আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে বিএনপিসহ বিরোধী দলের চলমান আন্দোলন, প্রধান বিরোধী দলের শীর্ষ নেতাদের গ্রেফতার ও জামিন না দিয়ে কারাগারে প্রেরণ, জামায়াত-শিবিরকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ে এ দলের শীর্ষ নেতাদের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসি, জেল ইত্যাদির বিপরীতে জামায়াত-শিবিরের পাল্টা ধ্বংসাত্মক কর্মসূচি, ইসলাম ধর্মের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হেফাজতে ইসলামের উত্থান, সহিংসতা, হত্যাকাণ্ড এবং শাহবাগ চত্বরের জামায়াত-শিবির বিরোধী কর্মসূচি সবমিলিয়ে এক অস্থির ও দুঃসময়ের মধ্যদিয়ে আমরা চলছি।
এই দ্বন্দ্ব-সংঘাত-সহিংসতা, হত্যাকাণ্ড আর জ্বালাও পোড়াও-এর রাজনীতিতে হঠাত্ সংলাপের সুবাতাস বইতে শুরু করে আবার থমকে গেল। অনেক দিন থেকে দেশে কোনো ভালো খবর নেই। বিদেশের দু’একটি পত্র-পত্রিকা যদিও আশার বাণী শোনাচ্ছে যে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেশে থেকেও তা দেখতে পাচ্ছি না। শাসকদলের ক্ষমতায় স্থায়ী হওয়ার অবিরাম চেষ্টা আর বিরোধী দলের ক্ষমতা ফিরে পাওয়ার জন্য আন্দোলন; আমাদের প্রিয় মাতৃভূমিকে কোথায় নিয়ে যাচ্ছে, আমরা তা জানি না। এই অজানা গন্তব্যের মধ্যে হঠাত্ আলোর ঝলকানি আমাদেরকে আশাবাদী করে আবারও হতাশায় নিমজ্জিত করেছে। সাভার রানা প্লাজা হত্যাকাণ্ডের ঘটনাচক্রে জাতীয় দুই নেত্রীর বক্তব্য, শ্রদ্ধাবোধ আমাদেরকে কিছুটা হলেও আশাবাদী করে তুলেছিলো। বিগত শতকের নব্বই দশক থেকে আমরা লক্ষ্য করছি যে, বাংলাদেশে মূলত আওয়ামী লীগ ও বিএনপির দুই নেত্রীই জাতির প্রতিনিধিত্ব করছে। সুতরাং তাদের মুখ থেকে যখন মন ভালো হয়ে যাওয়া কথা বেরোয়, তখন আমরা আশাবাদী হয়ে উঠি। সাভার ট্র্যাজেডির প্রেক্ষাপটে ১৮ দলীয় জোট ২ মে দেশব্যাপী হরতাল আহ্বান করেছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার স্বার্থে এই হরতাল প্রত্যাহারের আহ্বান জানালে বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দেন। বাংলাদেশের রাজনীতিতে এটি একটি বিরল ঘটনা। বিরোধী দলীয় নেত্রী এক বিবৃতির মাধ্যমে হরতাল স্থগিত করে একই সঙ্গে তিনি নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকার গঠনের বিরোধী দলের যে দাবি, তা মেনে নেয়ার আহবান জানান। আমরা প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে সাড়া দিতে দেখলাম। তিনি বলেছেন, ‘‘আসুন, যেখানে খুশি বসি। আমি মনে করি, সংসদ সবচেয়ে ভালো জায়গা, নিরপেক্ষ জায়গা। আসুন বসি। আপনাদের দাবি-দাওয়া শুনি।’’
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর বক্তব্য এবং তাদের ভাষায় আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ লক্ষ্য করি। মনে হয়েছে, তারা বুঝি পেছন থেকে ফিরে এসেছে, যা সুস্থধারার রাজনীতির জন্য খুব প্রয়োজন। রাজনীতিতে কর্মসূচিগত পার্থক্য, দ্বন্দ্ব থাকবে, ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা থাকবে, এমনকি সেই প্রতিযোগিতায় পরস্পরকে আক্রমণ করার তির্যক ভাষাও থাকবে। কিন্তু সবকিছুতেই থাকতে হবে উন্নত সংস্কৃতির ছাপ। রাজনীতি বিজ্ঞানের ভাষায় এটাকে ‘উত্তর আধুনিক গণতন্ত্র’ বলে। কিন্তু, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার এই পরিবেশ অক্ষুণ্ন রাখতে আমরা বারবার ব্যর্থ হয়েছি। আমরা প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীকে একই অনুষ্ঠানে কুশল বিনিময় এবং কথা বলা থেকে বিরত থাকতে দেখি। আমরা সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে দুই নেত্রী পাশাপাশি বসলেও পাশ কাটানোর প্রতিযোগিতা প্রতিবছরই লক্ষ্য করি। অবশ্য এ বছর সংবাদপত্রে আমরা বাংলা নববর্ষ উপলক্ষে দুই নেত্রীর শুভেচ্ছা কার্ড বিনিময় করার খবর পড়েছি। