বামীর কাছে গর্ভবতী মায়ের আদর-যত্ন ও মর্যাদা বৃদ্ধি পাচ্ছে; পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার বৃদ্ধি পাচ্ছে; যৌতুক, তালাক, প্রতিবন্ধী ও বাল্যবিবাহের হার কমছে; জন্ম ও বিবাহ নিবন্ধন নিশ্চিত হচ্ছে; মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত হচ্ছে। একথা নিঃসন্দেহে বলা যায়, মাতৃ ও শিশুমৃত্যু হার হ্রাসকল্পে ২০১১ সালে বাংলাদেশের এমডিজি এওয়ার্ড অর্জনের পেছনে মাতৃত্বকালীন ভাতা অন্যতম ভূমিকা পালন করেছে। এই মাতৃত্বকালীন ভাতার উদ্যোগটি দেশে প্রথমবারের মতো ২০০৫ সালের বিশ্ব মা দিবস পালন উপলক্ষে উঠে আসে। দরিদ্র মাদের নিয়ে, মা দিবস উদযাপনের লক্ষ্য নিয়ে ডর্প স্বাস্থ্যগ্রাম প্রকল্প এলাকা বাঁশখালী, ভুয়াপুর, রামগতি, নড়াইল, সাদুল্লাপুর, শ্রীমঙ্গল এলাকায় গর্ভবতী ১শ’ জন দরিদ্র মাকে চিহ্নিত করে মাতৃত্বকালীন ভাতা প্রদানের ঘোষণা দেয় সেদিন। প্রস্তাবনায় সীমাবদ্ধ না রেখে মাতৃত্বকালীন ভাতার পূর্ণাঙ্গ রূপ দেবার লক্ষ্যে ডর্প পাইলট আকারে মাসে প্রথমে ১শ’ এবং পরবর্তীতে ২শ’ টাকা করে ভাতা প্রদান শুরু করে। যার সক্রিয় অন্যতম অংশীদার সুশীল সমাজের প্রতিনিধি এম. হাফিজউদ্দিন খান। পাশাপাশি এই মাতৃত্বকালীন ভাতার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, ড. আতিউর রহমান, তালেয়া রহমানসহ অনেকেই লবিং ও এডভোকেসি করেন। একই সঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে অতি দরিদ্র মায়ের মধ্যে ‘মাতৃত্বকালীন ভাতা’ প্রদানের জন্য জাতীয় রাজস্ব বাজেটে বরাদ্দের জন্য ডর্প সরকারের কাছে দাবি জানায়। ডর্প-এর আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ২০০৭-০৮ অর্থবছরের বাজেটে সরকার সামাজিক নিরাপত্তা খাতে গরীব মাদের মাতৃত্বকালীন ভাতার জন্য বরাদ্দ রাখে। শুরু হয়ে যায় সারা দেশে মাতৃত্বকালীন ভাতা প্রদান কার্যক্রম। যা তথা এনজিও সেক্টরের জন্য অনন্য এক সাফল্য।
মাতৃত্বকালীন ভাতার উদ্যোগটি রাষ্ট্রিয়ভাবে বাস্তবায়নের পর আমরা এখন স্বপ্ন দেখি দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশের। আর দারিদ্র্য বিমোচনের শুরুটি হতে পারে সরকারের মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত মাদের নিয়েই। ‘স্বপ্ন প্যাকেজ’ কার্যক্রম বাস্তবায়নের মধ্যদিয়ে দরিদ্র মাদের স্বপ্ন পূরণ করা সম্ভব। স্বপ্ন প্যাকেজ হল দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে মা-বাবা-শিশু কেন্দ্রিক ২০ বছর এক প্রজন্ম মেয়াদী একটি পরিকল্পিত কার্যক্রম। মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত একজন মা ও তার পরিবারকে সম্পূর্ণরূপে দারিদ্র্যমুক্ত, সুপরিকল্পিত, স্বাবলম্বী পরিবার হিসেবে প্রতিষ্ঠা করাই স্বপ্ন প্যাকেজের মূল উদ্দেশ্য। স্বপ্ন প্যাকেজের পাঁচটি ভিত্তি রয়েছে। ১. স্বাস্থ্য-পুষ্টি ও জন্ম নিয়ন্ত্রণ কার্ড, ২. শিক্ষা ও বিনোদন কার্ড, ৩. ত্রিশ হাজার টাকা মূল্যে ল্যাট্রিনসহ একটি গৃহ, ৪. কর্মসংস্থানের জন্য ৩০ হাজার টাকার জীবিকায়ন সরঞ্জাম, ৫. সঞ্চয় ও প্রয়োজনে উন্নয়ন ক্ষুদ্রঋণ।
দেশের প্রতি ইউনিয়নে ২১ জনের স্থলে অন্তত ৫০ জন মাকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা আবশ্যক। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক দাখিলকৃত অর্থ-মন্ত্রণালয়ে ১০ কোটি টাকা, এক হাজার মা’র জন্য অনুমোদনের অপেক্ষমান ‘স্বপ্ন প্যাকেজ’ পাইলট প্রকল্পটি দেশের ১০টি উপজেলায় বাস্তবায়ন করার অর্থ ছাড় করারও দাবি জানচ্ছি। কম-বেশি ১ কোটি মা’কে এই প্যাকেজ প্রদান করার পরিকল্পনা নিলে নতুন বাবা-নতুন মা-নতুন শিশুসহ দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। মা’কে কেন্দ্র করে এ ধরনের মাটি-মানুষ-মালিকানার স্বদেশী উদ্যোগ বাস্তবায়ন করা হলেই কেবল আনুষ্ঠানিক ‘দিবস’ উদযাপন হিসাবে মা দিবস পালন না হয়ে প্রতিদিন প্রতি মা’র জন্যই এদিনটি মায়ের দিবস হবে। তাহলেই সাম্যতা, ন্যায্যতা ও বৈষম্যহীন বাংলাদেশের ভিত রচনা হবে।
লেখক : উন্নয়ন কর্মী
ই-মেইল ঃ [email protected]