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর মধ্যে এই সাধারণ সৌজন্যমূলক আচরণ দেখে আমরা আশান্বিত হয়েছি। মনে হয়েছে, অন্ধকার কেটে যাবে। রাজনীতির আকাশে সূর্যালোক প্রখর হয়ে দেখা দেবে। কিন্তু এই আশার বিপরীতে আবারও শনি ভর করেছে। সংলাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকারি দলের পক্ষ থেকে নিঃশর্ত আলোচনায় বসার আহবান সংলাপে পেরেক ঠুকে দিয়েছে। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মতিঝিলের মহাসমাবেশ থেকে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি ৪৮ ঘণ্টার মধ্যে পূরণের আলটিমেটাম দিয়ে প্রধানমন্ত্রীকে চা খাওয়ার আহবান জানিয়েছেন। প্রতিউত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলীয় নেত্রীর দাবি নাকচ করে দিয়ে বিনাশর্তে আলোচনায় বসার আহবান জানান। এ ধরনের পাল্টাপাল্টি বক্তব্যে দেশে সংলাপের আবহ অনিশ্চিত করে তুলেছে। এ কথা কেউ অস্বীকার করবে না যে, নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার প্রবর্তনই সকল সমস্যার সমাধান। সরকার হয়তো জনগণকে ভয় পেয়ে ক্ষমতায় ফিরে আসতে না পারার আশঙ্কায় কিছুতেই নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে সরকার গঠনের প্রবল বিরোধিতায় নেমেছে। পক্ষান্তরে, বিরোধী দল ভোট চুরি রোধ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নিশ্চিত করার জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিরোধিতা করে আসছে। দুই পক্ষের এই যুক্তিতর্ক ও আন্দোলন-প্রতিআন্দোলনের ফলে দেশের ক্রান্তিকালে সাভারের হত্যাকাণ্ড ঘটনার পরবর্তীতে দুই প্রধান রাজনৈতিক দলের কাছাকাছি আসতে দেখে জনসাধারণ যারপরনাই খুশি হয়েছে। পারস্পরিক দোষারোপের মধ্যে সীমাবদ্ধ থাকার রাজনীতি জনসাধারণের জন্য মঙ্গল বয়ে আনে না।
সংলাপ নিয়ে শেখ হাসিনা ও খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যকে আমরা এক ধাপ অগ্রগতি বলতে চাই। এখন শর্তহীন আর শর্তযুক্তের যে বিষয় নিয়ে সংলাপ থমকে গেছে তার জট খুলতে হবে। দেশের পরিস্থিতি অনুধাবন করে সরকারকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ‘ছাড়’ দেয়ার মানসিকতা নিয়ে সংলাপে বসার যে অনুরোধ, দাবি উঠেছে, তা সরকারকেই বেশি উদ্যোগী ভূমিকা রাখতে হবে। থমকে যাওয়া সংলাপ ফের সজীব হবে। দুই শীর্ষ দলের রাজনীতিবিদকে আমরা সংলাপে বসার পরিবেশ যেন ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রেখে আচার-আচরণ এবং কথাবার্তা বলার অনুরোধ জানাই। সংলাপ নিয়ে যে সম্ভাবনা দেখা দিয়েছে তা কাজে লাগাতে হবে।
সংলাপের আহবান জানিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিরোধী দলকে সংসদে গিয়ে তাদের দাবি-দাওয়া তুলে ধরতে বলেছেন। পাশাপাশি এটাও বলেছেন যে, সংসদের বাইরে অন্য কোনো স্থানেও তিনি সংলাপে বসতে রাজি। এ ক্ষেত্রে তিনি সংসদকে অগ্রাধিকার দিয়েছেন মাত্র। প্রধানমন্ত্রীর এ আহবান আগের তুলনায় আন্তরিক বলে মনে হয়েছে। যদিও বিরোধী দলের পক্ষ থেকে ভিন্নমত পোষণ করে বলা হয়েছে, এটা সরকারি দলের একটা ছল-চাতুরি ছাড়া আর কিছু নয়। মূল দাবি নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সরকারের অধীনে নির্বাচন এই বিষয় ছাড়া সংলাপের কোনো অর্থবহন করে না, করবেও না। অপরদিকে প্রধানমন্ত্রী উন্মুক্ত এজেন্ডা নিয়ে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে সংলাপের দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন। এখানে কারো কারো অভিমত, প্রধানমন্ত্রী তাঁর আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন, বাস্তবে তা হয়তো সঠিকও হতে পারে। কারণ প্রধানমন্ত্রী আগে বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কোনো আলোচনা হবে না। এই অবস্থা থেকে তিনি সরে এসেছেন। আমরা বিরোধী দলীয় নেত্রীকে আন্দোলনের পাশাপাশি সংলাপে সম্ভাবনার বিষয়টি চিন্তাভাবনা করতে অনুরোধ করি। সেন্টার ফর পলিসি ডায়ালগ এবং অন্যান্য বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান থেকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের রূপরেখা তুলে ধরা হয়েছে। আমরা বিরোধী দলকেও অনুরূপ রূপরেখা প্রণয়নের জন্য বলতে পারি। বিরোধী দল যদি নির্দলীয়-নিরপেক্ষ সরকারের এমন এক রূপরেখা প্রণয়ন করেন, যা বাস্তবসম্মত তা আওয়ামী লীগ গ্রহণ না করলেও দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে, বিরোধী দলের পক্ষে জনমত তৈরি হবে। সরকার চাপ অনুভব করবে। সরকারের পাশাপাশি কেউ কেউ আলোচনার ভেন্যু হিসেবে সংসদকে উপযুক্ত মনে করলেও আমরা মনে করি যে কোনো এক জায়গায় বসলেই হলো। বরং তা সংসদের অন্য কোথাও বসলে তা স্বস্তিদায়ক হতে পারে।
অতীতে আমরা লক্ষ্য করেছি যে, এ ধরনের আলোচনায় বিরোধী দল সংসদে না গিয়ে অন্য কোনো স্থানকে বেছে নিয়েছে। সরকারি দলের সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকে। এ জন্য বিরোধী দল কোনো প্রস্তাব উঠালে সরকারি দল চাইলে তা ভোটাভুটিতে দিয়ে আস্তাকুঁড়ে ফেলে দিতে পারে। বর্তমান সরকারি দল যে এ অবস্থা করবে না, তার নিশ্চয়তা কে দেবে? বরং সরকারি দল যদি এ ব্যাপারে বিল উত্থাপন করে সেখানে বিরোধী দল যোগ দিতে পারে। সংলাপটি যেখানেই হোক, তা হওয়া জরুরি। শুধু সংলাপে বসা জরুরি নয়, সংলাপ অর্থবহ হওয়া আরো জরুরি। আমরা আশাবাদী হয়ে উঠতে চাই। ‘আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান’ এই তত্ত্ব বাংলাদেশের রাজনীতিতে যুত্সই নয়। বিএনপি’র সাবেক মহাসচিব প্রয়াত আবদুল মান্নান ভুঁইয়া এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিলের রুদ্ধদ্বার বৈঠক এখনো বিস্মৃত হয়নি। অভিজ্ঞতা বলে, সংলাপের মাধ্যমে সংকট উত্তরণের নজির খুব একটা নেই। অনেক ঢাকঢোল পিটিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিএনপির মহাসচিব পর্যায়ে যে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল , এবারের সংকট অনেকটা সে রকমই। আমরা ব্যর্থ সংলাপ দেখতে চাই না। আবার এ জন্য সময়ও বেশি বাকি নেই। বর্তমান জাতীয় সংসদের মেয়াদ শেষ হতে ছয়মাসও নেই। আমরা বিশ্বাস করি, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে এই সংকট সৃষ্টি না হলে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ময়দানে তৈরিতে ব্যস্ত থাকতো। সরকারি দল তাদের সাফল্যের স্তুতি গাইতো, পক্ষান্তরে বিরোধী দল সরকারের ব্যর্থতা তুলে ধরে নিজেদের পক্ষে ভোট চাওয়ার প্রতিযোগিতায় নামতো। কিন্তু দুঃখজনক যে, সেই পরিবেশ পরিস্থিতি নেই। আমরা দেখতে চাই, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী দ্রুতই চলমান সংকট কাটানোর কার্যকর ব্যবস্থা নেবেন। যেখানে সবাই এগুচ্ছে, সেখানে আমরা পিছিয়ে যেতে পারি না। দেশ যেন ১/১১ এর চেয়েও ভয়ঙ্কর পরিণতির দিকে না যায় সে দিকেও রাজনৈতিক দলগুলোর সজাগ থাকা দরকার। সরকার ও বিরোধী দলের দুই পক্ষ থেকেই সংলাপ আয়োজন প্রচেষ্টা কেবলই রাজনৈতিক স্টান্ট যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা জরুরি। এ ক্ষেত্রে সরকারের ভূমিকাই প্রধান।
লেখক :অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
e-mail: [email protected]
